০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

ভারত চাইলে এশিয়া কাপের ট্রফি দিতে প্রস্তুত নাকভি

তবে ট্রফিটি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অফিসে গিয়ে চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে নিতে হবে ভারত দলকে।

ভারত চাইলে এশিয়া কাপের ট্রফি দিতে প্রস্তুত নাকভি
ট্রফি ছাড়া ভারতীয় দলের উল্লাস। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2025, 07:57 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

এশিয়া কাপের ট্রফি নিয়ে তৈরি হওয়া জটিলতা আরও তীব্র হচ্ছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নাকভি জানিয়েছেন, চ্যাম্পিয়ন ভারত দলকে ট্রফিটি দিতে প্রস্তুত আছেন তিনি; তবে এসিসি অফিসে গিয়ে তার হাত থেকে ট্রফিটি নিতে হবে ভারত দলকে।

নাকভির হাত থেকে ট্রফি নিতে ভারতীয় দলের অস্বীকৃতি জানানোর পর থেকে শুরু এই জটিলতার। সমস্যা সমাধানে মঙ্গলবার দুবাইয়ে এসিসির সদস্যরা বৈঠক বসেও কাজ হয়নি। পরদিনই সামাজিক যোগাযোগের মাধ্যমে এক্স-এ এই বক্তব্য দেন নাকভি।

“এসিসি সভাপতি হিসেবে, আমি সেদিনই ট্রফিটি তাদের হাতে তুলে দিতে প্রস্তুত ছিলাম এবং এখনও প্রস্তুত আছি। তারা যদি সত্যিই এটা চায়, তাহলে তারা এসিসি অফিসে এসে আমার কাছ থেকে এটা নিতে পারে।”

এসিসির গতকালের সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির সভাপতি নাকভি। ভারতের প্রতিনিধি হিসেবে ভার্চুয়ালি সভায় উপস্থিত ছিলেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সহ-সভাপতি রাজিব শুক্লা ও সংস্থাটির সাবেক কোষাধ্যক্ষ আশিষ শেলার।

গত রোববার দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারায় ভারত। 

এসিসি সভাপতি হিসেবে চ্যাম্পিয়ন দলের ক্রিকেটারদের মেডেল, ট্রফি ও প্রাইজমানির চেক দেওয়ার কথা নাকভির, যিনি একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও। কিন্তু নাকভির থেকে এসব নিতে রাজি ছিল না ভারত। তাদের চাওয়া ছিল, অন্য কারও কাছ থেকে পুরস্কার নেবেন তারা।

কিন্তু পাকিস্তানের ক্রিকেটারদের রানার্সআপের মেডেল দেওয়া হলেও চ্যাম্পিয়ন দলের ট্রফি ও ক্রিকেটারদের মেডেল শেষ পর্যন্ত দেওয়া হয়নি। বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়, ট্রফি নিয়ে চলে যান পিসিবি ও এসিসি প্রধান নাকভি। একটি ছবিতে দেখা যায়, ট্রফি নিয়ে যাচ্ছেন এক কর্মকর্তা।

পরে ভারতীয় দলকে দেখা যায় ট্রফি ছাড়াই উদযাপন করতে। ফুটবল বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসির সেই বিখ্যাত উদযাপনের মতো করে কল্পিত ট্রফি হাতে উদযাপন করা, কল্পিত ট্রফি উঁচিয়ে ধরা, ফটোসেশন, সবই করেন ভারতীয় ক্রিকেটাররা।

এবারের এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচ থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনার শুরু। ১৪ সেপ্টেম্বর আসরে দুই দলের প্রথম ম্যাচের সময় পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়ে বিতর্কের জন্ম দেয় ভারতীয় দল। এরপর আরও অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

সুপার ফোর ও ফাইনালেও পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি ভারতীয়রা। তিন ম্যাচেই প্রতিবেশিদের হারায় সুরিয়াকুমার ইয়াদাভের দল।