১৯ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩

১০-১৫ ওভার বোলিং করে ‘বিশ্বকাপের প্রস্তুতি’ বুমরাহর

চোট কাটিয়ে অবশেষে মাঠে ফিরতে যাচ্ছেন ভারতের তারকা পেসার।

১০-১৫ ওভার বোলিং করে ‘বিশ্বকাপের প্রস্তুতি’ বুমরাহর

সংবাদ সম্মেলনে জাসপ্রিত বুমরাহ। ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2023, 11:43 PM

Updated : 17 Aug 2023, 11:50 PM

জাসপ্রিত বুমরাহর দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। চোট কাটিয়ে প্রায় এক বছর পর মাঠে ফিরতে যাচ্ছেন ভারতের এই তারকা পেসার। শুরুটা হচ্ছে টি-টোয়েন্টির লড়াই দিয়ে। তবে সামনেই যেহেতু ওয়ানডে বিশ্বকাপ, বুমরাহর ম্যাচ ফিটনেস নিয়ে আগ্রহ অনেকের। ২৯ বছর বয়সী পেসার অবশ্য বললেন, বিশ্বকাপে ‘লম্বা’ স্পেলে বোলিং করতে তিনি প্রস্তুত।

ঘরের মাঠে গত বছরের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর পিঠের চোটে ছিটকে যান বুমরাহ। পরে তাকে যেতে হয় ছুরিকাঁচির নিচে। সফল অস্ত্রোপচার শেষে ব্যাঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়া সারেন তিনি।

ডাবলিনে শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে শুধু মাঠেই ফিরতে যাচ্ছেন না বুমরাহ, এই সিরিজে ভারতীয় দলের নেতৃত্বও তার কাঁধে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ডানহাতি পেসার শোনালেন, বিশ্বকাপ সামনে রেখে কীভাবে প্রস্তুত করেছেন নিজেকে।

“বিশ্বকাপের আগে যে আমাদের আর টেস্ট ম্যাচ নেই, সেটা আমাদের জানা। পুনর্বাসনের সময় তাই টি-টোয়েন্টি ম্যাচের জন্য নয়, বিশ্বকাপের কথা ভাবনায় রেখেই সবসময় প্রস্তুতি নিয়েছি। আমি ১০, ১২, এমনকি ১৫ ওভার বোলিং করেছি। বেশি ওভার বল করলে পরবর্তীতে যখন কম ওভার করতে হয়, তখন সেটা সুবিধাজনকই হয়। তাই আমরা মাথায় রেখেছিলাম যে, আমরা ওয়ানডে প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছি, চার ওভারের জন্য নয়।”

আপাতত নিজেকে নিয়ে খুব বেশি প্রত্যাশা রাখছেন না বুমরাহ। খেলাটা কেবল উপভোগ করতে চান তিনি।  

“আমি অনেক দিন পর ফিরছি, আমি শুধু উপভোগ করতে চাই। আগে কখনও এত লম্বা সময় খেলা থেকে দূরে থাকিনি। আমি ভাবছি না, ‘আমি এটা করব, আমি ওটা করব’ বা ‘আমাকে অনেক অবদান রাখতে হবে।’ আমি ক্রিকেট পছন্দ করি বলে এখানে উপভোগ করতে এসেছি। প্রত্যাশা খুব বেশি রাখছি না। খেলা উপভোগ করতে এসেছি।”