মাহি ভাই ও ব্রাভোর পরামর্শ খুব কাজে লেগেছে: মুস্তাফিজ
আইপিএলে চেন্নাই সুপার কিংসে খেলার অভিজ্ঞতার গল্প শোনালেন মুস্তাফিজ, চেন্নাই দলে ডাক পাওয়ার রোমাঞ্চে নিলামের ওই রাতে ঘুমাতে পারেননি তিনি।
চেন্নাই সুপার কিংসের জার্সিতে অম্ল-মধুর সময় কাটছে মুস্তাফিজুর রহমানের। ভালো-খারাপ পারফরম্যান্স মিলিয়েই চলতি আইপিএলে এখন পর্যন্ত যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। ব্যক্তিগত এই সাফল্যের পেছনে মাহেন্দ্র সিং ধোনি ও ডোয়াইন ব্রাভোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশের তারকা পেসার। তার মতে, এই দুই তারকার পরামর্শ বেশ কাজে লেগেছে।
আইপিএলের সফলতম দুই অধিনায়কের একজন ধোনি। তার নেতৃত্বে টুর্নামেন্টের যৌথ সর্বোচ্চ পাঁচটি শিরোপা জিতেছে চেন্নাই। যদিও এবারের আসরে দলটিকে নেতৃত্ব দিচ্ছেন না তিনি। তবে ফিল্ডিং সাজানো কিংবা বোলারদের বিভিন্ন পরামর্শ দিতে তাকে দেখা যায় প্রায়ই। ধোনির দেওয়া সেসব ছোটখাটো দিক নির্দেশনা মুস্তাফিজের বোলিংয়ে দারুণ সহায়তা করছে।
চেন্নাইয়ের জার্সিতে অনেক বছর খেলা ব্রাভো এখন দলটির বোলিং কোচ। ভারতীয় ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ (১৮৩) উইকেট শিকারি ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার। নিজের সময়ে ডেথ বোলিং স্পেশালিস্ট ছিলেন তিনি। তার কাছ থেকেও অনেক কিছু শিখছেন বলে জানিয়েছেন মুস্তাফিজ।
চলতি আসরে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ১২ উইকেট মুস্তাফিজের। ওভারপ্রতি রান দিয়েছেন দশের বেশি। আসরের শুরুটা দুর্দান্ত হয়েছিল তার, বিশেষ করে ঘরের মাঠের ম্যাচগুলোয়। কিন্তু সবশেষ তিন ম্যাচেই ভীষণ খরুচে ছিলেন তিনি।
জাতীয় দলে যোগ দিতে দ্রুতই দেশে ফিরতে হবে মুস্তাফিজের। তাই চেন্নাইয়ের হয়ে খুব বেশি আর খেলার সুযোগ পাবেন না তিনি। বৃহস্পতিবার নিজেদের ইউটিউব চ্যানেলে মুস্তাফিজের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে চেন্নাই। সেখানে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি, যেখানে অনেকটা সময় জুড়ে আছে চেন্নাই দলে তার সুখকর অভিজ্ঞতার কথা।
“জাতীয় দলে যেমন সবাই ফ্রেন্ডলি, এখানে এসেও আমার তেমন কোনো অস্বস্তি বোধ হয়নি। এটাই মনে হয় অনেক বড় দিক। মাহি (এমএস ধোনি) ভাই কিছু ফিল্ডিং সেট আপ, ব্রাভো ডেথ ওভারের কিছু ফিল্ডিং সেট আপের পরামর্শ দিয়েছে, এই ছোটছোট জিনিসগুলা খুব ভালো কাজে লেগেছে।”
“বোলিং নিয়েই কথা হয় বেশি, এমনিতে বাইরে কম কথা হয়। মাঠেই কথা হয় টুকটাক, যে কোনটা করলে কী হয়। মাহি ভাই এসে আমারে বলে এটা করলে ভালো হতো।”
২০১৬ সালে প্রথমবার আইপিএলে সুযোগ পান মুস্তাফিজ। প্রথম আসরেই বাজিমাত করেন তিনি। ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে সানরাইজার্স হায়দরাবাদের একমাত্র শিরোপা জয়ে রাখেন বড় অবদান। আসরের ইমার্জিং প্লেয়ারও হন তিনি।
ততদিনে আইপিএলের দুটি শিরোপা জিতে ফেলেছে চেন্নাই, ২০১০ ও ২০১১ সালে। মুস্তাফিজ বললেন, আইপিএল ক্যারিয়ারের শুরু থেকেই চেন্নাইয়ে খেলার ইচ্ছা ছিল তার। এবার সেই দলে ডাক পাওয়ার খবর শুনে রোমাঞ্চ-উত্তেজনায় নাকি ওই রাতে ঘুমাতেই পারেননি তিনি। মুস্তাফিজকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে দলে নেয় চেন্নাই।
“চেন্নাই দলে এটা আমার প্রথমবার। যখন আমি খেলা শুরু করি, বিশেষ করে আইপিএলে ২০১৬ সালে যখন খেলি, তখন থেকে চেন্নাই দলে খেলা আমার স্বপ্ন ছিল। এবার যখন চেন্নাইয়ে সুযোগ পাওয়ার খবর পাই, ওই রাতে আমার ঘুম আসছিল না। আমার পরের দিন খেলা ছিল, আমি নিউ জিল্যান্ডে ছিলাম, রাতে আমি মনে হয় ঘণ্টাখানেকের মতো ঘুমিয়েছিলাম, এরপর থেকে দেখি শুধু ম্যাসেজ আসতেছে। সবাই অভিনন্দন জানাচ্ছিল, চেন্নাই দলে সুযোগ পাওয়ায়।”
আইপিএল এখন বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। এই টুর্নামেন্টে খেলার জন্য মুখিয়ে থাকেন ক্রিকেটাররা। তারকায় ঠাসা থাকে প্রতিটি দল। তাদের পক্ষে ও বিপক্ষে খেলতে পারাকে অনেক বড় পাওয়া হিসেবে দেখছেন মুস্তাফিজ। বাঁহাতি এই পেসার বললেন, বড় দলের বিপক্ষে খেলাকে বেশি উপভোগ করেন তিনি।
“অন্য যেকোনো টুর্নামেন্টের থেকে আইপিএলে সব তারকারা থাকে, সব দেশের। এখানে যদি আমি সফল হই, অন্য জায়গায় সফল হওয়াটা সহজ হবে, আমার কাছে মনে হয়। বেশি ভালো লাগা কাজ করে যখন বড় দলের বিপক্ষে খেলি। আর বড় দলের বিপক্ষে যদি আপনি পারফর্ম করেন, সেটা সামনে আসবে বেশি। স্বাভাবিকভাবে আমার সবসময় বড় দলের বিপক্ষে খেলতে ভালো লাগে। দর্শক থাকে, সব কিছুই অন্যরকম।”
সামনে আরও ভালো করার জন্য নিজেকে সব সময় প্রস্তুত রাখার কথাও বললেন মুস্তাফিজ।
“যেকোনো স্পোর্টসে দেখবেন ভালোর শেষ নেই। যেটা পেছনে পড়ে গেছে সেটা চলে গেছে, সেটা আমি আর ফিরে পাবো না। আমি ওই ম্যাচে উইকেট পেয়েছিলাম, এটা দেখে বসে থাকলে হবে না। আমার সামনে আরও খেলা আছে, কী করলে আরও ভালো করতে পারি, সবসময় আমি এটাই ভাবি।”
আইপিএল অভিযান শেষে সামনেই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে মুস্তাফিজকে। আইপিএল খেলার জন্য তার ছুটি ১ মে পর্যন্ত। চেন্নাইয়ের হয়ে তাই আর সর্বোচ্চ দুটি ম্যাচ খেলার সুযোগ আছে তার। ধোনি-ব্রাভোদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবার জাতীয় দলের জার্সি গায়ে কাজে লাগানোর পালা মুস্তাফিজের।
