২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার জয়ের রোমাঞ্চে ডুবে আছেন মাশরাফি-সাকিবরাও

বাংলাদেশের ক্রিকেটাররা দারুণভাবে উপভোগ করেছেন বিশ্বকাপ ফুটবলের ফাইনাল, উচ্ছ্বাসে ভাসছেন আর্জেন্টিনা সমর্থকেরা।

আর্জেন্টিনার জয়ের রোমাঞ্চে ডুবে আছেন মাশরাফি-সাকিবরাও

বাংলাদেশ ক্রিকেটের দুই জনপ্রিয় তারকা মাশরাফি ও সাকিব অনেক আগে থেকেই আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2022, 06:15 PM

Updated : 19 Dec 2022, 06:45 PM

মাথায় কাপড় বেঁধে দুই হাতে সমানে ড্রাম পিটিয়ে যাচ্ছেন একজন। তাকে ঘিরে একদল মানুষ চিৎকার করে যাচ্ছেন, ‘মেসি, মেসি…।’ এই ভিডিও রোববার রাতে মাশরাফি বিন মুর্তজা পোস্ট করেছেন তার অফিসিয়াল ফেইসবুক পাতায়। ঢোলের ছন্দে উচ্ছ্বাসে মেতে ওঠা লোকটি আর কেউ নন, স্বয়ং তিনিই। তবে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কিংবা সংসদ সদস্য নয়, এখানে তার পরিচয় শুধুই আর্জেন্টিনা সমর্থক। সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৭ ঘণ্টায় এই ভিডিও দেখা হয়েছে ২৮ লাখ বারের বেশি! 

এ দিন রাতের আরেকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ঢাকার কোনো এক রাস্তায় আর্জেন্টিনা সমর্থকদের উদযাপনের মিছিলে এসে থামল একটি কালো জিপ। চালকের আসনে আর্জেন্টিনার জার্সি পরা একজন। ক্যামেরা জুম করতেই দেখা গেল তিনি সাকিব আল হাসান।

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকাকে দেখে মানুষের গলার আওয়াজ বেড়ে গেল আরও। মুখে চওড়া হাসি নিয়ে সাকিবও জার্সি উঁচিয়ে যেন বোঝাতে চাইলেন, আনন্দের এই জোয়ারে ভাসছেন তিনিও।  

মাশরাফি-সাকিবদের আর্জেন্টিনা প্রীতি এবং লিওনেল মেসির প্রতি তাদের প্রবল অনুরাগ বাংলাদেশ ক্রিকেটে অনেকেরই জানা। ৩৬ বছরের খরা ঘুচিয়ে বিশ্বকাপ জয়ের পর বাংলাদেশে আর্জেন্টিনা সমর্থকদের যে আনন্দের সুনামি চলছে রোববার রাত থেকে, তাতে স্বাভাবিকভাবেই সামিল তারা।

Image

আর্জেন্টনা চ্যাম্পিয়ন হওয়ার পর রাস্তায় ড্রাম বাজিয়ে উদযাপন করেন মাশরাফি। 

বরাবরই পাগলাটে ও খ্যাপাটে চরিত্র মাশরাফি ফাইনাল দেখেছেন তার পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের বিশাল বহর নিয়ে। ড্রাম বাজানোর সময়ও পাশে ছিল তার মেয়ে। আর্জেন্টিনার বিশ্বজয়ের আনন্দের পাশাপাশি ওই ভিডিওর ক্যাপশনে মাশরাফি লিখেছেন, একদিন নিজ দেশের সাফল্যে এভাবে উদ্দাম হতে চান তিনি।

“বোঝার পরে আমার ২৮ বছরের অপেক্ষা। শেষমেশ উদযাপনটা বাচ্চাদের সাথেই করতে পারলাম। অভিনন্দন আর্জেন্টিনা। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, ইনশাল্লাহ কোনো একদিন বাংলাদেশের জন্য এমন উদযাপন করতে চাই।”

নিজের ব্যক্তিগত ফেইসবুক পাতায় মাশরাফি তার আবেগ-অনুভূতির কথা লিখেছেন আরও বিশদভাবে। বহু কাঙ্ক্ষিত সাফল্যের পর তার মনে পড়ছে সমর্থক হিসেবে দুঃসহ হতাশার দীর্ঘ সময়টার কথা।

“এমন একটা দলকে সমর্থন করি, যে দলটাকে নিয়ে শুধু মজা করতে দেখেছি আর হাসির পাত্র হয়েছি। কিন্তু কখনও দলটার প্রতি ভালোবাসা বিন্দুমাত্র কমেনি, বরং বেড়েছে। মাঝে মাঝে মনে হয়েছে বিশ্বকাপ জেতা দেখার প্রয়োজন নাই, এভাবেই তোদের ভালোবেসে যাব, দেখি তোরা কত হারতে পারিস!”

Image

আর্জেন্টিনার জয় উদযাপনে রাতেই গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন সাকিব আল হাসান। ছবি: ভিডিও থেকে।

আর্জেন্টিনার হারের হতাশায় কিশোর বয়সের পাগলামোর অজানা এক গল্পও শুনিয়েছেন বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক।

“আমার হাতের কয়েক জায়গায় কাটা দাগ আছে। ১৯৯৮ সালে বিশ্বকাপে বাদ পড়ার পর হঠাৎ না বুঝে ব্লেড দিয়ে কয়েক জায়গায় কেটে ফেলি। লজ্জায় কখনও বলিনি, বয়সও কম ছিল।হয়তো আবেগে করে ফেলেছিলাম।পরে ভাবতাম, এটা ঠিক করিনি। আসলেই এখন ওটা ভাবলেও নিজের কাছে খারাপ লাগে।”

“তবে ওই যে ভালোবাসা, সেটা কখনও কমেনি। শুধু আশা করতাম, মেসি কী একবারও পারবে না! সে পেরেছে এবং সব কিছু নিজের করে নিয়েছে। এত ভালো কোনো বিশ্বকাপে সে হয়তো খেলেনি।”

মাশরাফি-সাকিবের মতোই আর্জেন্টিনার সমর্থক তাইজুল ইসলাম। চট্টগ্রাম টেস্ট শেষ হওয়ার পর ঢাকায় ফিরে এই বাঁহাতি স্পিনার খেলা দেখেছেন তার নাটোরের বন্ধুবান্ধব, ছোট-বড় ভাইদের সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানালেন, খেলার বিভিন্ন নাটকীয় মোড়ে নানা অনুভূতির দোলাচল ছিল তার ভেতরও।

“খেলা দেখব কী, টেনশনে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তবে ম্যাচটা ভালো হয়েছে। টাইব্রেকারের আগে তো বুঝে উঠতে পারছিলাম না, কী হতে যাচ্ছে। তবে একটা বিশ্বাস ছিল, টাইব্রেকারে আর্জেন্টিনা পারবে। বরং মূল সময়ে ফ্রান্স প্রথম গোল শোধ করার সময় বেশি ভয় লাগছিল যে, আরেকটা দিয়ে দেয় কি না। সত্যিই দিয়ে দিল।”

“পরে তো অতিরিক্ত সময়েও একই অবস্থা। তবে সব মিলিয়ে মজা হয়েছে। ফাইনাল খেলা এরকমই হওয়া উচিত। আমার জীবনে এরকম ফুটবল ম্যাচ দেখিনি। ২০১৪ বিশ্বকাপের আর্জেন্টিনার হার দেখেছিলাম, তখণ বিসিবির একাডেমি ভবনে ছিলাম। একটা ক্যাম্প ছিল। খুব মন খারাপ হয়েছিল সেই রাতে। এবার সব পুষিয়ে গেছে।”

আর্জেন্টিনার পাঁড় ভক্ত নুরুল হাসান সোহানও। চট্টগ্রাম টেস্ট শেষে ঢাকায় ফিরে খেলা দেখেন তিনি। বিশ্বকাপ জিতে সমর্থক হিসেবে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত এই কিপার-ব্যাটসম্যান। তবে হারলেও খুব বেশি মন খারাপ হতো না বলেই দাবি তার কারণ, নিজেদেরও যে এমন অভিজ্ঞতা কম নেই!

“সেরা ফাইনাল হয়েছে, খুব মজা পেয়েছি খেলা দেখে। আর্জেন্টিনা জেতায় অবশ্যই খুব ভালো লাগছে। তবে ওইরকম কোনো ব্যাপার ছিল না যে, জিততেই হবে যে কোনো মূল্যে। ফ্রান্সও খুব ভালো খেলেছে। চেয়েছিলাম, ফাইনাল খুব ভালো হোক আর আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হোক।”

“আমরা যতগুলো ক্লোজ ম্যাচ হেরেছি, এরপর আর এরকম কোনো অনুভূতি কাজ করে না আসলে। তাই হারলেও তেমন কোনো ব্যাপার হতো না আমার কাছে।”

মেহেদী হাসান মিরাজ এমনিতে ব্রাজিল সমর্থক। তবে তার প্রিয় ফুটবলার লিওনেল মেসি। সম্প্রতি ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ের নায়কের দাবি, ব্রাজিলের বিদায়ের পর থেকে তিনি মেসির হাতেই ট্রফি দেখতে চাচ্ছিলেন।

“আমি ব্রাজিল সমর্থক হলেও মেসি আমার খুবই প্রিয়। ব্রাজিল চলে যাওয়ার পর সবাইকে বলেছি, মেসির হাতে ট্রফি দেখতে চাই। তবে মজা লেগেছে যে অসাধারণ একটা ম্যাচ হয়েছে। ফাইনাল হয়েছে ফাইনালের মতো। ফুটবল আমি খুব বেশি দেখি না। তবে যতটা দেখেছি, এটিই আমার জীবনের সেরা ম্যাচ মনে হয়।”

“ম্যাচ শেষ হওয়ার মাত্র ৩০ সেকেন্ড আগে আর্জেন্টিনাকে বাঁচিয়ে দিয়েছে গোলকিপার। ওটার পরই শেষ খেলা। টাইব্রেকারে তো ওদের গোলকিপার সবসময়ই ভালো। সব মিলিয়ে ভালো লাগছে যে মেসির হাতে ট্রফি উঠেছে।”

মিরাজের মতোই অনুভূতি তাসকিন আহমেদের। তিনিও ব্রাজিল সমর্থক, তবে ফাইনালে এই ফাস্ট বোলারের চাওয়া ছিল মেসিদের জয়।

চট্টগ্রাম টেস্ট শেষে ক্রিকেটারদের কয়েকজন ঢাকায় ফিরে আসেন। চট্টগ্রামে যারা ছিলেন, টিম হোটেলে মোটামুটি একসঙ্গেই খেলা দেখেন তারা। তবে তাসকিন ছিলেন নিজের রুমেই। ফাইনাল দেখেন তিনি নিজের মতো করেই।

“অন্যরা একসঙ্গে খেলেছে খেলা। আমার ট্রেনিং ছিল, কাজটাজ করে ক্লান্ত ছিলাম বলে নিজের ঘরে বসেই দেখেছি। আমি ব্রাজিল সমর্থক হলেও আমি চাচ্ছিলাম আর্জেন্টিনা জিতুক। মন থেকেই বলছি। আর্জেন্টিনার জন্য নয়, মেসির জন্য।”

“এমবাপে একটি বিশ্বকাপ জিতেছে, আরও অন্তত দুটি খেলবে। নেইমারও একটি খেলবে হয়তো। তাদের সামনে সুযোগ থাকবে। কিন্তু মেসির মতো এত বড় ফুটবলার একটা বিশ্বকাপ ছাড়া কেমন বেমানান লাগত।”

ব্রাজিল সমর্থক হওয়ায় সকালে নাশতার টেবিলে আর্জেন্টিনা সমর্থকদের কাছ থেকে কিছু ঠাট্টা শুনতে হয়েছে তাকে। তবে ফাইনাল খেলা এতটা জমজমাট হয়েছে, সেই রোমাঞ্চ স্পর্শ করেছে তাসকিনকেও।

“সকালে ওরা মজা-টজা করেছে কিছু। ‘চ্যাম্পিয়ন হয়ে গেছি, দেখিয়ে দিলিাম…” এরকম নানা কিছু। আমি আর কী বলব, দল তো বাদ পড়ে গেছে আগেই। তবে ম্যাচ দেখে মজা পেয়েছি। আমি বুঝতে শেখার পর থেকে যতগুলি ফাইনাল দেখলাম যে কোনো টুর্নামেন্টে, এরকম কিছু দেখিনি আগে। এবারেরটি অন্যরকম, অসাধারণ। দুই দলই দারুণ খেলেছে।”