২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আইপিএলের সময় ‘৮-১০ দিনের জন্য’ মুস্তাফিজকে দেশে ফেরাতে চায় বিসিবি

৯ কোটি ২০ লাখ রুপিতে আইপিএলে দল পেলেও পুরো আসরে খেলা নিয়ে অনিশ্চয়তা আছে মুস্তাফিজুর রহমানের, আইপিএল চলার সময় দেশের মাঠে বাংলাদেশের সিরিজ আছে নিউ জিল্যান্ডের বিপক্ষে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2025, 09:34 AM

Updated : 26 Aug 2026, 05:20 PM

নিলামে ৯ কোটি ২০ লাখ রুপির চমকের রেশ মিলিয়ে যায়নি এখনও। এর মধ্যেই শুরু হয়ে গেছে নতুন আলোচনা, মুস্তাফিজুর রহমান এই অর্থ পুরোপুরি পাবেন কি না বা পুরো আইপিএল খেলার অনুমতি পাবেন কি না। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন জানালেন, নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলতে বাঁহাতি এই পেসারকে দেশে ফেরানোর চিন্তা আছে তাদের। বিসিবি সভাপতি আমিনুল ইসলামও জানিয়ে দিলেন, দেশের খেলাই সবকিছুর আগে। 

নিলামে এবার চেন্নাই সুপার কিংসের সঙ্গে তুমুল লড়াইয়ের পর বাংলাদেশের রেকর্ড পারিশ্রমিকে মুস্তাফিজকে পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। ভারতের ফ্র্যাঞ্চাইজি এই লিগের নতুন আসর শুরু আগামী ২৬ মার্চ, টুর্নামেন্ট চলবে ৩১ মে পর্যন্ত। এপ্রিল মাসে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে নিউ জিল্যান্ড। 

ওয়ানডে সিরিজটি বাংলাদেশের জন্য দারুণ গুরুত্বপূর্ণ ২০২৭ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার লড়াইয়ে থাকার জন্য। টি-টোয়েন্টিতে মুস্তাফিজ দলের বোলিং আক্রমণের বড় ভরসা ও অসাধারণ ফর্মে আছেন গত কিছুদিন ধরে। যদিও বিশ্বকাপের পরপর এই টি-টোয়েন্টি সিরিজের বাড়তি তেমন কোনো গুরুত্ব নেই।  

ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমূল আবেদীন ফাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ইঙ্গিত দিয়ে রাখলেন, অন্তত ওয়ানডে সিরিজ খেলতে মুস্তাফিজকে দেশে ফেরানো হতে পারে। 

“এপ্রিলে আমাদের ঘরের মাঠে নিউ জিল্যান্ডের মতো দলের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ আছে। ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার জন্য এই সিরিজ খুব গুরুত্বপূর্ণ। তাই সে সময় ওকে ৮–১০ দিনের জন্য এই সিরিজটি খেলানোর চিন্তা আছে।”

পুরো আইপিএলের জন্য মুস্তাফিজকে অনাপত্তিপত্র দেওয়ার ক্ষেত্রে নাজমূলের মতোই সুর আমিনুল ইসলাম বুলবুলের কণ্ঠে।  বিসিবি সভাপতি বুধবার রাতে একটি অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, দেশের খেলার ওপরে কোনো কিছু নেই।  

“অনাপত্তিপত্র নিয়ে সভাপতি হিসেবে আমি সংশ্লিষ্ট বিভাগে হস্তক্ষেপ করি না। এটা নির্ভর করে আইপিএলের সূচির সঙ্গে আমাদের আন্তর্জাতিক ক্রিকেটের কোথাও সংঘাত হচ্ছে কি না এবং যে ফরম্যাটে ওই খেলোয়াড় খেলে, তার সঙ্গে কোনো দ্বন্দ্ব রয়েছে কি না। তবে অবশ্যই দেশের স্বার্থই সর্বোচ্চ, তারপর আসে সব কিছু।”

বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফিস জানিয়েছেন, মুস্তাফিজ এখনও বিসিবির কাছে অনাপত্তিপত্র নিয়ে কোনো কথা বলেনি। তিনি চাওয়ার পর বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। 

তবে এটা নিশ্চিত, আইপিএল চলার সময় দেশের মাঠে বাংলাদেশের সিরিজ আছে, সেটি নিলামের আগেই আইপিএল কর্তৃপক্ষকে জানানো হয়েছিল এবং মুস্তাফিজকে কিছুদিনের জন্য পাওয়া যাবে না জেনেই তাকে নিলামে পেতে মরিয়া ছিল চেন্নাই ও কলকাতা।