১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সুরিয়াভানশিদের জন্য উপহার সাড়ে সাত কোটি রুপি

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের জন্য এই পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় বোর্ড।

সুরিয়াভানশিদের জন্য উপহার সাড়ে সাত কোটি রুপি
ট্রফিতে চুমু এঁকে দিচ্ছেন বৈভাব সুরিয়াভানশি। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2026, 03:19 PM

Updated : 26 Aug 2026, 02:53 PM

ধারাবাহিক পারফরম্যান্সে অপরাজিত থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের জন্য সাড়ে সাত কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। দলের সংশ্লিষ্ট সবার মধ্যে এই অর্থ ভাগ করে দেওয়া হবে বলে জানিয়েছেন বোর্ডের সচিব দেভাজিৎ সাইকিয়া।

হারারেতে শুক্রবার রান উৎসবের ফাইনালে ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে শিরোপা ঘরে তোলে ভারত। ৪১১ রানের বিশাল সংগ্রহ গড়ে প্রতিপক্ষকে ৩১১ রানে গুটিয়ে দেয় তারা।

যুব বিশ্বকাপের সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ডটি আগে থেকেই ভারতের। ষষ্ঠবার এই প্রতিযোগিতার ট্রফি জিতে সেটিকে আরও সমৃদ্ধ করেছে তারা। চারবারের বেশি চ্যাম্পিয়ন হতে পারেনি আর কেউ।

টুর্নামেন্টজুড়েই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয় ভারত। গ্রুপ পর্বে বাংলাদেশ, নিউ জিল্যান্ড ও যুক্তরাষ্ট্রকে হারায় তারা। সুপার সিক্সে পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষেও পায় জয়ের স্বাদ। এরপর ফাইনালে দাপুটে পারফরম্যান্সে জিতে নেয় কাঙ্ক্ষিত শিরোপা।

টুর্নামেন্টের সবশেষ ছয় আসরের মধ্যে প্রতিবারই ফাইনাল খেলেছে ভারত। যার মধ্যে তিনবার চ্যাম্পিয়ন হলো তারা।

শনিবার এএনআইকে সাইকিয়া বলেন, বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স উপহার দেওয়া যুব দলকে নিয়ে গর্বিত তারা সবাই।

“গতকাল (ফাইনালে) ইংল্যান্ডকে তারা যেভাবে হারিয়েছে, একটি ম্যাচও না হেরে টুর্নামেন্টের শিরোপা জিতেছে, বিসিসিআই ও ভারতীয়রা অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে গর্বিত। আমরা তাদের জন্য খুবই খুশি ও গর্ববোধ করছি। তাদের পারফরম্যান্স দেখে বিসিসিআই সাড়ে সাত কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছে, যা ক্রিকেটার, কোচ ও নির্বাচকদের মধ্যে বন্টন করা হবে।”

এর আগে শিরোপাজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। 

ফাইনালের ভারতের জয়ের মঞ্চ তৈরি করে দেন বৈভাব সুরিয়াভানশি। তার রেকর্ড গড়া ১৭৫ রানের ইনিংসে যুব বিশ্বকাপে প্রথমবারের মতো দেখা যায় চারশ রানের সংগ্রহ। প্রতিযোগিতাটির শিরোপা নির্ধারণী ম্যাচে এর আগে তিনশ রানও করতে পারেনি কেউ।

ফাইনালের সেরা তো বটেই, টুর্নামেন্ট সেরার পুরস্কারও জেতেন সুরিয়াভানশি। সাত ইনিংসে ৬২.৭১ গড় ও ১৬৯.৪৯ স্ট্রাইক রেটে আসরের দ্বিতীয় সর্বোচ্চ ৪৩৯ রান করেন ভারতের বিস্ময় বালক।