০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক

২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে অবসর নেওয়া অলরাউন্ডার ফিরছেন ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের আগে।

অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক
ডানে ফন নিকার্ক। ছবি: আইসিসি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2025, 07:59 AM

Updated : 26 Aug 2026, 02:11 PM

চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথে বড় এক ধাপ এগিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ডানে ফন নিকার্ক। আসন্ন উইমেন’স ওয়ানডে বিশ্বকাপের জন্য অনুশীলন ক্যাম্পের দলে ডাক পেয়েছেন ৩২ বছর বয়সী এই অলরাউন্ডার। 

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) ফিটনেসের মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়ে ঘরের মাঠে ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা না পাওয়ায়, ওই বছরের মার্চে ২৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন ফন নিকার্ক। তবে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলে যান তিনি।

এই লেগ স্পিনিং অলরাউন্ডার সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন ২০২১ সালের সেপ্টেম্বরে। অ্যাঙ্কেল ভেঙে যাওয়ায় দক্ষিণ আফ্রিকার ২০২২ ওয়ানডে বিশ্বকাপ দলে জায়গা পাননি তিনি। ওই আসরে তার নেতৃত্ব দেওয়ার কথা ছিল। কিন্তু সেরে উঠতে প্রত্যাশার চেয়ে অনেক বেশি সময় লাগে তার। ২০২৩ সালের শুরুর দিকে তার দেশের হয়ে ফেরার সম্ভাবনা জেগেছিল। কিন্তু বেঁধে দেওয়া সময়ের মধ্যে দুই কিলোমিটারের ট্রায়াল দৌড় শেষ করতে ব্যর্থ হন তিনি।

ওই সময়ে ক্রিকেটারদের জন্য ফিটনেসের মানদণ্ড বেশ কঠোর করেছিল সিএসএ। পরে সেটা শিথিল করা হয়।

ফন নিকার্ক সবশেষ ঘরোয়া ক্রিকেটে খেলেছেন গত মার্চে। গত মৌসুমে ওয়েস্টার্ন প্রভিন্সের হয়ে পাঁচটি পঞ্চাশ ওভারের ম্যাচ খেলে ৫৯.৬৬ গড়ে তিনি করেন ১৭৯ রান। পরে ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় ১৩৭.৮২ স্ট্রাইক রেটে ৬ ইনিংসে করেন ২১৫।

সোমবার ইনস্টাগ্রাম পোস্টে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেওয়ার পাশাপাশি ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চেয়েছেন ফন নিকার্ক। 

“অবসরের সময়টা আমাকে মনে করিয়ে দিয়েছে যে, আমার দেশের প্রতিনিধিত্ব করা আমি কতটা মিস করেছি। আবারও সেই সুযোগটি পেতে সবকিছু করতে আমি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।”

দক্ষিণ আফ্রিকার হয়ে ১০৭ ওয়ানডেতে ৩৬.২৫ গড়ে ফন নিকার্কের রান ২ হাজার ১৭৫। একটি সেঞ্চুরির পাশে ফিফটি ৯টি। এই সংস্করণে হাত ঘুরিয়ে তার উইকেট আছে ১৩৮টি। ৮৬ টি-টোয়েন্টিতে তার রান ১ হাজার ৮৭৭, উইকেট ৬৫টি। খেলেছেন একটি টেস্টও। 

মিডল অর্ডারে তার অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগবে দক্ষিণ আফ্রিকার। সাম্প্রতিক সময়ে বেশ সংগ্রাম করছে তাদের মিডল অর্ডার। এছাড়া উপমহাদেশে বিশ্বকাপে তার লেগ স্পিনও কার্যকর ভূমিকা রাখতে পারে। 

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার অনুশীলন ক্যাম্পের দলে ডাক পেয়েছেন ২০ জন ক্রিকেটার। এই সপ্তাহে ডারবানে অনুশীলন করবে তারা। এরপর ঘোষণা করা হবে বিশ্বকাপের ১৫ সদস্যের চূড়ান্ত দল। ফন নিকার্কের অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়ার অর্থ, চূড়ান্ত দলেও হয়তো রাখা হবে তাকে। 

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ১৬ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত লাহোরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ ৩ অক্টোবর, ইংল্যান্ডের বিপক্ষে।