২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড ব্যবধানে হারের কারণ জানতে চায় লঙ্কান বোর্ড

ভারতের বিপক্ষে ৩১৭ রানে হারের কারণ দর্শাতে দলের ম্যানেজারকে বলেছে শ্রীলঙ্কা ক্রিকেট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2023, 07:34 PM

Updated : 16 Jan 2023, 07:51 PM

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ক্রমেই বাজে হয়েছে শ্রীলঙ্কার পারফরম্যান্স। কিন্তু শেষ ম্যাচে এতটাই খারাপ করেছে লঙ্কানরা, যার ব্যাখ্যা খুঁজছে বোর্ড। তৃতীয় ওয়ানডেতে রেকর্ড রানে হারের কারণ দর্শাতে দলের ম্যানেজারকে বলেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

এক বিবৃতিতে সোমবার বিষয়টি জানিয়েছে এসএলসি।

সফরে প্রথম ওয়ানডেতে ভারতের ৩৭৩ রান তাড়ায় শ্রীলঙ্কা করতে পেরেছিল ৩০৬। পরের ম্যাচে লঙ্কানদের ২১৫ রান ৪ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় রোহিত শর্মার দল। নিশ্চিত করে ফেলে সিরিজ জয়।

হোয়াইটওয়াশ এড়াতে রোববার তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামে শ্রীলঙ্কা। কিন্তু কোনো লড়াই-ই করতে পারেনি তারা। তাদেরকে স্রেফ উড়িয়ে দিয়ে ৩১৭ রানের জয়ে তুলে নেয় ভারত।

ওয়ানডে ইতিহাসে তিনশ রানে হারেনি আরও কোনো দল। সর্বোচ্চ রানে হারের আগের রেকর্ড ছিল আয়ারল্যান্ডের। ২০০৮ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ২৯০ রানে হেরেছিল আইরিশরা।

থিরুভানান্থাপুরামে শুবমান গিল ও বিরাট কোহলির সেঞ্চুরিতে ৩৯০ রান করে ভারত। রান তাড়ায় স্রেফ ৭৩ রানে গুটিয়ে যায় দাসুন শানাকার দল। তাদের হয়ে কেবল তিন জন যেতে পারেন দুই অঙ্কে, যেখানে সর্বোচ্চ ছিল স্রেফ ১৯ রান।

ভারতের বিপক্ষে এমন বাজে ব্যাটিং ওয়ানডেতে আগে কখনও করেনি শ্রীলঙ্কা। আগের সর্বনিম্ন ছিল ৯৬, ১৯৮৪ ও ২০১৩ সালে দুই দফায় করেছিল তারা।

দলের ম্যানেজারকে এই হতশ্রী পারফরম্যান্সের কারণ তুলে ধরে প্রতিবেদন তৈরি করতে বলেছে এসএলসি। আগামী ৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রতিবেদনে অধিনায়ক শানাকা, প্রধান কোচ ক্রিস সিলভারউড, নির্বাচক প্যানেল ও ম্যানেজারের মতামত তুলে ধরতে বলা হয়েছে।