রশিদকে পেয়ে ওয়ানডে সিরিজে ভালো কিছুর আশায় আফগান অধিনায়ক
টেস্টে বাংলাদেশের কাছে বিধ্বস্ত হলেও সাদা বলের সিরিজে রশিদ খানকে নিয়ে বড় আশা আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদির।
টেস্টে রশিদ খান ছিলেন না, ছিল না আফগানদের তেজও। সাদা বলের ক্রিকেটে ফিরেছেন এই লেগ স্পিনার, আফগান অধিনায়কের কণ্ঠেও তাই আত্মবিশ্বাসের সুর। দলের বোলিং আক্রমণের মূল অস্ত্রকে পেয়ে ওয়ানডে সিরিজে বড় আশার রসদ দেখছেন হাশমতউল্লাহ শাহিদি।
গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে চোটে পড়েন রশিদ। যে কারণে প্রথম দুই ওয়ানডে খেলতে পারেননি তিনি। পরে শেষ ম্যাচে ফিরলেও দলের গুরুত্বপূর্ণ সদস্যকে কদিন পরই মিরপুর টেস্টে খেলানোর ঝুঁকি নিতে চায়নি আফগানিস্তান টিম ম্যানেজমেন্ট।
রশিদকে ছাড়া বাংলাদেশের বিপক্ষে ৫৪৬ রানের বিব্রতকর পরাজয়ের স্বাদ পান আফগানরা। ওই তিক্ত অভিজ্ঞতা ভুলে এবার নিজ দলকে নিয়ে ওয়ানডে সিরিজে তাকিয়ে আফগান অধিনায়ক শাহিদি। আর তার জন্য বাড়তি ভরসা হয়ে দলে ফিরেছে ২৪ বছর বয়সী লেগ স্পিনার।
বাংলাদেশের বিপক্ষে রশিদের পারফরম্যান্স বেশ উজ্জ্বল। ওয়ানডেতে এখন পর্যন্ত ৯ ম্যাচে তিনি পেয়েছেন ১৫ উইকেট। ওভারপ্রতি খরচ স্রেফ ৩.৮৫ রান! গত বছর এই দুই দলের সিরিজে আফগানিস্তানের একমাত্র জয়ে ৩৭ রানে ৩ উইকেট নিয়ে বড় অবদান রাখেন তিনি।
বছর ঘুরে আরেকটি সিরিজ শুরুর অপেক্ষায় দুই দল। তার আগে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সোমবার দলের অনুশীলন শেষে রশিদকে নিয়ে নিজের বড় প্রত্যাশার কথা জানান শাহিদি।
“সে আমাদের জন্য অনেক বড় নাম। একাদশে যখন রশিদের মতো ক্রিকেটার থাকে, অধিনায়ক হিসেবে এটি আমাকে অনেক বেশি আত্মবিশ্বাস দেয়। এটি আমাদের জন্য ইতিবাচক দিক। সে টেস্ট ম্যাচটি খেলেনি। এখন ওয়ানডে সিরিজে আছে। আমি জানি, সে আমাদের জন্য ভালো কিছু করবে।”
মিরপুরে ওই বড় পরাজয়ের টেস্টে বাংলাদেশের তিন পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরির বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হয়েছে আফগানিস্তানের ব্যাটসম্যানদের।
ওয়ানডে সিরিজের আগে তাই পেসারদের নিয়ে বাড়তি সতর্ক সফরকারীরা। টেস্ট হারের পর ঈদের ছুটি কাটাতে দেশে না ফিরে সংযুক্ত আরব আমিরাতে অনুশীলন ক্যাম্প করেছে তারা।
“টেস্ট ম্যাচটি আমাদের অনেক শিক্ষা দিয়েছে। তো আমরা এখন ভালোভাবে প্রস্তুত। আবু ধাবিতে আমরা ১৫ দিনের ক্যাম্প করেছি। টেস্টে যা করতে পারিনি, এবার আমরা সবকিছুর জন্যই প্রস্তুত।”
“ওয়ানডে দলের কয়েকজন ক্রিকেটার টেস্ট ম্যাচে ছিল না। আমরা জানি, কী হতে পারে বা কী হতে যাচ্ছে। সবকিছুর জন্য আমরা প্রস্তুতি নেব। পেস বোলারদের বিপক্ষে আমরা অনেক অনুশীলন করেছি।”
সাদা পোশাকের ম্যাচে তেমন লড়াই করতে না পারলেও সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে তুলনামূলক ভালো দল তারা। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে স্রেফ ১৫ ম্যাচ খেলেই মূল পর্বের সরাসরি টিকেট নিশ্চিত করেছে তারা।
২০২১ সালের শুরু থেকে এখনও পর্যন্ত ১৮ ম্যাচে ১২ জয়ের বিপরীতে তারা হেরেছে স্রেফ ৫টি। তাই ওয়ানডে সিরিজে ভালো করার আশা আফগানিস্তানের অধিনায়কের।
“বাংলাদেশ সবসময় নিজেদের মাঠে ভালো খেলে। ওয়ানডেতে গত কয়েক বছর ধরে তারা ভালো খেলছে। তবে আমরাও ভালোভাবে প্রস্তুতি নিয়ে এসেছি। আমরা ওয়ানডেতে গত দুই বছর ভালো খেলেছি।”
“সুপার লিগ থেকে আমরা সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করেছি। আমরা ৯টি ম্যাচ খেলিনি। তবু এর মধ্যেই আমরা কোয়ালিফাই করেছি। আমরা এখানে ভালো খেলতে চাই। দুই দলের মধ্যে ভালো একটি লড়াই হবে।”
শাহিদির আগে সংবাদ সম্মেলন করা বাংলাদেশের প্রধান কোচের কণ্ঠেও শোনা যায় প্রায় একই কথা। টেস্টে আফগানিস্তানকে উড়িয়ে দিলেও ওয়ানডের আগে কিছুটা সতর্ক চান্দিকা হাথুরুসিংহে।
“এখন ভিন্ন সংস্করণ এবং দুই দলই ভিন্ন। টেস্ট ম্যাচের জয় নিয়ে আমরা খুবই সন্তুষ্ট। তবে এখন এটি পুরোপুরি ভিন্ন খেলা। সম্প্রতি তারা খুব ভালো ক্রিকেট খেলছে। তাদের বোলিং আক্রমণ খুব ভালো। তাদের ওপরের চার ব্যাটসম্যান গত কয়েক বছরে প্রতিষ্ঠিত হয়ে গেছে। ওয়ানডেতে তারা বেশ শক্তিশালী দল।”
