২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টির সাফল্যের রেশ ওয়ানডে দলেও দেখতে চান সাকিব

এবারের টি-টোয়েন্টি সিরিজ জয় আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপ ও বিশ্বকাপের লড়াইয়ে আত্মবিশ্বাসের জোগান দেবে বলে মনে করেন বাংলাদেশের টি-টোয়েন্টি আধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদক

সিলেট থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2023, 08:31 AM

Updated : 17 Jul 2023, 08:31 AM

এই বছর আফগানিস্তানের সঙ্গে লড়াইয়ের একটি অধ্যায় আপাতত শেষ হলো। সামনেই অপেক্ষায় আরও বড় মঞ্চে আরও দুটি অধ্যায়। সেখানে যদিও সংস্করণ ভিন্ন। তবে আত্মবিশ্বাসের স্রোত তো প্রবাহিত হতেই পারে এক সংস্করণ থেকে আরেক সংস্করণে। সাকিব আল হাসানের বিশ্বাস, আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের এই সাফল্য আগামী এশিয়া কাপ ও বিশ্বকাপের লড়াইয়ে বাংলাদেশের আত্মবিশ্বাসের বড় রসদ হবে।

যে সংস্করণে বাংলাদেশ সবচেয়ে ধারাবাহিক, যেখানে সবচেয়ে বেশি আশা, সেই ওয়ানডেতেই এবার আফগানদের কাছে সিরিজ হেরেছে বাংলাদেশ। যেখানে চ্যালেঞ্জ মনে করা হয়েছিল তুলনামূলক অনেক বেশি কঠিন, সেই টি-টোয়েন্টিতে ধরা দিয়েছে সাফল্য।

সামনে এশিয়া কাপে বাংলাদেশ ও আফগানিস্তান আছে একই গ্রুপে। লড়াই হবে সেখানেও। এরপর বিশ্বকাপেও নিজেদের প্রথম ম্যাচে ধর্মশালায় মুখোমুখি হবে এই দুদল।

বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের সদস্যরা প্রায় একই। এই টি-টোয়েন্টি সিরিজ জয়ী দলের অনেকেই থাকবেন এশিয়া কাপ ও বিশ্বকাপ দলেও। সাকিবের মতে, এই সিরিজ জয়ের সুবাস সামনের বড় দুই আসরেও আফগানিস্তানের বিপক্ষে চাঙা রাখবে বাংলাদেশ দলকে।

“বেশির ভাগ ক্রিকেটারই কিন্তু… ওয়ানডের ক্রিকেটার এখানে বা টি-টোয়েন্টির ক্রিকেটার ওয়ানডেতে। এই আত্মবিশ্বাস তারা নিয়েই যেতে পারে। যেহেতু এশিয়া কাপে আমরা তাদের মুখোমুখি হব, বিশ্বকাপে প্রথম ম্যাচে ওদের সঙ্গে খেলব। এই আত্মবিশ্বাসটুকু নিয়ে যেতে পারলে আমাদের জন্যই ভালো হবে। টি-টোয়েন্টি দলের ৮০-৯০ শতাংশ ক্রিকেটারই ওয়ানডেগুলো খেলবে। আমি বলব, এশিয়া কাপের আগে তাদের জন্য এটা অনেক বড় আত্মবিশ্বাসের জোগান।”

ওয়ানডে দলকে নিয়ে আশা তো থাকবেই। তবে টি-টোয়েন্টি দলের এই চমকপ্রদ পথচলায় মুগ্ধতার পাশাপাশি সামনে কিছুটা শঙ্কার ছায়াও এখন থাকছে। লম্বা সময় যে আর টি-টোয়েন্টি ম্যাচ নেই বাংলাদেশের! প্রথমবারের মতো টানা চারটি দ্বিপাক্ষিক সিরিজ জয়, বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ, আফগান চ্যালেঞ্জ দাপুটে উতরে যাওয়া এবং দলের খেলার ধরন ও ঘরানায় যে বদলে যাওয়ার ছাপ, সবকিছু সামনের এই বিরতিতে হারিয়ে যায় কি না, প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। আগামী ফেব্রুয়ারির আগে এই সংস্করণে বাংলাদেশের কোনো ম্যাচ নেই।

টি-টোয়েন্টির এই ঔজ্জ্বলে মরচে পড়তে দিতে চান না সাকিবও। সূচির বাস্তবতাকে মেনে নিয়েই অধিনায়ক আশাভরে তাকিয়ে আগামী বিপিএলের দিকে।

“টি-টোয়েন্টিতে মোমেন্টাম গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমাদের খুব মোমেন্টাম খুব ভালো চলছে। তবে সামনে বিরতি আছে। অনেক দিন টি-টোয়েন্টি ম্যাচ নেই। মনে হয়, জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে হবে, বিপিএলের পর।”

“একটা ব্যাপার হলো, বিপিএলের পর আমাদের দেশীয় ক্রিকেটারদের পারফরম্যান্স ভালো থাকে। আমি আশাবাদী যে, বিপিএলে যারা ভালো করবে, ওদেরকে নিয়ে যখন আমরা সামনের দিকে এগোব, ভালো ফলই করতে থাকব আমরা।”