২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৯৫ রানেই আটকে রইলেন খাওয়াজা

সিডনি টেস্টের তৃতীয় দিনের খেলা ভেসে গেল বৃষ্টিতে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2023, 01:35 PM

Updated : 06 Jan 2023, 01:35 PM

উসমান খাওয়াজার প্রথম ডাবল সেঞ্চুরির অপেক্ষা দীর্ঘায়িত হলো আরও। দ্বিতীয় দিন শেষে ১৯৫ রানে অপরাজিত থাকা ওপেনার একই স্কোরে রয়ে গেলেন তৃতীয় দিন শেষেও। বৃষ্টিতে যে একটি বলও হতে পারল না এ দিন। 

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার সিডনি টেস্টের তৃতীয় দিনের খেলা ভেসে গেল বৃষ্টিতে। 

প্রথম দিন থেকে বৃষ্টি ও আলোকস্বল্পতা মিলিয়ে তিন দিনে এখনও পর্যন্ত শেষ হয়নি ম্যাচের একটি ইনিংসও। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার রান ৪ উইকেটে ৪৭৫। 

ম্যাচের প্রথম দিনে খেলা হয় স্রেফ ৪৭ ওভার। পরদিন প্রায় পুরোটা খেলা হতে পারে। এ দিনই সেঞ্চুরি করে আউট হয়ে যান স্টিভেন স্মিথ। খাওয়াজা প্রথম দিন থেকে ব্যাট করে দ্বিতীয় দিন শেষ করেন ডাবল সেঞ্চুরির দুয়ারে গিয়ে। এখনও তাকে সেখানেই থমকে থাকতে হচ্ছে। 

অস্ট্রেলিয়া ইনিংস ঘোষণা না করলে ১৯৫ রান করা খাওয়াজার সঙ্গে ব্যাটিংয়ে নামবেন ম্যাট রেনশ। 

আবহাওয়া ভালো থাকলে শেষ দুই দিনই খেলা শুরু হবে আধ ঘণ্টা আগে। খেলা হবে সম্ভাব্য ১৯৬ ওভার। 

আগের দুই টেস্ট জিতেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া।