২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের বোলিংয়ে খুশি নন সাকিব

কাঁধের চোট সেরে বোলিংয়ে ফেরার পর আরও ভালো করার জায়গা ছিল, বললেন বাংলাদেশ অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2022, 05:05 PM

Updated : 25 Dec 2022, 05:05 PM

মিরপুর টেস্টে সাকিব আল হাসানকে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে হলেও দলে রাখার পক্ষে ছিল বাংলাদেশ। তবে শেষ দিকে কাঁধের ব্যথা কমে যাওয়ায় বোলিং করেন তিনি। দুই ইনিংস মিলে দলের হয়ে সবচেয়ে বেশি উইকেটও তার। তবু নিজের বোলিং নিয়ে সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। 

শেষ ইনিংসে ভারতকে ১৪৫ রানের লক্ষ্য দিয়ে প্রথম ওভারেই বোলিংয়ে আসেন সাকিব। প্রথম বলেই লোকেশ রাহুলের বিপক্ষে করেন এলবিডব্লিউর জোরাল আবেদন। আম্পায়ার নট আউট দেওয়ার পর রিভিউ নিয়েও সফলতা মেলেনি। তবে পরের ওভারের প্রথম বলে ঠিকই ভারতীয় অধিনায়ককে ফিরিয়ে দেন বাংলাদেশ অধিনায়ক। 

শুরুর দিকের সেই আঁটসাঁট ও নিয়ন্ত্রিত বোলিং অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেননি সাকিব। শেষ বিকেলে ৬ ওভারের স্পেল করে নিজেকে আক্রমণ থেকে সরিয়ে নেন তিনি। আবার রোববার সকালের সেশনে একপ্রান্তে মেহেদী হাসান মিরাজকে দিয়ে অন্যপ্রান্তে শুরু করেন অধিনায়কই। 

এবারও শুরুতেই পান সাফল্য। সাকিবের করা দিনের প্রথম ওভারের চতুর্থ বলে এলবিডব্লিউ হন জয়দেব উনাদকাত। এরপর যেন আগের দিনের চিত্র। তিন স্পেলে আরও ৭ ওভার করেও সাফল্যের দেখা পাননি। দিনের শুরুতে যে ধার ছিল তার বোলিংয়ে, পরে তা যেন উধাও হয়ে যায়। সব মিলিয়ে ১৪ ওভারে তিনি খরচ করেন ৫০ রান। 

প্রথম ইনিংসে যদিও ৭৯ রানে ৪ উইকেট নেন তিনি। ম্যাচে তার শিকার ৬ উইকেট। গত সাড়ে তিন বছরে টেস্টে তার সেরা বোলিং পারফরম্যান্স এটি। তবে নিজের মানদণ্ড এতটা উঁচু তারে বেঁধে দিয়েছেন তিনি, এই পারফরম্যান্সেও অতৃপ্তির কথা বললেন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে। 

“আমার মনে হয়, আমি আরও ভালো বল করতে পারি। ধারাবাহিকভাবে আরও ভালো জায়গায় বল করতে পারতাম। যেটা হয়তো একটু আমার জন্য হতাশাজনক। আমার যে সামর্থ্য ও মান, আমি মনে করি যে আরও ভালো জায়গায় বল করতে পারতাম।” 

এর আগে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে প্রথম দিনের পর কাঁধের চোটে বোলিং করতে পারেননি সাকিব। ওই ম্যাচে তিন স্পেলে ১২ ওভার করে উইকেটশূন্য থাকেন তিনি।