১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্যাটিং ব্যর্থতায় ইংলিশদের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের

যুব বিশ্বকাপের সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে ৭ উইকেটে হেরে গেছে আজিজুল হাকিমের দল।

ব্যাটিং ব্যর্থতায় ইংলিশদের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের
ছবি: বিসিবি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2026, 07:59 PM

Updated : 26 Aug 2026, 02:48 PM

ইনিংসে নেই কোনো ফিফটি, ত্রিশ রান ছুঁতে পারলেন কেবল একজন। ব্যাটিংয়ে হতশ্রী পারফরম্যান্সে দেড়শও করতে পারল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছোট্ট লক্ষ্য তাড়ায় তাদের অনায়াসে হারিয়ে দিল ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। তাতে নিশ্চিত হয়ে গেল যুব বিশ্বকাপ থেকে আজিজুল-রিজানদের বিদায়।

বুলাওয়ায়োতে সোমবার সুপার সিক্সের দুই নম্বর গ্রুপের ম্যাচে ৭ উইকেটে জিতেছে ইংল্যান্ড। বাংলাদেশকে ১৩৬ রানে গুটিয়ে ১৫৫ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে গেছে তারা।

গ্রুপ পর্বে কেবল একটি ম্যাচ জিতেছে বাংলাদেশ, সেটাও সুপার সিক্সে উঠতে না পারা যুক্তরাষ্ট্রের বিপক্ষে। নামের পাশে কেবল এক পয়েন্ট নিয়ে পরের ধাপে ওঠা আজিজুলের দলকে সেমি-ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে সুপার সিক্সের দুটি ম্যাচই জিততে হতো। কিন্তু প্রথম পরীক্ষায়ই হেরে বাদ পড়ে গেল। 

২০২০ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর টানা তিনটি বিশ্বকাপে সেমি-ফাইনালের আগেই বিদায় নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের যুবাদের।

এদিন রান তাড়ায় ২ ছক্কা ও ৫টি চারে অপরাজিত ৫৯ রান করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন ইংল্যান্ড অধিনায়ক টমাস রু।

টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম বলে চার মেরে ম্যাচ শুরু করেন জাওয়াদ আবরার। কিন্তু ওভারের তৃতীয় বলে উইকেট বিলিয়ে আসেন তিনি। অনেক বাইরের বলে ব্যাট চালিয়ে ডিপ থার্ডম্যানে ধরা পড়েন এই ওপেনার। 

রিফাত বেগ ও আজিজুল হাকিমের ব্যাটে সেই ধাক্কা কিছুটা কাটিয়ে ওঠে বাংলাদেশ। তাদের ৪৬ রানের জুটি ভাঙে রিফাত কট বিহাইন্ড হলে। ৪টি চারে ৩৬ বলে ইনিংসের সর্বোচ্চ ৩১ রান করে ফেরেন এই ওপেনার।

কিছুক্ষণ পর শুরু হয় ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল। ১৯তম ওভারে বিদায় নেন আজিজুল ও কালাম সিদ্দিকি। একশ রানের আগে রিজান হোসেনকেও হারায় দল।

দলের শতরান পার হতেই ড্রেসিং রুমের পথ ধরেন সামিউন বাশির। কয়েক ওভার পর বিদায় নেন ভালো খেলতে থাকা মোহাম্মদ আবদুল্লাহও (৩ চারে ২৫)।

এরপর আর বেশিদূর যেতে পারেনি বাংলাদেশ। ২ উইকেটে ৭১ রান থেকে ১৩৬ রানে গুটিয়ে যায় তারা। শেষ ৮ উইকেট হারায় দলটি ৬৫ রানে।  

রান তাড়ায় তৃতীয় ওভারে দলকে সাফল্য এনে দেন আল ফাহাদ। নবম ওভারে আরেক ওপেনারকেও ফেরান এই পেসার। কিন্তু এরপর চাপ ধরে রাখতে পারেনি বাংলাদেশ।

বেন মেইস ও টমাস রুর ৭৮ রানের জুটিতে জয়ের কাছে পৌঁছে যায় ইংলিশরা। ১ ছক্কা ও ২ চারে ৩৪ রান করা মেইসকে বিদায় করেন সামিউন বাশির। কিন্তু একপ্রান্তে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন ৩৯ বলে ফিফটি করা রু।

আগামী শনিবার সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৩৮.১ ওভারে ১৩৬ (জাওয়াদ ৬, রিফাত ৩১, আজিজুল ২০, কালাম ১০, রিজান ৯, আবদুল্লাহ ২৫, সামিউন ১, শাহরিয়ার ১৮, স্বাধীন ০, ফাহাদ ৫, ইকবাল ২*; মর্গ্যান ৭-০-২৮-৩, গ্রিন ৫-০-১৬-১, ফারহান ৯-২-৪০-১, মিন্টো ৭-২-১৭-১, অ্যালবার্ট ৪-০-১৫-২, লামসডেন ৬.১-১-১৮-২)

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ২৪.১ ওভারে ১৩৭/৩ (ডাউকিন্স ২৭, মুরস ১, মেইস ৩৪, রু ৫৯*, ফ্যালকোনার ৯*; ফাহাদ ৭-০-৩৭-২, সামিউন ৬.১-০-৩০-১, শাহরিয়ার ৩-০-১৮-০, ইকবাল ৩-০-১৫-০, স্বাধীন ১-০-১৫-০, আজিজুল ৩-০-১৭-০, জাওয়াদ ১-০-৪-০)

ফল: ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল ৭ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: টমাস রু