‘অভিষেকের’ স্বাদ পেলেন ম্যাথিউস
প্রায় তিন বছর পর শ্রীলঙ্কার জার্সিতে টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরে নতুন করে শুরুর মতোই মনে হয়েছে ৩৬ বছর বয়সী অলরাউন্ডারের।
অ্যাঞ্জেলো ম্যাথিউসের আন্তর্জতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের এপিটাফ লিখে ফেলেছিলেন অনেকেই। সেই তার নতুন শুরু হলো ৩৬ বছর বয়সে। ফিরলেন তিনি ফেরার মতোই। বিপর্যয় থেকে দলকে উদ্ধার করে এগিয়ে নিলেন জয়ের পথে। ফেরার ম্যাচে ম্যান অব দা ম্যাচ হয়ে অভিজ্ঞ অলরাউন্ডার বললেন, নতুন করে অভিষেকের অনুভূতি হয়েছে তার।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ দিয়ে রোববার প্রায় তিন বছর পর শ্রীলঙ্কার জার্সিতে টি-টোয়েন্টিতে ফেরেন ম্যাথিউস। খুব চমকপ্রদ কিছু অবশ্য করতে পারেননি। তবে যা করেছেন, দলের জয়ের জন্য যথেষ্ট হয় সেটিই।
ম্যাচের শুরুই হয় তার হাত ধরে। নতুন বলে পাওয়ার প্লের ভেতর নিয়ন্ত্রিত দুটি ওভার করেন তিনি। শরীর বেশ ভারী হলেও ফিল্ডিংয়ে ডাইভ দিয়ে, চেষ্টা করে রান বাঁচান কিছু। পরে যখন ব্যাটিংয়ে নামেন, ১৪৪ রান তাড়ায় শ্রীলঙ্কা তখন ৪ উইকেট হারিয়ে ফেলেছে ৫১ রানে। একটু পর স্কোর হয়ে যায় ৬ উইকেটে ৮৩।
দাসুন শানাকাকে সঙ্গী করে সেখান থেকেই দলকে টেনে নেন ম্যাথিউস। শুরুতে অবশ্য টাইমিং করতে ও গ্যাপ পেতে ধুঁকছিলেন তিনি। বিশেষ করে, সিকান্দার রাজা ও ওয়েলিংটন মাসাকাদজার স্পিনে তিনি আটকে যান। এক পর্যায়ে তার রান ছিল ১৫ বলে ৬।
পরে আস্তে আস্তে নিজেকে খুঁজে পান। বড় কিছু শট খেলেন। শানাকার সঙ্গে কার্যকর জুটি গড়ে তোলেন। শেষ ৪ ওভারে তাদের প্রয়োজন পড়ে ৪৬ রানের। সেই সমীকরণ মেটানোর পথেও এগিয়ে যান তারা।
শেষ ওভারে যখন প্রয়োজন ১৪ রান, ব্লেসিং মুজারাবানির প্রথম দুই বলেই দুর্দান্ত দুটি শটে বাউন্ডারি আদায় করে লক্ষ্য নাগালে নিয়ে আসেন ম্যাথিউস।
কাজ অবশ্য শেষ করতে পারেননি। ওভারের চতুর্থ বলে মিড উইকেট সীমানায় ধরা পড়েন তিনি ছক্কার চেষ্টায়। তবে শেষ দুই বলে বাউন্ডারি ও দুই রান নিয়ে শ্রীলঙ্কাকে ৩ উইকেটের জয় এনে দেন দুশমান্থা চামিরা। ১৮ বলে ২৬ রানে অপরাজিত থাকেন শানাকা।
৩৮ বলে ৪৬ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার পান ম্যাথিউস। ম্যাচ শেষে তিনি বললেন, ফেরার ম্যাচে তার অনুভূতি হয়েছে প্রথম ম্যাচের মতোই।
“মনে হচ্ছিল যেন অভিষেক ম্যাচ খেলছি… প্রায় তিন বছর পর খেলছি। তবে কারও কাছে কিছু প্রমাণ করার চেষ্টা করিনি আমি। আমার জন্য এটি আরেকটি সুযোগ ছিল শ্রীলঙ্কার হয়ে মাঠে নামার ও দেশের জন্য খেলার।”
প্রেমাদাসা স্টেডিয়ামের উইকেটে এমনিতে অনেক সময়ই রানের জোয়ার দেখা যায়। তবে এই ম্যাচে উইকেট ছিল মন্থর। ম্যাচের পরের ভাগে তা আরও মন্থর হতে থাকে। কাজটা তাই চ্যালেঞ্জিং ছিল, বললেন ম্যাথিউস।
“উইকেট খানিকটা ধীরগতির ছিল। ব্যাট করা ও শট খেলা সহজ ছিল না। জিম্বাবুয়েও খুব ভালো লড়াই করে আমাদের কাজ কঠিন করে তুলেছে। তবে শেষ দিকে দাসুন (শানাকা) সত্যিই ভালো খেলেছে।”
“এই উইকেটে লক্ষ্যটা আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল এবং প্রয়োজন ছিল ভালো শুরু। দুর্ভাগ্যজনকভাবে আমরা শুরুতে উইকেট হারাই, মাঝের ওভারগুলোতেও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট পড়তে থাকে ক্রমাগত। আমি তাই চেষ্টা করেছি উইকেট আঁকড়ে রাখতে, দাসুন শেষদিকে দুর্দান্ত খেলেছে।”
একই মাঠে মঙ্গলবার সিরিজ জয় নিশ্চিত করতে মাঠে নামবেন ম্যাথিউস-শানাকারা।
