১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডিজিটাল ওয়ালেট সেবা আনল ‘পাঠাও’

পাঠাও পে নামে কার্ডও চালু করা হয়েছে, যা দিয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এটিএম থেকে বিনামূল্যে টাকা তোলা যাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2025, 02:42 PM

Updated : 26 Aug 2026, 01:20 PM

দেশে চালু হলো নতুন ডিজিটাল ওয়ালেট সেবা ‘পাঠাও পে’।

মঙ্গলবার থেকে সারাদেশে এ সেবা মিলছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘পাঠাও পে’ দিয়ে এখন খাবার অর্ডার করা, রাইড নেওয়া, বন্ধুদের সঙ্গে বিল ভাগ করা বা কাউকে টাকা পাঠানোর মতন সেবা মিলবে সহজেই। এ ওয়ালেটে থাকা ‘পে ট্যাগ’ অপশন ব্যবহার করে তথ্য ভাগাভাগি করেই সহজে টাকা গ্রহণ করা বা অনেকের কাছ থেকে একসঙ্গে টাকা তোলা যায়। ‘স্প্লিট পে’ দিয়ে বন্ধুদের সঙ্গে বিল ভাগাভাগি করা; ‘গ্রুপ সেন্ড মানি’ দিয়ে একসঙ্গে অনেকজনকে টাকা পাঠানো এবং ‘অটো পে’ দিয়ে স্বয়ংক্রিয় লেনদেন সুবিধা মিলছে।

গ্রাহকরা এই অ্যাপ দিয়ে মোবাইল রিচার্জও করতে পারবেন। আর খুব সহজেই অ্যাড মানি করা যাবে ডেবিট ও ক্রেডিট কার্ড বা নগদ থেকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্বোধন উপলক্ষে পাঠাও পে গ্রাহকরা ৩ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছেন। এর মধ্যে পাঠাও ফুডে সর্বোচ্চ এক হাজার টাকা, পাঠাও কার রাইডে সর্বোচ্চ এক হাজার টাকা, পাঠাও বাইকে সর্বোচ্চ পাঁচশ টাকা এবং পার্সেল ডেলিভারিতে সর্বোচ্চ পাঁচশ টাকা ক্যাশব্যাক মিলছে।

পাঠাও বলছে, তারা পাঠাও পে কার্ডও চালু করেছে, যা দিয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সব এটিএম থেকে বিনামূল্যে টাকা তোলার সুযোগ রয়েছে। পাসপোর্ট এনডোর্সমেন্ট করা থাকলে এই কার্ড দিয়ে বিদেশে শপিং, সাবস্ক্রিপশন, ট্রাভেলসহ সব ধরনের আন্তর্জাতিক বিল পরিশোধ করা যাবে।

পাঠাও সিইও ফাহিম আহমেদ বলেন, “পাঠাও পে হলো ডিজিটালি নিজস্ব ফাইন্যান্স নিয়ন্ত্রণের একটি অন্যতম সহজ উপায়। ‘পাঠাও পে’ এর মাধ্যমে আপনার ফান্ড যখন যেভাবে প্রয়োজন, সেভাবেই অ্যাকসেস, ট্রানজেক্ট ও ম্যানেজ করতে পারবেন। 

“এটি বাংলাদেশের জন্য একটি নতুন ডিজিটাল ফাইন্যান্স সল্যুশন, যা আপনার প্রয়োজন অনুযায়ী তৈরি করা হয়েছে।”