২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন অভিজ্ঞতার রোমাঞ্চ নিয়ে লঙ্কা অভিযানে শরিফুল

লঙ্কা প্রিমিয়ার লিগে খেলাকে অভিজ্ঞতা অর্জনের বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশের এই তরুণ পেসার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2023, 02:28 PM

Updated : 29 Jul 2023, 03:37 PM

‘অবাক হইনি… আশা ছিল, এক দিন না এক দিন খেলব’- লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে যাওয়ার আগে বললেন শরিফুল ইসলাম। বিদেশি কোনো লিগে ডাক পাওয়া তেমন অভাবনীয় কিছু মনে হয়নি তার কাছে। তবে প্রথমবার বলে কথা! নতুনত্বের রোমাঞ্চ ঠিকই খেলা করছে তরুণ পেসারের মনে। 

এলপিএলের চতুর্থ আসরে খেলতে শনিবার শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছেড়েছেন শরিফুল। রোববার শুরু হতে যাওয়া টুর্নামেন্টে কলম্বো স্ট্রাইকার্সের জার্সি গায়ে দেখা যাবে বাংলাদেশের ২২ বছর বয়সী পেসারকে। 

প্রায় আড়াই বছরের ক্যারিয়ারে তিনি জাতীয় দলের হয়ে দেশের বাইরে অনেকবারই গেছেন। এমনকি পেয়েছেন বিশ্বকাপ খেলারও স্বাদ। তবে বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগের অভিজ্ঞতা এবারই প্রথম হতে চলেছে তার।

বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের উচ্ছ্বাস লুকোনোর প্রচ্ছন্ন চেষ্টা করলেও শরিফুল ঠিকই স্বীকার করে নেন রোমাঞ্চের কথা।

“সবার জন্যই প্রথমবার যে কোনো লিগ রোমাঞ্চকর হয়। আমিও ওরকম আর কী, একটু হলেও রোমাঞ্চিত আছি। প্রথমে ওরাই (কলম্বো স্ট্রাইকার্স) আমাকে বার্তা পাঠিয়েছিল। ওখান থেকেই (ডাক পাওয়ার খবর) জেনেছি।”

এলপিএল শেষ করে বাংলাদেশের হয়ে এশিয়া কাপ অভিযানে নামবেন শরিফুল। শ্রীলঙ্কা ও পাকিস্তানে মিলে হবে মহাদেশীয় টুর্নামেন্টের এবারের আসর। বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কারই পাল্লেকেলেতে। 

সব ঠিক থাকলে ওই মাঠে এলপিএলের প্রথম পর্বে তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবেন শরিফুল। এছাড়া কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে রয়েছে তাদের পাঁচটি ম্যাচ। এশিয়া কাপের সুপার ফোরে উঠলে কলম্বোয় দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।

Image

বিমানবন্দরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন শরিফুল। 

তাই এলপিএলের অভিজ্ঞতা এশিয়া কাপেও বড় প্রভাব রাখতে পারে বলে মনে করেন তরুণ বাঁহাতি পেসার।

“অবশ্যই সাহায্য করবে… কারণ উইকেট ও কন্ডিশনের সাথে মানিয়ে নিলে হয়তো (এশিয়া কাপের জন্য) ভালো একটা ধারণা পাওয়া যাবে।”

তবে আগে থেকেই নিজের ওপর বাড়তি চাপ নিতে চান না শরিফুল। প্রথমবার বিদেশি লিগ খেলার এই সুযোগকে অভিজ্ঞতা অর্জনের মঞ্চ হিসেবে দেখেন তিনি।

“যখনই সুযোগ পাব, চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার। ফ্র্যাঞ্চাইজি লিগে বেশিরভাগ ক্রিকেটারই যায় একটা অভিজ্ঞতা নিতে। আমি চেষ্টা করব ওই অভিজ্ঞতা নিজের ভেতরে আনার জন্য।”

শরিফুলের মতোই বাংলাদেশের আরেক পেসার তাসকিন আহমেদের সামনেও ছিল এলপিএল খেলার সুযোগ। তবে সামনে অনেক খেলা থাকায় ওয়ার্কলোড বিবেচনা করে তাসকিনকে অনাপত্তিপত্র দেয়নি বিসিবি।

এলপিএলে খেলতে না পারলেও জিম আফ্রো টি-টেন লিগে নিজের সামর্থ্যের ছাপ রেখেছেন তাসকিন। দশ ওভারের ক্রিকেটে ব্যাটসম্যানদের আধিপত্যের টুর্নামেন্টে ওভারপ্রতি স্রেফ ৭.৮৫ রান খরচায় সাত ম্যাচে তিনি নিয়েছেন ১১ উইকেট।

বিদেশি লিগে স্বদেশি অগ্রজের এমন পারফরম্যান্স থেকে অনুপ্রেরণা খুঁজে নিচ্ছেন শরিফুল।

“নিজের দেশের ক্রিকেটার বাইরের লিগে গিয়ে ভালো খেললে সবার কাছেই ভালো লাগে। আমার কাছে যেমন, আপনাদের কাছেও ভালো লাগারই কথা।” 

শরিফুল ছাড়াও এলপিএলের এবারের আসরে বাংলাদেশ থেকে রয়েছেন সাকিব আল হাসান, তাওহিদ হৃদয় ও মোহাম্মদ মিঠুন। বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংসের হয়ে খেলবেন হৃদয়। সাকিব, মিঠুন আছেন গল টাইটান্সে।

উদ্বোধনী ম্যাচে রাত ৮টায় জাফনা কিংসের মুখোমুখি হবে কলম্বো স্ট্রাইকার্স।