কোহলি ইয়ো-ইয়ো স্কোর প্রকাশ করার পর সতর্ক করা হলো দলের সবাইকে
গোপনীয় ব্যাপার সামাজিক মাধ্যমে প্রকাশ না করতে নির্দেশনা দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেটারদের।
আদুল গায়ে হাসিমুখে একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছিলেন ভিরাট কোহলি। সেখানে নিজের ইয়ো-ইয়ো পরীক্ষার স্কোর জানিয়ে দেন ভারতীয় ক্রিকেটের বড় তারকা। স্কোর প্রকাশ্য করার ব্যাপারটি ভালোভাবে নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। দলের সবাইকে মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে, গোপনীয় কোনো কিছু যেন সামাজিক মাধ্যমে প্রকাশ করা না হয়।
এশিয়া কাপের আগে ভারতীয় দলের ৬ দিনের কন্ডিশনিং ক্যাম্প চলছে কর্ণাটকের আলুরে। বৃহস্পতিবার ক্যাম্পের প্রথম দিনে ছিল ইয়ো-ইয়ো পরীক্ষা। সেই পরীক্ষা শেষে নিজের হাসিমুখের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়ে তৃপ্তিভরা ক্যাপশন দিয়ে কোহলি জানান তার স্কোর ছিল ১৭.২।
ইয়ো-ইয়ো পরীক্ষা একটি রানিং টেস্ট। মূলত সহ্যক্ষমতার একটি ধারণা পাওয়া যায় এই পরীক্ষা থেকে। ফিটনেসের সার্বিক পরিমাপক এটি নয়। তবে ফিটনেসের মৌলিক একটি ধারণা পেতে এই পরীক্ষা নেওয়া হয় বিভিন্ন দলে। একেক দলের জন্য ন্যূনতম মানদণ্ড একেকরকম। ভারতীয় দল ন্যূনতম স্কোর ঠিক করেছে ১৬.১। কোহলি তুলতে পেরেছেন অনেকটা বেশিই। কিছুদিন আগে বাংলাদেশ দলেরও এশিয়া কাপ ক্যাম্পের শুরুতে ইয়ো-ইয়ো পরীক্ষা নেওয়া হয়েছিল।
কোনো দলই সাধারণত এই স্কোরগুলো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে না। যেহেতু এটা সার্বিক ফিটনেসের পরিমাপক নয়, তাই স্রেফ এই স্কোর থেকে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ থাকে অনেক। অবশ্য নানা সময় বিভিন্ন সূত্র থেকে জেনে স্কোর প্রকাশ করে সংবাদমাধ্যম। এবার কোহলি নিজেই জানিয়ে দেন।
ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস-এর খবর, এরপরই গোটা দলকে সতর্ক করে দেয় বোর্ড। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা পত্রিকাটিকে জানান, আচরণবিধির কথা মনে করিয়ে দেওয়া হয়েছে সবাইকে।
“গোপনীয় কোনো কিছু সামাজিক মাধ্যমে পোস্ট করার ক্ষেত্রে ক্রিকেটারদের মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। ট্রেনিংয়ের ছবি তারা অবশ্যই দিতে পারে। তবে এই ধরনের স্কোর প্রকাশ করা তাদের আচরণবিধির লঙ্ঘন।”
এশিয়া কাপে ভারত প্রথম ম্যাচটি খেলবে আগামী ২ সেপ্টেম্বর, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে পাল্লেকেলেতে।
