১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ব্র্যাক ব্যাংকের ‘তারা’ প্ল্যাটফর্মে সেবা নিচ্ছেন ৫ লাখ নারী

‘তারা রিটেইলে’ ১৪ হাজার কোটি টাকার বেশি আমানত থাকার কথা বলছে ব্যাংকটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2026, 11:26 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

নারীদের জন্য ব্র্যাক ব্যাংকের বিশেষ সেবা ‘তারা’ এর মাধ্যমে বর্তমানে ৫ লাখ নারী গ্রাহক ব্যাংকিং সেবা নিচ্ছেন।

সোমবার ‘তারা’ প্ল্যাটফর্মের ৯ বছর পূর্তি উপলক্ষে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়ে ব্র্যাক ব্যাংক দাবি করেছে, “দেশের ব্যাংক খাতে নারীদের রিটেইল ডিপোজিট পোর্টফোলিওর প্রায় ২৫ শতাংশই এখন ‘তারা’ সেগমেন্টে রয়েছে।

“কেবল একটি ব্যাংকিং সেবা হিসেবে যাত্রা শুরু করলেও গত নয় বছরে ‘তারা’ হয়ে উঠেছে একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সালে যাত্রা শুরু করা ‘তারা রিটেইলে’ বর্তমানে সাড়ে ৩ লাখ নারী গ্রাহকের ১৪ হাজার কোটি টাকার বেশি আমানত রয়েছে। অন্যদিকে ‘তারা এসএমই’ এর মাধ্যমে ১ লাখ ২৮ হাজার নারী উদ্যোক্তাকে ২ হাজার ৬০০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। নারী উদ্যোক্তাদের মধ্যে খেলাপি ঋণের (এনপিএল) হার মাত্র ১ দশমিক ১৪ শতাংশ বলে তুলে ধরে ব্র্যাক ব্যাংক।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারেক রেফাত উল্লাহ খান বলেন, “আমরা বিশ্বাস করি, নারীরা কেবল ব্যাংকিং সেবার কোনো খণ্ডিতাংশ নয়, বরং তারা একটি স্বয়ংসম্পূর্ণ সেগমেন্ট, যারা পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা পাওয়ার দাবিদার।

“উইমেন ব্যাংকিং সেগমেন্টে গত ৯ বছরের অর্জন এবং লাখ লাখ নারীর জীবনে নিয়ে আসা ইতিবাচক পরিবর্তন আমাদের সেই দর্শনেরই প্রতিফলন।”