২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে বাংলাদেশের প্রথম টেস্ট চেন্নাইয়ে, দ্বিতীয়টি কানপুরে

সেপ্টেম্বর-অক্টোবরে প্রতিবেশী দেশটিতে তিনটি টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ।

ভারতে বাংলাদেশের প্রথম টেস্ট চেন্নাইয়ে, দ্বিতীয়টি কানপুরে
আশা জাগিয়েও শেষ পর্যন্ত পারল না বাংলাদেশ। ছবি: ওয়ালটন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2024, 06:23 PM

Updated : 26 Aug 2026, 09:49 AM

লম্বা সময় পর ভারতের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট হবে চেন্নাইয়ে। আর দ্বিতীয়টি কানপুরে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দল দুটি।

২০২৪-২৫ মৌসুমে ঘরের মাঠে অনুষ্ঠেয় আন্তর্জাতিক সিরিজের সূচি বৃহস্পতিবার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। বাংলাদেশ সিরিজ দিয়ে মৌসুম শুরু করার পর তারা নিজ আঙিনায় খেলবে নিউ জিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে।

আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট। এরপর ২৭ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে দ্বিতীয়টি। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজ।

ভারতের মাটিতে এখন পর্যন্ত স্রেফ তিনটি টেস্ট খেলেছে বাংলাদেশ। যার একটিতেও জিততে পারেনি তারা। সবশেষটি প্রায় পাঁচ বছর আগে, ২০১৯ সালের নভেম্বরে। সবকিছু ঠিক থাকলে, দীর্ঘ অপেক্ষার অবসান হবে এবার।

এই সফরে বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি খেলবে ধারামশালায়, আগামী ৬ অক্টোবর। দ্বিতীয়টি মাঠে গড়াবে ৯ অক্টোবর, দিল্লিতে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে হায়দরাবাদে, ১২ অক্টোবর।

টি-টোয়েন্টি সংস্করণেও ভারতের মাটিতে সবশেষ ২০১৯ সালের নভেম্বরে খেলেছিল বাংলাদেশ। এখন পর্যন্ত ভারতে চারটি টি-টোয়েন্টি খেলে একটিতে জয়ের স্বাদ পেয়েছে তারা।