২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ জিল্যান্ডে অঘটন ঘটানোর আশায় নিগারদের নতুন কোচ

ভালো প্রস্তুতি নিতে পারলে নিউ জিল্যান্ডকে তাদের দেশে হারানো সম্ভব বলে মনে করেন বাংলাদেশ নারী দলের কোচ হাশান তিলকারত্নে।

নিউ জিল্যান্ডে অঘটন ঘটানোর আশায় নিগারদের নতুন কোচ

বাংলাদেশ নারী দলের কোচ হাশান তিলকারত্নে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2022, 09:09 PM

Updated : 07 Nov 2022, 09:15 PM

উপমহাদেশের দলগুলির জন্য নিউ জিল্যান্ডে গিয়ে খেলা সবসময়ই কঠিন। সেখানে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই অনেক সময় হিমশিম খেতে হয়। বাংলাদেশ নারী দলের নতুন কোচ হাশান তিলকারত্নেও বুঝতে পারছেন বাস্তবতা। তবে সেরা প্রস্তুতি নিতে পারলে নিউ জিল্যান্ডকে তাদের মাটিতে হারানো সম্ভব বলে মনে করেন তিনি।

ঘরের মাঠে গত এশিয়া কাপে ব্যর্থতার পর সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক তিলকারত্নেকে দায়িত্ব দেয় বিসিবি। ৩১ অক্টোবর ঢাকায় এসে পরদিন থেকে কাজ শুরু করেন তিনি।

আগামী মাসে নিউ জিল্যান্ডে তিনটি ওয়ানডে খেলবে নিগার সুলতানা, ফারজানা হকরা। এই সিরিজ দিয়ে আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করবে বাংলাদেশ।

নিউ জিল্যান্ডেই বছরের শুরুতে বিশ্বকাপ খেলে এসেছে মেয়েরা। প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ওই আসরে সাত ম্যাচের একটি জিতে আট দলের মধ্যে সাতে থেকে অভিযান শেষ করেছিল নিগার সুলতানার দল।

একমাত্র জয়টি ছিল পাকিস্তানের বিপক্ষে। নিউ জিল্যান্ডের বিপক্ষে বৃষ্টির কারণে ২৭ ওভারে নেমে আসা ম্যাচে ব্যাটিংয়ে দুর্দান্ত শুরুর পরও শেষ পর্যন্ত ম্যাচটি ৯ উইকেটে হেরে যায় বাংলাদেশ।

নিউ জিল্যান্ডের বিপক্ষে এখনও পর্যন্ত ওই একটি ওয়ানডেই খেলেছে বাংলাদেশের মেয়েরা। আন্তর্জাতিক ক্রিকেটে দল দুটির দেখা হয়েছে আর একবারই। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নে নিউ জিল্যান্ডকে ৯১ রানে গুটিয়ে দিয়েও ব্যাটিং ব্যর্থতায় হেরেছিল বাংলাদেশ।

আসছে সফরে নিউ জিল্যান্ডে বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ ডিসেম্বর, ওয়েলিংটনের বেসিন রিজার্ভে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ২৪ নভেম্বর সেখানে যাবে দল।

সফর সামনে রেখে বেশ কিছুদিন ধরে মিরপুরে চলছে মেয়েদের প্রস্তুতি ক্যাম্প। সেখানেই সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিলকারত্নে বললেন, নিউ জিল্যান্ডে ভালো করার ব্যাপারে তারা আশাবাদী।

“প্রস্তুতির শুরুটা খুব ভালো হয়েছে। আমরা গত দুই দিন টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দিকগুলো নিয়ে ইনডোরে কাজ করেছি। এখন আউটডোরে সেটা নিয়ে কাজ করছি। যদি ভালো প্রস্তুতি নিতে পারি, তাহলে নিউ জিল্যান্ডকে হারানোর আশা করতে পারি।”

“আমরা জানি, নিউ জিল্যান্ডের কন্ডিশন কঠিন হবে। মেয়েরাও জানে তাদের সামনে কী অপেক্ষা করছে। আশা করি, ওরা মানিয়ে নিতে পারবে। অঘটনও ঘটাতে পারবে।”

মেয়েদের বোলিং আর ফিল্ডিং এমনিতে দারুণ। বড় ঘাটতি ব্যাটিংয়ে। গত মাসে এশিয়া কাপে যেমন শ্রীলঙ্কার বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১০ উইকেট হাতে নিয়ে ৭ ওভারে ৪১ রানের লক্ষ্য তাড়ায় নেমেও নাটকীয়ভাবে হেরে যায় ৩ রানে।

নতুন কোচ তাই মনোযোগ দিচ্ছেন ব্যাটিংয়ের দিকেই। সামনে এই জায়গায় বাংলাদেশ ভালো করবে বলেই বিশ্বাস তার।

“বাংলাদেশের বোলিং খুবই ভালো। ফিল্ডিংও ভালো। আমি মনোযোগ দিচ্ছি ব্যাটিংয়ে। ওদের ক্রিকেট জ্ঞান ভালো। এখন ধৈর্য ধরে ওদের গড়ে তোলাটা গুরুত্বপূর্ণ। পাওয়ার হিটিং, স্ট্রাইক রোটেশন- এসব জায়গাকে আমি দুর্বলতা বলব না। এসব জায়গায় আমি উন্নতি করার সুযোগ দেখছি।”

“আমরা কীভাবে আরও বেশি স্ট্রাইক রোটেট করতে পারি, সে চেষ্টা করছি। বল খাওয়া, ডট বল দেওয়া- এই জায়গায় আমাদের উন্নতি করার সুযোগ আছে। আমি নিশ্চিত, এই জায়গায় আমরা সামনে আরও ভালো করব।”

সিলেটে অনুষ্ঠিত এশিয়া কাপে শ্রীলঙ্কার প্রধান কোচ হিসেবে এসেছিলেন তিলকারত্নে। ফাইনালে ভারতের কাছে হারে তার দল। ওই টুর্নামেন্টের সময়ই তার সঙ্গে প্রাথমিক কথাবার্তা বলেছিল বিসিবি। পরে দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া হয় শ্রীলঙ্কার ১৯৯৬ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারকে।

শ্রীলঙ্কার হয়ে ৮৩ টেস্ট ও ২০০ ওয়ানডে খেলা তিলকারত্নে অবসরের পর শ্রীলঙ্কা দলের নির্বাচক ছিলেন। শ্রীলঙ্কার ছেলেদের সিনিয়র দল ও অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গেও বিভিন্ন কোচিং ভূমিকায় কাজ করেছেন।

তাকে বাংলাদেশের মেয়েদের কোচ করে আনায় বিসিবির প্রতি কৃতজ্ঞতা জানালেন তিনি। এখন সামনের চ্যালেঞ্জ জয়ে ঝাঁপিয়ে পড়তে চান ৫৫ বছর বয়সী এই কোচ।

“আমি বিসিবিকে ধন্যবাদ জানাতে চাই। কারণ, তারা আমার ওপর আস্থা রেখেছে। কাজটা অবশ্যই চ্যালেঞ্জিং। আর মেয়েদের ক্রিকেট আর ছেলেদের ক্রিকেটের পার্থক্যও আছে। মেয়েদের ক্রিকেটে অনেক বেশি ধৈর্যশীল হতে হয়। এখানে ক্রিকেটারদের গড়ে তোলার মানসিকতা প্রয়োজন।”

“আমি ওদের অনেকবার প্রতিপক্ষ হিসেবে দেখেছি। জানি ওরা কতটা প্রতিভাবান। আমি নিশ্চিত ওরা সামনে বাংলাদেশকে অনেক কিছু উপহার দেবে।”