২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বছরজুড়ে ব্যাটিং ঝড়ে আবার টি-টোয়েন্টির বর্ষসেরা সুরিয়াকুমার

টানা দ্বিতীয়বার আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের স্বীকৃতি পেলেন টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা বিধ্বংসী এই ভারতীয় ব্যাটসম্যান।

বছরজুড়ে ব্যাটিং ঝড়ে আবার টি-টোয়েন্টির বর্ষসেরা সুরিয়াকুমার

টি-টোয়েন্টি মানেই সুরিয়াকুমার ইয়াদাভের দাপট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2024, 02:55 PM

Updated : 24 Jan 2024, 05:33 PM

বিস্ফোরক দুটি সেঞ্চুরি, বিধ্বংসী একেকটি ইনিংস- বছরজুড়েই দাপুটে ব্যাটিংয়ে টি-টোয়েন্টিতে রাজত্ব করেছেন সুরিয়াকুমার ইয়াদাভ। সেটির পুরস্কারও পেলেন আরেকবার। আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের স্বীকৃতি পেলেন ভারতীয় এই ব্যাটসম্যান।

এই নিয়ে টানা দুই বছর বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হলেন ৩৩ বছর বয়সী আগ্রাসী এই ব্যাটসম্যান। যাকে বলা হয় এবি ডি ভিলিয়ার্সের পর ক্রিকেটের আরেক ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান। আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়েরও শীর্ষ ব্যাটসম্যান তিনি।

মেয়েদের সেরার স্বীকৃতি পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার হেইলি ম্যাথিউস। এই পুরস্কারজয়ী দ্বিতীয় ক্যারিবিয়ান ক্রিকেটার তিনি। ২০১৫ সালে জিতেছিলেন আরেক অলরাউন্ডার স্টেফানি টেইলর।

সেরার লড়াইয়ে সুরিয়াকুমার হারিয়েছেন নিউ জিল্যান্ড ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যান, জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা ও উগান্ডার বাঁহাতি স্পিনার আলপেশ রামজানিকে। ম্যাথিউসের প্রতিদ্বন্দ্বী ছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার এলিস পেরি, ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার সোফি এক্লেস্টোন ও শ্রীলঙ্কার ব্যাটিং অলরাউন্ডার চামারি আতাপাত্তু।

২০২২ সালের সেরা পুরুষ টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কারজয়ী সুরিয়াকুমারের গত বছরটাও দারুণ কেটেছে। ১৭ ইনিংস ব্যাটিং করে তিনি ৪৮.৮৬ গড় ও ১৫৫.৯৫ স্ট্রাইক রেটে করেছেন ৭৩৩ রান।

টেস্ট খেলুড়ে দেশগুলির ব্যাটসম্যানদের মধ্যে টি-টোয়েন্টিতে গত বছর সবচেয়ে বেশি রান তারই।

তার ক্যারিয়ারের চার সেঞ্চুরির দুটি এসেছে ২০২৩ সালে, ফিফটি করেছেন পাঁচটি। ১৭ ইনিংসে চার মেরেছেন ৬১টি, ছক্কা ৪৩টি।

বছরটি তার শুরু হয়েছিল ব্যর্থতা দিয়ে। বছরের প্রথম টি-টোয়েন্টি খেলতে নেমে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়াংখেড়েতে করেন কেবল ৭ রান। তবে ঘুরে দাঁড়াতে দেরি করেননি একদমই। সিরিজের পরের দুই ম্যাচে ৫১ ও অপরাজিত ১১২ রানের ইনিংস খেলেন তিনি।

১১২ রানের ইনিংসটির পথে ৪৫ বলে সেঞ্চুরি স্পর্শ করেন সুরিয়াকুমার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের হয়ে যা দ্বিতীয় দ্রুততম। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষেই ১০ বল কমে শতক করে রেকর্ডটি গড়েন রোহিত শার্মা।

পরের পাঁচ ইনিংসে ফিফটির দেখা না পেলেও কার্যকর ইনিংস ঠিকই খেলেন সুরিয়াকুমার। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের দুটিতে পান অর্ধশতকের স্বাদ, একটিতে পাননি ব্যাটিং।

পরিস্থিতি যেমনই থাকুক, ক্রিজে গিয়েই ঝড়ো ব্যাটিংয়ে মুগ্ধতা ছড়ানো সুরিয়াকুমারের বছরের শেষটাও ছিল দুর্দান্ত। গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঠিক ১০০ রান করেন তিনি শেষ ম্যাচে। আগের ম্যাচে তার ব্যাট থেকে আসে ৫৬ রান।

গত বছর ভারতকে ৭টি টি-টোয়েন্টিতে ভারতকে নেতৃত্বও দেন তিনি। এর ৫টিতেই জেতে ভারত।

মেয়েদের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের এক নম্বর অলরাউন্ডার ম্যাথিউস গত বছর এই সংস্করণে ১৪ ম্যাচে ৬৩.৬৩ গড় ও ১৩২.৩২ স্ট্রাইক রেটে করেন ৭০০ রান। ছয়শ রানও করতে পারেননি আর কেউ। এই সময়ে একটি সেঞ্চুরি ও ৪টি ফিফটি করেন তিনি।

Image

গত বছর অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন হেইলি ম্যাথিউস। 

সঙ্গে অফ স্পিনে দলে দারুণ ভূমিকা রাখেন ম্যাথিউস। ১৩ ইনিংসে বোলিং করে ১৬.২১ গড়ে নেন ১৯ উইকেট। সেরা বোলিং ১৪ রানে চারটি, আয়ারল্যান্ডের বিপক্ষে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৩ রানের সঙ্গে ১ উইকেট নিয়ে বছর শুরু করেন ম্যাথিউস। প্রতি ম্যাচেই ব্যাট হাতে ভালো শুরু পান তিনি, কিন্তু সেগুলোকে বড় ইনিংসে রূপান্তর করতে পারছিলেন না। ৬ ইনিংস পর পান প্রথম ফিফটির দেখা, টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে করেন অপরাজিত ৬৬।

বৈশ্বিক আসরে ১৩০ রান করার পাশাপাশি চার উইকেট নেন ম্যাথিউস। সঙ্গে চারটি ক্যাচও নেন।

বছরের সেরা সময়টা কাটে তার অক্টোবরে। অস্ট্রেলিয়া সফরে তিন টি-টোয়েন্টিতে দুটি ফিফটির সঙ্গে করেন একটি সেঞ্চুরি। যার মধ্যে আবার এক ম্যাচে অপরাজিত ছিলেন ৯৯ রানে।

ওই সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার দেওয়া ২১৩ রানের লক্ষ্যে ৭ উইকেটে জিতে রান তাড়ার বিশ্ব রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজ। যা সম্ভব হয় ম্যাথিউসের ৬৪ বলে ১৩২ রানের অবিশ্বাস্য এক ইনিংসের সৌজন্যে, মেয়েদের টি-টোয়েন্টিতে রান তাড়ায় যা সর্বোচ্চ ইনিংসের রেকর্ড।