২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁধের চোটে পিএসএল শেষ রউফের

সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে লাহোর কালান্দার্সের গতিময় এই পেসারের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2024, 05:00 PM

Updated : 25 Feb 2024, 10:10 PM

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলার মাঝে বড় এক ধাক্কা খেয়েছে লাহোর কালান্দার্স। কাঁধের চোটে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন দলটির গতিময় পেসার হারিস রউফ।

লাহোরে শনিবার করাচি কিংসের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় এই চোট পান ৩০ বছর বয়সী রউফ। সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে তার।

করাচির রান তাড়ায় শেষ ওভারে ঘটে এই কাণ্ড। শেষ দুই বলে ১ রান প্রয়োজন ছিল করাচির। পঞ্চম বলটি উড়িয়ে মারেন হাসান আলি। কিন্তু টাইমিং হয়নি ঠিকঠাক, বল উঠে যায় আকাশে। লং-অফ বাউন্ডারি থেকে অনেকটা দৌড়ে এসে বল মুঠোয় জমান রউফ। কিন্তু ক্যাচ নেওয়ার পর বেকায়দায় পরে ডান কাঁধে চোট পান তিনি।

সঙ্গে সঙ্গে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তখন তার হাত গলার সঙ্গে ঝুলানো ছিল। এরপর জানা যায় কাঁধের হাড় নড়ে গেছে রউফের।

শেষ পর্যন্ত ম্যাচটি জিততে পারেনি লাহোর। তবে দলের হয়ে বোলিং ভালোই করেন রউফ। চার ওভারে ২২ রান দিয়ে নেন ১ উইকেট।

চলতি আসরে নিজেদের প্রথম চার ম্যাচেই হারল শিরোপাধারী লাহোর। চারটি ম্যাচই খেলেছেন রউফ। তবে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি, নিতে পেরেছেন স্রেফ ২ উইকেট।

পিএসএলের আগে নিউ জিল্যান্ডে পাঁচ টি-টোয়েন্টির চারটি খেলেন রউফ। যেখানে পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৭ উইকেট নেন তিনি।

সব মিলিয়ে সময়টা ভালো কাটছে না রউফের। চলতি মাসের শুরুতে তার কেন্দ্রীয় চুক্তি বাতিল করে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টেস্ট সিরিজ খেলতে গত ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে যেতে রাজি না হওয়ার জেরে এই শাস্তি দেওয়া হয় তাকে। ওই সময় অস্ট্রেলিয়ায় মেলবোর্ন স্টার্সের হয়ে বিগ ব্যাশ খেলেন তিনি।