পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে পেরে আনন্দের সীমা নেই জামালের
নিজের ওপর আস্থা রেখেই সাফল্যের পথে হাঁটছেন পাকিস্তানের এই পেসার।
দেশের হয়ে খেলতে পারা যে কোনো ক্রিকেটারের জন্যই সর্বোচ্চ প্রাপ্তি। আমের জামালের ক্ষেত্রেও তাই। অস্ট্রেলিয়া সফরে ক্যারিয়ারের প্রথম টেস্ট সিরিজে আলো ছড়ানো পাকিস্তানের এই পেসার বললেন, দেশের জার্সি পরে খেলতে পারার সীমাহীন আনন্দে ভাসছেন তিনি।
জামালের আনন্দটা একটু বেশি হওয়াই স্বাভাবিক। পাকিস্তান দলে জায়গা পেতে যে অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়েছে তাকে। জীবিকার জন্য একটা সময় ট্যাক্সিও চালিয়েছেন তিনি। তবুও হার মানেননি। কঠোর পরিশ্রম, অধ্যাবসায়, হাল না ছাড়া মানসিকতার প্রতিদান এখন পেতে শুরু করেছেন ২৭ বছর বয়সী এই পেসার।
আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য ২০২২ সালে প্রথম পা রেখেছিলেন জামাল, টি-টোয়েন্টি দিয়ে। কিন্তু ভালো পারফরম্যান্স করতে না পারায় বাদ পড়ে যান দ্রুত। ঘরোয়া ক্রিকেটে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে ডাক পান অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলে। পার্থে প্রথম ম্যাচ দিয়ে হয়ে যায় তার টেস্ট অভিষেক।
ক্রিকেটের মর্যাদাময় এই সংস্করণে পা রেখেই জ্বলে ওঠেন জামাল। অভিষেকে ৬ উইকেট নিয়ে ফেরান পাকিস্তান ক্রিকেটের ৫৯ বছর আগের স্মৃতি। তার আগে পাকিস্তানের কেবল একজনই অস্ট্রেলিয়ায় টেস্ট অভিষেকে নিতে পেরেছিলেন ৫ উইকেট, আরিফ বাট। মেলবোর্নে পরের ম্যাচে দুই ইনিংসে ৫ উইকেট নেন জামাল।
সিডনিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টেও শুক্রবার নিজের বোলিংয়ের ধার দেখান জামাল। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে পাকিস্তানের ১৪ রানের লিড নেওয়ার বড় কারিগর তিনি, ৬৯ রানে ধরেন ৬ শিকার। ৫ উইকেটে ২৮৯ রান থেকে ২৯৯ রানে অল আউট হয়ে যায় স্বাগতিকরা। প্রতিপক্ষের শেষ পাঁচ উইকেটের চারটিই নেন জামাল।
অস্ট্রেলিয়াকে তিনশর আগে গুঁড়িয়ে দেওয়ার পর বীরের বেশে মাঠ ছাড়া জামাল ব্রডকাস্টারদের সঙ্গে আলাপকালে তুলে ধরেন, পাকিস্তানের হয়ে খেলতে পারার অনুভূতি।
“এই পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এটা আমাদের জন্য দারুণ এক সুযোগ। অনেক সময় পেরিয়ে গেছে, তবে ওই দিনগুলোর কথা এখনও মনে আছে, যখন আমি পাকিস্তান দলকে খেলতে দেখতাম…”
নিজের ওপর আত্মবিশ্বাস রাখার কারণেই সাফল্য পাচ্ছেন বলে জানালেন এই পেসার।
“বেশি রান গুনতে হলেও আমি সবসময় নিজের ওপর আস্থা রাখি। উইকেট নেওয়ার প্রচেষ্টায় থাকলে বাউন্ডারি হজম করতে হয়, কোচিং স্টাফরা আমাকে অনেক আত্মবিশ্বাস যোগায়।”
শুধু বোলিংয়েই নয়, ব্যাট হাতেও সিডনিতে আলো ছড়ান জামাল। ৯ নম্বরে নেমে ৪ ছক্কা ও ৯ চারে ৮২ রানের ইনিংস খেলেন তিনি। শেষ উইকেটে মির হামজাকে নিয়ে গড়েন ৮৬ রানের জুটি। তাতে প্রথম ইনিংসে ৩১৩ রান করতে পারে পাকিস্তান।
“২২৭ রানে আমাদের ৭ উইকেটে (আসলে ৯ উইকেট) পড়ে গিয়েছিল। আমি মনে করি, ওই জুটি আমাদের ম্যাচে ফিরিয়েছে। (প্রথম ইনিংস শেষে) আমরা তাদের চেয়ে কিছু রানে এগিয়ে আছি, এটাই মূল বিষয়।”
ব্যাট-বলে জামালের বীরত্বের পরও অবশ্য তৃতীয় দিন শেষে পিছিয়ে পাকিস্তানই। হারের দুয়ারে দাঁড়িয়ে আছে তারা। জশ হেইজেলউডের ছোবলে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে ফেলেছে তারা কেবল ৬৮ রানে। দিন শেষে এগিয়ে মাত্র ৮২ রানে।
তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ চোখ রাঙাচ্ছে সফরকারীদের।
