বিপিএলের স্থগিত হওয়া ম্যাচের নতুন সূচি জানাল বিসিবি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে মঙ্গলবারের ম্যাচ দুটি স্থগিত করা হয়।
বিপিএলের অফিসিয়াল ফেইসবুক পাতায় জানানো হলো, স্থগিত ম্যাচগুলি হবে বুধবার। ফ্র্যাঞ্চাইজিগুলোর ফেইসবুক পাতায়ও পরিবর্তিত সেই সূচি প্রকাশ করা হলো। পরে রাত সাড়ে আটটার দিকে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে আবার জানাল, বুধবার সাধারণ ছুটির দিনে কোনো ম্যাচ হবে না। মঙ্গলবারের স্থগিত ম্যাচগুলি হবে আগামী রোববার।
ঢাকার এভারকেয়ার হাসপাতালে মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সকাল সাড়ে ১০টার পরপর বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর সম্মানে বিপিএলের এ দিনের ম্যাচ দুটি স্থগিত করা হয়েছে।
প্রথম ম্যাচটিতে মুখোমুখি হওয়ার কথা ছিল সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালসের, দ্বিতীয় ম্যাচের দুই প্রতিপক্ষ ছিল রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। এই ম্যাচ দুটি এখন হবে রোববার সিলেটেই। খেলা দুটি বুধবার হবে বলে যে মেমো দলগুলিকে দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে বলে জানায় বিসিবি।
বৃহস্পতি ও শুক্রবারের ম্যাচ গুলোর সূচি আগের মতোই থাকবে।
টুর্নামেন্টের সিলেট পর্ব শেষ হওয়ার কথা ছিল শুক্রবারই। চট্টগ্রাম পর্ব শুরুর হওয়ার কথা সোমবার। এখন পরিবর্তিত সূচিতে রোববারও সিলেটে খেলা থাকায় চট্টগ্রাম পর্ব পিছিয়ে যাবে নিশ্চিতভাবেই। বিসিবি জানিয়েছে, সোমবার থেকে পরিবর্তিত নতুন সূচি পরে জানানো হবে।
খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগও স্থগিত করা হয়েছে তিন দিনের জন্য।
খালেদা জিয়া মৃত্যুতে সকালেই শোকবার্তা দিয়েছিল বিসিবি। সন্ধ্যায় আরেকটি বিবৃতিতে শোক জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার ব্যক্তিগত স্মৃতির পাশাপাশি তুলে ধরেন তিনি খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমানের অবদানের কথাও।
“আমার খেলোয়াড়ি জীবনে যে প্রেরণা ও সমর্থন তিনি জুগিয়েছেন, তা কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করছি। ক্রিকেটের প্রতি তার আগ্রহ এবং গোটা দেশকে একতাবদ্ধ করতে ক্রিকেটের ভূমিকা নিয়ে তার বোঝাপড়া ছিল প্রকৃত ও অটুট। তার তত্ত্বাবধানে বাংলাদেশে ক্রিকেট সবচেয়ে উল্লেখযোগ্য লাভবান হয়েছে সুযোগ-সুবিধা ও অবকাঠামোর উন্নয়নে, যা দেশজুড়ে খেলটির আরও শক্ত ভিত গড়তে সহায়তা করেছে।”
“ক্রিকেটে তার উত্তরাধিকার অবিচ্ছেদ্য হয়ে আছে তার প্রয়াত ছেলে আরাফাত রহমানের মাধ্যমেও, যার দূরদৃষ্টি ও উদ্যোগের অগ্রগামী প্রভাব ছিল বাংলাদেশে ক্রিকেটের আধুনিকায়নের পথচলায়। এত বছর ধরে খেলাটির উন্নতির পেছনে সেই সময়ের অগ্রসর চিন্তা ও বিনিয়োগের কৃতিত্ব অনেক।”
