১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ওয়ানডেতে একশ উইকেটে দ্রুততম এক্লেস্টোন

নারী ওয়ানডেতে ৬৩ ইনিংসে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন ইংলিশ এই বাঁহাতি স্পিনার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 11:41 AM

Updated : 10 Sep 2026, 12:07 PM

মেয়েদের ক্রিকেটে রেকর্ডের একটি পাতায় জায়গা করে নিয়েছেন সোফি এক্লেস্টোন। ওয়ানডেতে সবচেয়ে কম ইনিংসে ১০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন ইংল্যান্ডের বাঁহাতি এই স্পিনার।

পাকিস্তানের বিপক্ষে বুধবার ওয়ানডের সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে এই অর্জনে নাম লেখান এক্লেস্টোন। ৬৩ ইনিংসে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। ওয়ানডেতে এখন তার উইকেট ১০১টি।

এই সংস্করণে দ্রুততম ১০০ উইকেটের রেকর্ডটি এতদিন ছিল ক্যাথরিন ফিটজপ্যাট্রিকের। ৬৪ ইনিংসে এই ক্লাবে পা রাখা অস্ট্রেলিয়ান এই পেসার এখন দ্বিতীয় স্থানে। আর ৬৬ ইনিংসে ১০০ উইকেট নিয়ে তালিকায় তিন নম্বরে আরেক অস্ট্রেলিয়ান পেসার মেগান শুট।

৯৮ উইকেট নিয়ে চেমসফোর্ডে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামেন এক্লেস্টোন। ইংল্যান্ডের ৩০২ রান তাড়ায় সফরকারীদের তিন উইকেট নেন তিনি। পরপর দুই ওভারে উম্ম-ই-হানি ও নাশ্রা সান্ধুকে ফেরানো এক্লেস্টোন নিজের পরের ওভারে বিদায় করে আলিয়া রিয়াজকে। ম্যাচটি ১৭৮ রানে জেতে স্বাগতিকরা।

৪.১ ওভারে এক মেডেন ও স্রেফ ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন এক্লেস্টোন। তিন ম্যাচের সিরিজে ৬ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার জেতেন তিনিই।

একশ উইকেটের মাইলফলকে দ্রুততম পৌঁছানোর কীর্তি গড়তে পেরে ভীষণ খুশি এক্লেস্টোন। ২৫ বছর বয়সী এই স্পিনার অবশ্য বললেন, এসব পরিসংখ্যান তার মনে থাকে না। তবে খেলাটি উপভোগ করে সামনে আরও অর্জনে নাম লেখাতে চান তিনি। 

“মেয়েরা জানে, আমি সংখ্যার হিসেবে ভালো নই, পরিসংখ্যানেও না। তবে এটা (কীর্তি) অসাধারণ এবং আশাকরি, এটা অব্যাহত থাকবে। আমার মনে হয়, আমার জন্য সবচেয়ে ভালো বিষয় হচ্ছে খেলাটা উপভোগ করা। আর এটা উপভোগ করার জন্য আমি সেরা দলে খেলছি।”