১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার ব্যাংকের এমডির দায়িত্বে মনজুর মফিজ

এর আগে তিনি ওয়ান ব্যাংকের এমডি ছিলেন।

প্রিমিয়ার ব্যাংকের এমডির দায়িত্বে মনজুর মফিজ
মো. মনজুর মফিজ

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2025, 03:03 PM

Updated : 26 Aug 2026, 05:20 PM

ওয়ান ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজকে প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে নিয়োগ দিয়ে ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। 

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মনজুর মফিজকে ১৪ ডিসেম্বর থেকে এমডির চলতি দায়িত্ব দিয়েছে পরিচালনা পর্ষদ।

২০২২ সালের ১৬ জানুয়ারি ওয়ান ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পেয়েছিলেন মনজুর মফিজ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তার মেয়াদ শেষ হয়। 

ব্যাংকিং ক্যারিয়ারে তিন দশকের অভিজ্ঞতায় সমৃদ্ধ মনজুর মফিজ ১৯৯৩ সালে সোনালী ব্যাংকে কর্মজীবন শুরু করেন। ওয়ান ব্যাংক ছাড়াও ডাচ-বাংলা ব্যাংক, দি সিটি ব্যাংক এবং এবি ব্যাংকে কাজ করেছেন তিনি। 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ফাইন্যান্সে এমবিএ করেনম নজুর মফিজ।

প্রিমিয়ার ব্যাংক বলছে, তার পেশাগত নেতৃত্বে কর্পোরেট ব্যাংকিং কার্যক্রমের কেন্দ্রীয়করণ, শক্তিশালী ফান্ড ম্যানেজমেন্ট নীতিমালা প্রণয়ন, খরচ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ, রিটেইল ও এসএমই ডিপোজিটে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) ও এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের সম্প্রসারণ এবং পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং সেবা চালুসহ একাধিক সাফল্য অর্জিত হয়েছে।

গত মাসের শেষ দিকে প্রিমিয়ার ব্যাংকের এমডি মোহাম্মদ আবু জাফরকে ছুটিতে পাঠানোর পর ব্যাংকটির পরিচালনা পর্ষদ ডিএমডি নিয়ামত উদ্দিন আহমেদকে এমডির চলতি দায়িত্ব দিয়েছিল। দুই সপ্তাহের মাথায় তাকে ব্যাংকের মতিঝিল শাখার দায়িত্ব দেওয়া চিঠি পাঠানোর খবর আসে সংবাদমাধ্যমে। 

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এইচ বি এম ইকবাল দুই যুগের বেশি সময় প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। ২০২৪ সালের অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে সেই দায়িত্ব থেকে সরিয়ে ব্যাংকটির প্রতিষ্ঠাকালীন ভাইস চেয়ারম্যান আরিফুর রহমানকে নতুন চেয়ারম্যান করা হয়।