Published : 13 Sep 2026, 06:30 PM
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে আরেকটি ধাক্কা খেয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম শ্রেণির ম্যাচে চোট পাওয়ায় তিন ম্যাচের সিরিজটি থেকে ছিটকে গেছেন পেসার ওটনিল বার্টম্যান।
৩৩ বছর বয়সী এই ক্রিকেটার ডলফিনসের হয়ে ম্যাচটিতে স্রেফ পাঁচ ওভার বল করেন এবং দ্বিতীয় ইনিংসে ব্যাট করেননি।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) রোববার এক বিবৃতিতে জানায়, বাম হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন বার্টম্যান।
তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে মার্কো ইয়ানসেনের যমজ ভাই ডুয়ান ইয়ানসেনকে, যিনি বর্তমানে নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার ‘দ্বিতীয় সারির’ দলের সঙ্গে আছেন।
চোটের কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যাওয়া দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ক্রিকেটার বার্টম্যান। তার মতো হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণেই সিরিজটি খেলতে পারবেন না আরেক পেসার কাগিসো রাবাদা।
সিএসএ রাবাদার সেরে ওঠার কোনো সময় জানায়নি। আগামী ৯ অক্টোবর তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরুর কাছাকাছি সময়ে তার খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ডারবানে আগামী ২৪ সেপ্টেম্বর হবে প্রথম ওয়ানডে।