২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার নতুন ওয়ানডে অধিনায়ক কামিন্স

প্রথম পেসার হিসেবে সাদা বলে অস্ট্রেলিয়ার অধিনায়ক হলেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2022, 12:37 PM

Updated : 18 Oct 2022, 12:37 PM

আলোচনায় ছিলেন বেশ কয়েকজনই। তবে ওয়ানডেতে নিজেদের নতুন অধিনায়ক হিসেবে প্যাট কামিন্সকেই বেছে নিল অস্ট্রেলিয়া। টেস্টের পর এবার ৫০ ওভারের সংস্করণের দায়িত্বও এই ফাস্ট বোলারের কাঁধে।

ক্রিকেট অস্ট্রেলিয়া মঙ্গলবার কামিন্সকে অধিনায়ক করার ঘোষণা দেয়। ২৯ বছর বয়সী এই ক্রিকেটারের নেতৃত্বে ভারতে অনুষ্ঠেয় ২০২৩ বিশ্বকাপে খেলবে অস্ট্রেলিয়া। 

অস্ট্রেলিয়ার ২৭তম ওয়ানডে অধিনায়ক কামিন্স। সাদা বলে দেশটির ক্রিকেট ইতিহাসে প্রথম ফাস্ট বোলার হিসেবে নেতৃত্ব দেবেন তিনি। নব্বই দশকের শেষ দিকে ১১ ওয়ানডেতে অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন শেন ওয়ার্ন। প্রয়াত এই লেগ স্পিনারের পর বোলারদের মধ্যে তিনিই প্রথম নেতা। 

গত সেপ্টেম্বরে অ্যারন ফিঞ্চ ওয়ানডে থেকে অবসর নেওয়ায় এই সংস্করণের অধিনায়কের পদটি খালি হয়। ফিঞ্চ অবশ্য এখনও নেতৃত্ব দিচ্ছেন টি-টোয়েন্টি দলকে। তার নেতৃত্বে ঘরের মাঠে চলমান ২০ ওভারের বৈশ্বিক আসরে অংশ নিয়েছে অস্ট্রেলিয়া। 

দলটির নতুন ওয়ানডে অধিনায়কের আলোচনায় ছিলেন স্টিভেন স্মিথ, অ্যালেক্স কেয়ারি, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ। সবচেয়ে বেশি কথা হয়েছে ডেভিড ওয়ার্নারকে নিয়ে। কিন্তু নেতৃত্বে আজীবনের নিষেধাজ্ঞা বহাল থাকায় তাকে বিবেচনা করা সম্ভব হয়নি। 

২০১৮ সালে কেপ টাউনে বল টেম্পারিং কাণ্ডে ওয়ার্নারকে এক বছরের জন্য ক্রিকেট ও আজীবনের জন্য নেতৃত্ব থেকে নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই শাস্তি থেকে তাকে মুক্তি দিতে দেশটির ক্রিকেটে অনেক দিন ধরেই চলছে আলোচনা। আচরণবিধিতে পরিবর্তন আনার চেষ্টাও চালায় বোর্ড। তবে এখনও সেটা হয়নি। 

কামিন্সের কোনো সহকারী ঘোষণা করেনি অস্ট্রেলিয়ার বোর্ড। গত রোববার এই পেসার বলেছিলেন, নেতৃত্ব ভাগাভাগি করতে চাওয়ার কথা। তবে নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিতই মনে হলো তাকে। 

“আমি ফিঞ্চির (অ্যারন ফিঞ্চ) নেতৃত্বে খেলা উপভোগ করেছি এবং তার নেতৃত্ব থেকে প্রচুর শিখেছি। সেই গুরুত্বপূর্ণ জায়গা পূরণ করতে হবে, যদিও আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে অনেক অভিজ্ঞ ক্রিকেটার নিয়ে আমাদের ওয়ানডে দল গড়া।” 

২০১১ সালে ওয়ানডে অভিষেক হওয়া কামিন্স এখন পর্যন্ত এই সংস্করণে ৭৩ ম্যাচ খেলেছেন। ২৮.০৪ গড়ে যেখানে তার উইকেট ১১৯টি। পাঁচ উইকেট পেয়েছেন একবার। 

গত বছর অ্যাশেজ সিরিজের আগে টেস্টের অধিনায়কত্ব পান কামিন্স। তার নেতৃত্বে সাদা পোশাকে ভালোই করছে অস্ট্রেলিয়া। অ্যাশেজে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে তারা ৪-০ ব্যবধানে। এখন পর্যন্ত কামিন্সের নেতৃত্বে ৯ টেস্টের ৫টি জিতেছে দল, হেরেছে একটি। 

কামিন্সকে ওয়ানডের অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার জন্য তার টেস্টের নেতৃত্বকে মূল্যায়ন করা হয়েছে, বললেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি। 

“টেস্ট দলের অধিনায়কত্ব নেওয়ার পর থেকে প্যাট অসাধারণ কাজ করেছে। ভারতে ২০২৩ বিশ্বকাপে ওয়ানডে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য তার দিকে চেয়ে আছি আমরা।” 

অস্ট্রেলিয়ার পরের ওয়ানডে সিরিজ আগামী নভেম্বরে, ইংল্যান্ডের বিপক্ষে। সেই সিরিজ দিয়ে ওয়ানডে অধিনায়ক হিসেবে পথচলা শুরু হতে পারে কামিন্সের।