‘শেষ ওভারে ১৫ রান লাগলেও সমস্যা ছিল না’
শেষ ওভারে চ্যালেঞ্জ আরও কঠিন হলেও দলকে জেতানোর বিশ্বাস ছিল হার্দিক পান্ডিয়ার।
শেষ ওভারের তৃতীয় বলটিতে যখন রান হলো না, নন-স্ট্রাইক প্রান্তে থাকা দিনেশ কার্তিককে মনে হলো একটু উদ্বিগ্ন। কিন্তু স্ট্রাইকে থাকা হার্দিক পান্ডিয়া মাথা ঝুঁকিয়ে ইশারা করলেন কিছু একটা, যেন ভরসা জোগাতে চাইলেন, “চিন্তার কিছু নেই, আমি আছি না!” পরের বলটিতেই দারুণ এক ছক্কায় তিনি শেষ করে দিলেন ম্যাচ। পরে ম্যাচ সেরা পুরস্কার নিয়ে ভারতের এই অলরাউন্ডার বললেন, চ্যালেঞ্জ যদি আরও কঠিন থাকত, তবু নিজের ওপর আস্থা ছিল তার।
এশিয়া কাপে ভারত-পাকিস্তানের লড়াইয়ে সোমবার মূল পার্থক্য গড়ে দেন পান্ডিয়া। দুর্দান্ত বোলিংয়ে তিনি ২৫ রানে নেন তিন উইকেট। এরপর ব্যাটিংয়ে চাপের মধ্যে ১৭ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলে জিতিয়ে দেন দলকে।
তিন ওভারে যখন ভারতের প্রয়োজন ৩২ রান, পরপর দুই ওভারে দারুণ ব্যাটিংয়ে সমীকরণ সহজ করে দেন রবীন্দ্র জাদেজা ও পান্ডিয়া। ১৮তম ওভারে নাসিম শাহকে দারুণ টাইমিংয়ে চার মারার পর চোখধাঁধানো লফটেড স্ট্রেট ড্রাইভে ছক্কা মারেন জাদেজা। ১৯তম ওভারে হারিস রউফকে তিনটি বাউন্ডারি মারেন পান্ডিয়া। তাতে শেষ ওভারে প্রয়োজন পড়ে স্রেফ ৭ রানের।
কিন্তু এই সমীকরণেই জমে ওঠে ম্যাচ। বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজের করা শেষ ওভারের প্রথম বলে স্লগ করতে গিয়ে বোল্ড হন জাদেজা। নতুন ব্যাটসম্যান দিনেশ কার্তিক প্রথম বলে নেন সিঙ্গেল। তৃতীয় বলে জায়গা বানিয়ে দারুণ টাইমিং করেন পান্ডিয়া, তবে বল সোজা ফিল্ডারের কাছে যাওয়ায় হয়নি কোনো রান।
ম্যাচে তখন প্রবল উত্তেজনা, ৩ বলে ভারতের প্রয়োজন ৬ রান। কিন্তু চাপের লেশমাত্র চোখে পড়েনি পান্ডিয়ার চেহারা কিংবা শরীরী ভাষায়। ওভারের চতুর্থ বলটি নওয়াজ করেন একটু জোরের ওপর খানিকটা খাটো লেংথে। পুল করে ছক্কায় উড়িয়ে ম্যাচের ফয়সালা করে দেন পান্ডিয়া।
ম্যাচের পর এই অলরাউন্ডার বললেন, মাথার ভেতর ছক সাজিয়েই শেষের হিসাব মিলিয়েছেন তিনি।
“এই ধরনের রান তাড়ায় প্রতি ওভার ধরে পরিকল্পনা করতে হয়। আমি জানতাম যে শেষ দিকে ওদের একজন তরুণ বোলার আছে যে অভিষেক ম্যাচ খেলছে (নাসিম শাহ), সঙ্গে বাঁহাতি স্পিনারের (নওয়াজ) ওভার বাকি আছে।”
“শেষ ওভারে ৭ প্রয়োজন ছিল, তবে ১৫ প্রয়োজন পড়লেও সমস্যা ছিল না। কারণ জানতাম যে শেষ ওভারে আমার চেয়ে বোলার বেশি চাপে থাকবে। আমার চাওয়া থাকে সবকিছু যতটা পারা যায় সাধারণ রাখা।”
ব্যাটিংয়ের আগে বোলিংয়েও পাকিস্তানকে যথেষ্ট যন্ত্রণা দেন পান্ডিয়া। মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ ও খুশদিল শাহর গুরুত্বপূর্ণ উইকেট নেন তিনি, সব কটিই শর্ট বলে। দুবাইয়ের উইকেটে এ দিন হালকা ঘাসের ছোঁয়া ছিল, বাউন্স ছিল বেশ। পান্ডিয়া ও ভারতীয় বোলাররা তা কাজে লাগান দারুণভাবে। পান্ডিয়ার ৪ ওভারের স্পেলে অর্ধেকের বেশি ডেলিভারি ছিল শর্ট বল।
উইকেট ও পরিস্থিতি বুঝেই শর্ট বল কাজে লাগিয়েছেন বলে জানালেন পান্ডিয়া।
“পরিস্থিতি বুঝে অস্ত্রের ব্যবহার করা গুরুত্বপূর্ণ, বিশেষ করে শর্ট অব লেংথের বল। এই লেংথে বল করাটা আমার শক্তির জায়গা। তবে মাথা খাটিয়ে এটাকে কাজে লাগাতে হয়। সঠিক সময়ে এটি ব্যবহার করা ও ব্যাটসম্যানের পরীক্ষা নিয়ে ভুল করাতে বাধ্য করা গুরুত্বপূর্ণ।”
