‘টি-টোয়েন্টিতেও বড় সম্পদ হতে পারে জাকির’
সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএলে আগ্রাসী ব্যাটিংয়ের সামর্থ্য জানান দিয়ে রাখছেন সম্প্রতি টেস্টে আলো ছড়ানো জাকির হাসান।
এই তো, কদিন আগেই দেশের ক্রিকেটে জাকির হাসান তুমুল প্রশংসিত হলেন তার ধৈর্য, স্থিরতা ও বল ছাড়ার সক্ষমতার কারণে। সংস্করণ বদলে যেতেই বদলে গেলেন জাকিরও। বিপিএলের প্রথম দুই ম্যাচেই টি-টোয়েন্টির দাবি মিটিয়ে উত্তাল তার ব্যাট। তরুণ ব্যাটসম্যানের এমন রুদ্র রূপে মুগ্ধ সিলেট স্ট্রাইকার্সের বোলিং কোচ নাজমুল হোসেন। সম্প্রতি টেস্ট অভিষেকে সাড়া জাগানো জাকির টি-টোয়েন্টিতেও বড় ভরসা হতে পারে বলে মনে করেন বাংলাদেশের সাবেক এই পেসার।
ফরচুন বরিশালের বিপক্ষে শনিবার জাকির যখন উইকেটে যান, জয়ের জন্য সিলেটের প্রয়োজন তখনও ৫০ বলে ৯৩ রান। বাংলাদেশের বাস্তবতায় বেশ দুরূহ বটে। তবে জাকির ক্রিজে গেলেন, স্রেফ ১৮ বল খেললেন এবং লক্ষ্যটাকে নাগালে নিয়ে এলেন!
চতুরাঙ্গা ডি সিলভার বলে উড়িয়ে মারতে গিয়ে যখন জাকির বিদায় নিলেন, সিলেটের তখন লাগে আর কেবল ১৬ বলে ২১ রান।
মাঝের সময়টায় বরিশালের বোলারদের তুলাধুনা করে তিনি খেললেন ১৮ বলে ৪৩ রানের ইনিংস।
টি-টোয়েন্টি ক্রিকেটে এরকম ইনিংস হরহামেশাই দেখা যায়। তবে বাংলাদেশের ক্রিকেটে, বিশেষ করে দেশের কোনো উঠতি ব্যাটসম্যানের এমন ইনিংস বিরল। তার এমন তাণ্ডবের পর মুশফিকুর রহিম ও থিসারা পেরেরার ফিনিশিংয়ে এক ওভার হাতে রেখেই বরিশালের ১৯৪ রান টপকে যায় সিলেট।
দেশের ক্রিকেটে জাকিরের আবির্ভাব ছিল আগ্রাসী ব্যাটসম্যান হিসেবেই। ২০১৮ সালে আন্তর্জাতিক অভিষেকও হয় টি-টোয়েন্টি দিয়ে। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচ খেলেই থমকে যায় ক্যারিয়ার।
এরপর নিজেকে অনেকটাই বদলে ফেলেন জাকির। এখন ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ পরিসরে রানের ফোয়ারা ছোটে তার ব্যাট থেকে। সেই পথ ধরে ভারতের বিপক্ষে অভিষেকে সোয়া পাঁচ ঘণ্টা ব্যাট করে রেকর্ড গড়া সেঞ্চুরিতে টেস্ট ক্রিকেটে নিজের আগমণী বার্তা দেন তিনি। পরের ম্যাচে মিরপুরেও ফিফটি করেন তিন ঘণ্টার বেশি উইকেটে কাটিয়ে।
তবে আগ্রাসী ব্যাটিং যে তার ডিএনএ থেকে হারিয়ে যায়নি, সেটিও দেখাচ্ছেন বিপিএলের এবারের আসরে। উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে কঠিন উইকেটে ২ চার ও ১ ছয়ে করেন ২১ বলে ২৭ রান। পরের ম্যাচে তো ছাড়িয়েই গেলেন নিজেকে। জাকিরের ৪ চার ও ৩ ছয়ে সাজানো ইনিংসেই সুগম হয় সিলেটের জয়ের পথ।
মিরপুরে রোববার সিলেটের ঐচ্ছিক অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বোলিং কোচ নাজমুল বললেন, টেস্ট দিয়ে জাতীয় দলে ফিরলেও জাকিরের সম্ভাবনা উজ্জ্বল কুড়ি ওভারের ক্রিকেটেও।
"অবশ্যই (জাকির (টি-টোয়েন্টিতে বড় সম্পদ হবে)…। আমার খেলোয়াড়ি জীবন লম্বা, অনেকদিন ঘরোয়া ক্রিকেট খেলেছি, রান তাড়ার ম্যাচে জাকিরের মতো এমন ইনিংস খুবই কম দেখেছি। ওর ইনিংসটাই আমাদের খেলার মোমেন্টাম বদলে দিয়েছে। এটি ধরে রাখতে পারলে টি-টোয়েন্টিতেও বাংলাদেশের জন্য বড় সম্পদ হতে পারে জাকির।"
তারা দুজনই সিলেটের, জাকিরকে তাই অনেকদিন ধরেই কাছ থেকে দেখছেন নাজমুল। তার ব্যাটিংয়ের সবকিছু খুব ভালো করে জানেন তিনি। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দুর্দান্ত পারফরম্যান্স জাকিরকে আরও উজ্জীবিত করে তুলেছে বলে মনে করেন বাংলাদেশের হয়ে ৩৮ ওয়ানডে খেলা পেসার নাজমুল।
"জাকির অসাধারণ ব্যাটিং করছে। আমি ওকে গত ২-৩ বছর ধরেই দেখছি সিলেট বিভাগের হয়ে। ও নিজের ব্যাটিং নিয়ে সবসময়ই চিন্তা করে। আমি আলাদা করে ওর সঙ্গে কথা বলে পরিকল্পনা জিজ্ঞেস করেছি। ও বলেছে, ক্রিকেটার হিসেবে তিন সংস্করণেই খেলে যেতে চায়। সেভাবেই নিজেকে তৈরি করছে ও।"
"ভারতের বিপক্ষে সিরিজটা ওর জন্য গুরুত্বপূর্ণ ছিল। সেখানে ভালো করায় ওর মধ্যে এখন অনেক আত্মবিশ্বাস কাজ করছে। আমি মনে করি, এই আত্মবিশ্বাসের কারণেই ভালো খেলাটা সহজ হচ্ছে।"
