১৬ বছর পর হাবিবুল-জাভেদের পাশে সাকিব-মুশফিক
দেশের সবচেয়ে সফল জুটির আরও একটি রেকর্ড।
দিনের শুরুতেই মুমিনুল হকের বিদায়। ৪০ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে বাংলাদেশ। কিন্তু বিপদে আরও একবার দাঁড়িয়ে গেল নির্ভরযোগ্য সেই জুটি। দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে উদ্ধার করলেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। শত রানের জুটিতে ছুঁয়ে ফেললেন হাবিবুল বাশার ও জাভেদ ওমর বেলিমের ১৬ বছর আগে করে রাখা কীর্তিও।
শের-ই বাংলায় আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে আইরিশদের আলগা বোলিং কাজে লাগিয়ে দারুণ গতিতে ছুটে শতরানের জুটি গড়েন সাকিব ও মুশফিক। স্রেফ ১০৯ বলে চলে আসে জুটির শত রান। টেস্ট ক্রিকেটে তাদের একশ ছোঁয়া পঞ্চম জুটি এটি। এখানেই তারা স্পর্শ করলেন হাবিবুল ও জাভেদ জুটির রেকর্ড।
টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি শত রানের জুটির রেকর্ড এতদিন ছিল শুধু হাবিবুল-জাভেদ জুটির। ২০০১ থেকে ২০০৭ পর্যন্ত ৩২ ইনিংস একসঙ্গে ব্যাটিং করে পাঁচবার একশ পেরোয় এই জুটি। আরও পাঁচবার তারা যোগ করেন পঞ্চাশের বেশি রান।
তাদেরকে ছুঁতে মুশফিক-সাকিব জুটির লাগল ৬৫ ইনিংস। পাঁচটি সেঞ্চুরি ছাড়াও ১৭টি পঞ্চাশ ছোঁয়া জুটি আছে বাংলাদেশের বর্তমান ও সাবেক টেস্ট অধিনায়কের। দুটিই এখন বাংলাদেশের রেকর্ড।
বাংলাদেশের হয়ে চারটি করে শতরানের জুটি আছে চার জুটির। সেখানেও দুটি জুটিতে অংশীদারীত্ব আছে মুশফিকের। লিটন কুমার দাসের সঙ্গে স্রেফ ১৭ ইনিংসেই ৪টি শতরানের জটি তার, মুমিনুলের সঙ্গে ৩০ ইনিংসে ৪টি।
অন্য দুই জুটিতে নাম আছে তামিম ইকবালের। মুমিনুলের সঙ্গে তার ৪টি শতরানের জুটিও এসেছে ৩০ ইনিংসে, ইমরুল কায়েসের সঙ্গে ৪টি এসেছে ৫৮ ইনিংসে।
শুধু সেঞ্চুরি বা ফিফটিই নয়, রানের হিসেবেও বাংলাদেশের সেরা জুটি সাকিব-মুশফিক। চলতি টেস্টের দ্বিতীয় দিন লাঞ্চ পর্যন্ত তাদের জুটির সংগ্রহ ২ হাজার ৭৭৩ রান। বাংলাদেশের সর্বোচ্চ ৩৫৯ রানের জুটির রেকর্ডটিও তাদের।
এছাড়া জুটি বেধে ২ হাজারের বেশি রান আছে কেবল আর একটি জুটির। তামিম ইকবাল ও ইমরুল কায়েস ৫৮ ইনিংসে একসঙ্গে ব্যাট করে তুলেছেন ২ হাজার ৪৩৩ রান।
তিন সংস্করণ মিলিয়েও বাংলাদেশের সবচেয়ে সফল সাকিব ও মুশফিকের জুটি। ১৯২ ইনিংসে ১২টি শত রানের সঙ্গে ৩৮টি পঞ্চাশ রানের জুটিতে ৬ হাজার ৭৯৮ রান যোগ করেছেন এই দুজন। আর কোনো জুটির ৫ হাজার রানও নেই।
টেস্ট ক্রিকেটে জুটির বিশ্ব রেকর্ড থেকে অবশ্য অনেক দূরে বাংলাদেশ। ১৪৩ ইনিংসে জুটি বেধে ৬ হাজার ৯২০ রান যোগ করেছেন শচিন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়। ভারতের দুই কিংবদন্তির শত রানের জুটি ২০টি। দুটিই বিশ্ব রেকর্ড।
শচিন-দ্রাবিড় ছাড়া টেস্ট ক্রিকেটে জুটিতে ৬ হাজারের বেশি রান করেছেন আরও তিন জুটির। মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা ১৯ সেঞ্চুরিতে ৬ হাজার ৫৫৪, গর্ডন গ্রিনিজ ও ডেসমন্ড হেইন্সের ১৬ সেঞ্চুরিতে ৬ হাজার ৪৮২, জাস্টিন ল্যাঙ্গার ও ম্যাথু হেইডেনের ১৪ সেঞ্চুরিতে ৬ হাজার ৮১ রান।
