২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এজবাস্টনের রুদ্ধশ্বাস জয় কামিন্সের ক্যারিয়ারের ‘সেরা’

চার বছর আগে এরকমই একটি টেস্টেই হেরে যাওয়ার পর এবার পরাজয়ের দুয়ার থেকে জিততে পেরে উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ান অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2023, 09:50 AM

Updated : 21 Jun 2023, 09:50 AM

এমন নয় যে মাঠে আবেগের প্রকাশ দেখান না প্যাট কামিন্স। উইকেট শিকারের পর তার আগ্রাসী উদযাপন দেখা যায় অনেক সময়ই। তবে ব্যাট হাতে দলকে জিতিয়ে উদযাপনে তিনি ছাড়িয়ে গেলেন নিজেকে। জয়সূচক বাউন্ডারির পরই তার গর্জন, বাঁধানহারা দৌড়ে ছুটে চলা, লাফিয়ে ওঠা, ব্যাট ছুড়ে ফেলা, ম্যাচ জেতানো জুটির সঙ্গী ন্যাথান লায়নকে কোলে তুলে নেওয়া, সব মিলিয়ে এমন খ্যাপাটে কামিন্সকে দেখা যায়নি আগে। উদযাপন যা বুঝিয়ে দিল, তা পরে ফুটে উঠল অস্ট্রেলিয়ান অধিনায়কের কণ্ঠেও, তার ক্যারিয়ারের স্মরণীয়তম জয় এটি।

২০১১ সালে স্মরণীয় এক জয় দিয়েই শুরু হয়েছিল কামিন্সের টেস্ট ক্যারিয়ার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে প্রথম ইনিংসে ১ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন তিনি ৬ উইকেট। এরপর চতুর্থ ইনিংসে ৩১০ রান তাড়ায় রোমাঞ্চকর জয়ে অবদান রেখেছিলেন ব্যাট হাতে। অবিচ্ছিন্ন নবম উইকেটে মিচেল জনসনের সঙ্গে সেবার ম্যাচ জেতানো জুটি গড়েছিলেন সেই সময়ের ১৮ বছর বয়সী উঠতি প্রতিভা। তার বাউন্ডারিতেই নিশ্চিত হয়েছিল ২ উইকেটের জয়।

প্রায় ১২ বছর পর এবার ব্যাট হাতে তিনিই নায়কের ভূমিকায়, সঙ্গী এখানে ন্যাথান লায়ন। এজবাস্টনে ২৮১ রান তাড়ায় মঙ্গলবার কামিন্স যখন উইকেটে যান, অস্ট্রেলিয়ার তখনও লাগে ৭২ রান। একটু পর শেষ ভরসা অ্যালেক্স কেয়ারিও বিদায় নেন। ইংল্যান্ডের জয় তখন মনে হচ্ছিল স্রেফ সময়ের ব্যাপার।

কিন্তু সময়ের ডাকেই ভরসা হয়ে ওঠেন কামিন্স। তাকে সঙ্গন দেন ন্যাথান লায়ন। দুই বোলারের ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে অবিস্মরণীয় জয়ে সিরিজে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। এবারও কামিন্সের বাউন্ডারিতে লক্ষ্য স্পর্শ করে দল, এবারও জয় ২ উইকেটেই।

৫১ টেস্টের ক্যারিয়ারে এই নিয়ে ২৮টি জয়ের স্বাক্ষী হলেন কামিন্স। কিন্তু এই জয়কে চূড়ায় রাখতে খুব একটা ভাবতে হলো না তাকে।

“এক নম্বর… অবশ্যই, এক নম্বর…অ্যাশেজ সিরিজর প্রথম ম্যাচ, এরকম জয়… এক নম্বর (এটিই)।”

শেষ স্বীকৃত ব্যাটসম্যান কেয়ারি যখন বিদায় নিলেন, অস্ট্রেলিয়ার জয় তখন নাগালের বাইরে বলেই মনে হচ্ছিল। ইংল্যান্ডের জয় তখন স্রেফ ২ উইকেটের দূরত্ব। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া শেষ ৪ উইকেট হারিয়েছিল স্রেফ ১৪ রানের মধ্যে। এই ব্যাটিং অর্ডারের লেজের দিকে তাকিয়ে ইংলিশ পেসার অলিভার রবিনসন বলেছিলেন, অস্ট্রেলিয়ার শেষ ৩ ব্যাটসম্যানকেই তারা ১১ নম্বর হিসেবে দেখেছন।

কিন্তু কামিন্স ও লায়নের বীরত্বে সেই অস্ট্রেলিয়ান লেজের ঝাপটায় শেষ হয়ে গেল ইংলিশদের আশা। ম্যাচ শেষে কামিন্স বললেন, পরিস্থিতি ভীষণ কঠিন হলেও তারা কখনও আশা হারাননি।

“অসাধারণ জয় এটি। স্রেফ এই বিশ্বাসটা থাকা জরুরি ছিল, যে কোনো জায়গা থেকে আমরা জিততে পারি… এই বিশ্বাসটুকু থাকা, যে কেউ জেতাতে পারে ম্যাচ… আমিও নিজেকে মেলে ধরতে পারি এবং জেতাতে পারি। ছেলেবেলায় যখন বাড়ির আঙিনায় আমরা খেলছি, তখন তো এই মুহূর্তগুলোরই স্বপ্ন দেখে সবাই যে, অ্যাশেজে এরকম পরিস্থিতিতে মাঠে নেমে ম্যাচ জেতাচ্ছে।”

আশা থেকেই লড়াই চালিয়ে যান কামিন্স ও লায়ন। তবে জয়ের সুবাস পেতে থাকেন তারা খুব কাছাকাছি গিয়েই। এমনিতে শেষ সময়টুকু ছাড়া গোটা ম্যাচেই লড়াই সমানতালে হয়েছে বলেই মনে করেন অস্ট্রেলিয়ান অধিনায়ক।

“সম্ভবত যখন আর ১০ রান প্রয়োজন কিংবা ১৬ রান, ওভারপ্রতি যখন ২ রান লাগত, তখন বেশ আত্মবিশ্বাসী হয়ে যাই। প্রথম দিনের প্রথম সেশন থেকে শুরু করে মাচজুড়েই আসলে ৫০-৫০ ছিল লড়াই। কখনই খুব বেশি এক দিকে হেলে পড়েনি বা দূরে চলে যায়নি। শেষ ১৫-২০ মিনিটের আগ পর্যন্ত এরকমই ছিল।”

ইংল্যান্ডে সবশেষ অ্যাশেজে ২০১৯ সালে এরকম একটি ম্যাচেই হারের বেদনায় পুড়তে হয়েছিল অস্ট্রেলিয়াকে। শেষ উইকেটে জ্যাক লিচকে নিয়ে অবিশ্বাস্যভাবে ৭৬ রান যোগ করে ইংল্যান্ডকে অবিস্মরণীয় জয় এনে দিয়েছিলেন বেন স্টোকস। যেখানে লিচের অবদান ছিল কেবল ১ রান।

সেই ম্যাচের একাদশ থেকে কামিন্স-লায়নসহ ৭ জন ছিলেন এবার। অনেকটা একইভাবে প্রতিপক্ষের মুঠো থেকে জয় বের করে আনতে পেরে চার বছর আগের ক্ষতে প্রলেপ লাগছে বলেই জানালেন কামিন্স।

“সবশেষ সিরিজেই আমরা মুদ্রার উল্টো পিঠ দেখেছি। অসাধারণ একটি টেস্ট ম্যাচ হলো এবারও, কঠিন লড়াইয়ের ম্যাচ এবং এরকম ম্যাচ শেষে উল্টো প্রান্তে থাকলে সত্যিই তখন খারাপ লাগে, মনে হয় কিছু ফসকে গেল।”

“এই জয়ে ও ১-০তে এগিয়ে যেত পেরে আমাদের ড্রেসিং রুম এখন বেশ উচ্ছ্বসিত। এই দলের বেশ কজন হেডিংলিতে ছিল, আমাদের কাছে তাই মনে হচ্ছে, প্রায় ফসকে যাওয়া কিছুকে আমরা এবার মুঠোয় নিতে পেরেছি। এটা দারুণ সন্তুষ্টির।”