জাকিরকে নিয়ে বড় আশা সাকিবের
তরুণ এই ওপেনার অনেক বড় শূন্যস্থান পূরণ করতে পারবেন বলে বিশ্বাস বাংলাদেশের টেস্ট অধিনায়কের।
একদিকে অভিষেকের রোমাঞ্চ, অন্যদিকে ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে বিশাল রান তাড়ার চাপ। ক্যারিয়ারের প্রথম টেস্টে জাকির হাসানের জন্য পরীক্ষাটা বেশ কঠিনই ছিল। সে পরীক্ষায় পুরো শতভাগ নম্বর পেয়েই পাস করেন জাকির। পরের ম্যাচেও দলের দ্বিতীয় ইনিংসে তিনি দারুণ দৃঢ়তার ছাপ রাখেন চাপের মুহূর্তে। তরুণ ওপেনারের এমন টেম্পারমেন্ট দারুণভাবে মনে ধরেছে অধিনায়ক সাকিব আল হাসানের।
ভারতের বিপক্ষে ২-০তে হেরে যাওয়া টেস্ট সিরিজে বাংলাদেশের যা একটু প্রাপ্তি, সেখানে ওপরের দিকেই থাকবে জাকিরের ব্যাটিং। অভিষেক টেস্টে চট্টগ্রামে চোয়ালবদ্ধ লড়াইয়ে দারুণ এক সেঞ্চুরি উপহার দেন চতুর্থ ইনিংসে। মিরপুরেও দলের দ্বিতীয় ইনিংসে করেন লড়িয়ে ফিফটি।
প্রথম শ্রেণির ক্রিকেটে গত কয়েক মৌসুম ধরে ধারাবাহিক রান করছেন জাকির। ভারত ‘এ’ দলের বিপক্ষে আনঅফিসিয়াল টেস্ট সিরিজে সুযোগ পেয়ে খেলেন ১৭৩ রানের ম্যাচ বাঁচানো ইনিংস। এর পুরস্কার হিসেবে ডাক পান ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দলে।
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ভালো শুরুর পরও স্কোর বড় হয়নি ২৪ বছর বয়সী ওপেনারের। দ্বিতীয়বার নেমে বাংলাদেশের প্রথম ওপেনার হিসেবে করেন অভিষেক টেস্টে সেঞ্চুরি।
সোয়া পাঁচ ঘণ্টার ওই ইনিংসে অভিজ্ঞ অফস্পিনারকে রবিচন্দ্রন অশ্বিনকে দারুণভাবে সামলান জাকির। দুই পেসার মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদবের নানা কৌশলও সেঞ্চুরির আগে টলাতে পারেনি তাকে।
দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে বাঁহাতি ওপেনারের ব্যাট থেকে আসে ৫১ রানের ইনিংস। চট্টগ্রামের চেয়ে তুলনামূলক চ্যালেঞ্জিং উইকেটে আগের চেয়ে কিছুটা নড়বড়ে মনে হলেও টপঅর্ডারের ব্যর্থতার মিছিলে বাংলাদেশকে লড়াইয়ে রাখেন জাকিরই।
দুই টেস্টের দারুণ পারফরম্যান্সে উজ্জ্বল ভবিষ্যতের বিজ্ঞাপন মেলে ধরতে পেরেছে জাকির। আশার কথা শোনানোর ক্ষেত্রে বরাবরই সাবধানী সাকিব আল হাসানও সিরিজ শেষে সংবাদ সম্মেলনে জাকিরকে বললেন লম্বা দৌড়ের ঘোড়া।
“ওকে (জাকির) খুব পরিণত মনে হয়েছে। আমার মনে হয়েছে, ওর খুব ভালো টেম্পারমেন্ট আছে। টেস্ট ম্যাচের জন্য আদর্শ... যে ধরনের ব্যাটসম্যান আমরা খুঁজছিলাম। আমার মনে হয়, ও একটা বড় শূন্যস্থান পূরণ করার মতো সামর্থ্য রাখে। তবে এটা কেবলই শুরু। আশা করি, বাংলাদেশের হয়ে এমন ভালো ভালো ইনিংস ও খেলবে।”
২০১৮ সালে প্রথমবার জাতীয় দলে সুযোগ পান জাকির। তখন তার নামের পাশে ছিল ‘টি-টোয়েন্টি বিশেষজ্ঞের’ তকমা। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি দিয়েই আন্তর্জাতিক অভিষেক হয় তার। ওই ম্যাচে ১০ রান করে আউট হওয়ার পর লম্বা সময়ের জন্য ছিটকে যান দল থেকে।
এবার ফিরেছেন সাদা পোশাকের টেস্ট ক্রিকেট দিয়ে। মাঝের সময়ে নিজের খেলার ধরন বদলে বাড়তি মনোযোগ দেন লাল বলের সংস্করণে। টেস্ট অভিষেকের আগে খেলেছেন ৬৯টি প্রথম শ্রেণির ম্যাচ। তার চেয়ে বেশি ম্যাচ খেলে টেস্ট অভিষেক হয়েছে বাংলাদেশের আর মাত্র ৩ জন ক্রিকেটারের।
প্রথম শ্রেণির ক্রিকেটের এই দীর্ঘ অভিজ্ঞতার ছাপই জাকিরের টেস্ট ব্যাটিংয়ে পড়েছে মনে করেন সাকিব।
“জাকিরের জন্য একটা সুবিধা হচ্ছে, ও কিন্তু নতুন ক্রিকেটার নয়। অনেক অভিজ্ঞ ক্রিকেটার। ৭০টি (প্রথম শ্রেণির) ম্যাচ খেলেছে। খেলার মধ্যে ওই ব্যাপারটি দেখা যায়। যখন ১৯-২০ বছরের একটি ছেলে খেলবে, তার খেলার যে ধরন... একটা ৩০ বছরের ছেলে, জাতীয় দলের আশপাশ দিয়ে ছিল সবসময়, ৬০-৭০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে আসা ক্রিকেটার, তার টেম্পারমেন্ট দেখলেই পার্থক্য বোঝা যায়।”
“আমি যেটা চাচ্ছি, এরকম ক্রিকেটাররা যদি আসে, ৫-৬-১০ বছর যে সার্ভিস দেবে বাংলাদেশ, তাদের ভালো সার্ভিস দেওয়ার সম্ভাবনা বেশি।”
এই বছরের শুরুতে জাকিরের মতো অপার সম্ভাবনার ছবি দেখিয়েছিলেন মাহমুদুল হাসান জয়। জানুয়ারিতে নিউ জিল্যান্ডকে হারানো ম্যাচে প্রায় ৫ ঘণ্টা ব্যাটিংয়ে ৭৮ রানের ইনিংস খেলেন তিনি। পরে দক্ষিণ আফ্রিকায় গিয়ে করেন নিজের প্রথম সেঞ্চুরি। কিন্তু এরপর আর সেভাবে হাসেনি তার ব্যাট।
ওই সেঞ্চুরির পর শ্রীলঙ্কার বিপক্ষে একটি ফিফটি ছাড়া কোনো পর্যায়ের ক্রিকেটেই আর রানের দেখা পাননি জয়। তাই স্কোয়াডে থাকলেও ভারতের বিপক্ষে সিরিজে মূল একাদশে জায়গা হারিয়েছেন ২২ বছর বয়সী এই ওপেনার। জয়কে নিয়ে অবশ্যই এখনই আশাহত নন সাকিব, বরং তাকে দেখালেন ফেরার পথ।
“(মাহমুদুল হাসান) জয় কিন্তু সিস্টেমের বাইরে নয়। অবশ্যই সিস্টেমে আছে। যখন ও ‘এ’ দলে রান পাওয়া শুরু করবে, ওর জন্য সুযোগ আসবে যখন, আমি চাই ও যেন ভালোভাবে নিতে পারে সুযোগটা, যেন ওর ক্যারিয়ারেও এরকম হয় যে ১০-১২-১৫ বছর খেলবে বাংলাদেশ দলে, ১০০ টেস্ট খেলবে।”
