২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

১৫৮*, ১০৯, ১০১*, ১৮৬*, ৩ ম্যাচে দুই ভাইয়ের ৪ সেঞ্চুরি

প্রথম দুই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন বড় ভাই, শেষ দুই ম্যাচে সেঞ্চুরি করলেন ছোট ভাই।

১৫৮*, ১০৯, ১০১*, ১৮৬*, ৩ ম্যাচে দুই ভাইয়ের ৪ সেঞ্চুরি
দুই ভাই জর্ডান (বাঁয়ে) ও রুবিন হারমান। ছবি: ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2025, 10:00 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

প্রথম ম্যাচে দেড়শ ছোঁয়া ইনিংস খেলেছিলেন বড় ভাই, ছোট ভাই আউট হয়েছিলেন শূন্য রানে। পরের ম্যাচে শতকের দেখা পান দুজনই। তৃতীয় ম্যাচে ব্যর্থ বড় ভাই, এবার ছোট ভাইয়ের ব্যাটে দেড়শ ছাড়ানো দুর্দান্ত ইনিংস। নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজে রীতিমতো রানের বন্যা বইয়ে দিলেন দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের সহোদর জর্ডান ও রুবিন হারমান।

বেনোনিতে সিরিজের প্রথম দুই ম্যাচে রান তাড়ায় জয়ের পর বুধবার শেষটিতে টস জিতে আগে ব্যাটিং নেয় স্বাগতিকরা। ২৮ বছর বয়সী ওপেনার রুবিন হারমান আউট হয়ে যান ৮ বলে ১৩ রান করে। তিন নম্বরে নেমে ১৫৩ বলে অপরাজিত ১৮৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ২৩ বছর বয়সী জর্ডান হারমান। তার লিস্ট ‘এ’ ক্যারিয়ার সেরা ইনিংসটি গড়া ২৬ চার ও ৩ ছক্কায়।

প্রথম ম্যাচে ২৩০ রানের লক্ষ্য তাড়ায় ১৮ চার ও ৭ ছক্কায় ৯৩ বলে অপরাজিত ১৫৮ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন রুবিন। তার লিস্ট ‘এ’ ক্যারিয়ার সেরা ইনিংস সেটি। দলের ৩ উইকেটে জয়ের ওই ম্যাচে জর্ডান আউট হয়েছিলেন প্রথম বলে।

দ্বিতীয় ম্যাচে ২৪৯ রানের লক্ষ্য তাড়ায় দুই ভাইয়ের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকা জিতে যায় ৭ উইকেটে। ৯৮ বলে ১৩ চার ও ৩ ছক্কায় ১০৯ রান করেন রুবিন। জর্ডান সেদিন অপরাজিত রয়ে যান ১০৫ বলে ১০১ রান করে, যেখানে ১২টি চারের পাশে ছক্কা ছিল ২টি।

সেই ফর্ম ধরে রেখে শেষ ম্যাচে আরেকটি দুর্দান্ত ইনিংস খেললেন জর্ডান। তার দেড়শ ছোঁয়া ইনিংসে এ দিন ৩৪৮ রানের পুঁজি গড়ে স্বাগতিকরা।

বাবার দুই পাশে দুই ভাই। ছবি: এসএ টোয়েন্টি

বাবার দুই পাশে দুই ভাই

২৬টি লিস্ট ‘এ’ ম্যাচে জর্ডানের চতুর্থ সেঞ্চুরি এটি। ২৮টি প্রথম শ্রেণির ম্যাচে তার সেঞ্চুরি আছে চারটি, ৫৫টি টি-টোয়েন্টি ম্যাচে সেঞ্চুরি দুটি। জাতীয় দলের হয়ে এখনও তার অভিষেক হয়নি। 

তার বড় ভাই রুবিন এরই মধ্যে জাতীয় দলের হয়ে খেলেছেন পাঁচটি টি-টোয়েন্টি। গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে রান তাড়ায় চার নম্বরে নেমে ৪ ছক্কা ও ৩ চারে ৩৬ বলে অপরাজিত ৬৩ রানের ইনিংসে দলকে জিতিয়ে ম্যাচ-সেরার স্বীকৃতি পান তিনি।

দুই ভাই-ই বাঁহাতি ব্যাটসম্যান। খবরের শিরোনাম হয়েছিলেন তারা গত ফেব্রুয়ারিতেও। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টিতে একই ম্যাচে দুজন ফিফটি করেছিলেন ভিন্ন দুই দলের হয়ে। সেঞ্চুরিয়নে পার্ল রয়্যালসের হয়ে ৫৩ বলে অপরাজিত ৮১ রানের ইনিংস খেলেছিলেন রুবিন। রান তাড়ায় সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে ৪৮ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংসে দলের জয় নিয়ে ফিরেছিলেন জর্ডান। ২০২৪ সালের আসরে একই দলের হয়ে একটি সেঞ্চুরিও করেছিলেন তিনি (৬২ বলে ১০৬*)।   

আসন্ন আসরের জন্য রুবিনকে আগেই চুক্তিবদ্ধ করেছে পার্ল রয়্যালস। ৯ সেপ্টেম্বরের নিলামে উঠবে জর্ডানের নাম।