রাঁচি টেস্টেই দেখা যেতে পারে 'অলরাউন্ডার' স্টোকসকে
ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টে বোলিং করতে পারেন ইংল্যান্ড অধিনায়ক।
পেস বোলিং অলরাউন্ডার হলেও চোটের কারণে লম্বা সময় ধরে ইংল্যান্ড দলে স্রেফ ব্যাটসম্যান হিসেবে খেলছেন বেন স্টোকস। তবে এবার তার বোলিংয়ে ফেরার অপেক্ষা শেষ হওয়ার সম্ভাবনা জেগেছে। ভারতের বিপক্ষে রাঁচি টেস্টেই বল হাতে দেখা যেতে পারে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ককে।
রাজকোট টেস্টের পর বোলিংয়ে ফেরার সম্ভাবনার কথা নিজেই জানিয়েছেন স্টোকস। তার এমনটা মনে হওয়ায় খুশি ইংলিশদের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামও। তবে অধিনায়ককে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে নারাজ তিনি।
প্রতিযোগিতামূলক ক্রিকেটে স্টোকস সবশেষ বোলিং করেন গত বছরের জুনে, অস্ট্রেলিয়ার বিপক্ষে লর্ডস টেস্টে। ওয়ানডে অবসর ভেঙে ভারত বিশ্বকাপেও খেলেন তিনি কেবল ব্যাটসম্যান হিসেবে। ভারতের বিপক্ষে চলতি টেস্ট সিরিজেও বোলিং না করারই কথা গত নভেম্বরে হাঁটুতে অস্ত্রোপচার করানো স্টোকসের।
কিন্তু ভারতে আসার পর বোলিংয়ে উন্নতি করছেন তিনি। বিশাখাপাত্নামে দ্বিতীয় টেস্টের আগে বোলিং অনুশীলন শুরু করেছেন। রাজকোট টেস্টের আগে ও ম্যাচটি চলাকালে অনুশীলনের তীব্রতা বাড়িয়েছেন এবং পুরো গতিতে বোলিং করেছেন।
ভারতের বিপক্ষে রোববার তৃতীয় টেস্টে বাজেভাবে হারের পর স্টোকস বলেন, প্রত্যাশার চেয়ে দ্রুত ফিট হয়ে উঠছেন তিনি। এমনকি রাজকোটেও বোলিং করতে পারবেন বলে মনে হচ্ছিল তার।
পরের ম্যাচে বোলিং করবেন কিনা এমন প্রশ্ন করা হলে স্টোকস সেই সম্ভাবনা ঝুলিয়ে রাখেন অনিশ্চয়তার সুতোয়।
“(রাঁচিতে বোলিং করা নিয়ে) আমি হ্যাঁ বলছি না, আবার না-ও বলছি না। বেশিরভাগ বিষয়েই আমি সবসময় বেশি আশাবাদী থাকি। বড় ঝুঁকি থেকে নিজেকে মুক্ত রাখার জন্য কতটুকু ওয়ার্কলোড আমার জন্য প্রযোজ্য, সেটি নিয়ে চিকিৎসকদের সঙ্গে বিশদভাবে আলোচনা করতে হবে।”
“এখানে (রাজকোট) দিনের খেলার শুরুতে গা-গরমের সময় আমি শতভাগ দিয়ে বোলিং করতে পেরেছি। যাতে বেশ ভালো অনুভব করেছি। মনে হচ্ছিল, আমি এই ম্যাচেই বোলিং করতে পারব কিন্তু সেটা হতো বোকামি।”
স্টোকসের বোলিংয়ে ফেরার আত্মবিশ্বাসে উচ্ছ্বসিত ম্যাককালাম। তবে সাংবাদিকদের সঙ্গে সোমবার আলাপকালে তিনি বলেন, অযথা নিজের ওপর জোর খাটাক স্টোকস, সেটা চান না তারা।
“এটা ভালো ব্যাপার যে, সে (স্টোকস) আসলে এমন একটা অবস্থায় আছে, মনে করছে সে বোলিং করতে পারবে। তবে বেন অনেক চতুর; সত্যিই অনেক চালাক। যতক্ষণ না সে মনে করবে বোলিং করতে পুরোপুরি প্রস্তুত ততক্ষণ সে বোলিং করবে না। যদি সে কোনো স্পেল শুরু করার পর সেটা করতে না পারে। তাই কী হয় সেটা আমরা দেখব।”
হায়দরাবাদ টেস্টে জয় দিয়ে ভারত সফর শুরু করা ইংল্যান্ড টানা দুই হারে এখন ২-১ ব্যবধানে পিছিয়ে আছে। সমতা ফেরানোর লক্ষ্যে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টেস্ট শুরু করবে তারা আগামী শুক্রবার।
