১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্টার্ট আপ নিয়ে কাজ করবে এনএসইউ ও আইসিটি বিভাগ

আইসিটি উদ্যোক্তা তৈরির পরিবেশ সৃষ্টিতে একসঙ্গে কাজ করবে দুই পক্ষ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2025, 10:39 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

দেশে নতুন প্রযুক্তি উদ্যোগ বা স্টার্ট আপের ক্ষেত্র আরও সম্প্রসারণে সরকারের আইসিটি বিভাগের সঙ্গে কাজ করবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ)।

সম্প্রতি এনএসইউ স্টার্ট আপ নেক্স ও আইসিটি বিভাগের ‘ইনোভেশন ডিজাইন অ্যান্ড অনট্রাপ্রেনারশিপ অ্যাকাডেমি’ (আইডিয়া) প্রকল্পের মধ্যে এ ব্যাপারে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।

এনএসইউ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, প্রাথমিক পর্যায়ের স্টার্টআপগুলোকে বিভিন্নভাবে সহায়তা করা এবং দেশব্যাপী সার্বিকভাবে আইসিটি উদ্যোক্তা তৈরির পরিবেশ সৃষ্টিতে একসঙ্গে কাজ করবে দুই পক্ষ। এই উদ্যোগের মধ্যে প্রশিক্ষণ, অনুদান, গবেষণা, স্টার্ট-আপ সহায়তা সেবাসহ বিভিন্ন উদ্যোগ থাকবে। 

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুল হান্নান চৌধুরী ও আইডিয়া প্রকল্পের পরিচালক মুর্তজা জুলকার নাইন নোমান সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।

এনএসইউ উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী বলেন, “আইডিয়া প্রকল্পের সঙ্গে এই উদ্যোগ ভবিষ্যতমুখী উদ্যোক্তা প্রজন্ম সৃষ্টির প্রচেষ্টায় একটি কার্যকর অগ্রগতি। বাংলাদেশি গবেষণা ও অর্থায়ন প্রাপ্তিতে আগ্রহীদের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

আইডিয়া প্রকল্পের পিডি মুর্তজা জুলকার নাইন নোমান বলেন, “এনএসইউ স্টার্ট-আপ নেক্স এর মত একাডেমিক ইনকিউবেটরের সঙ্গে যুক্ত হতে পেরে আইডিয়া প্রকল্প গর্বিত। অন্তর্ভুক্তিমূলক উদ্ভাবনী পরিবেশ সৃষ্টিতে এই ধরনের প্রাতিষ্ঠানিক সংযুক্তি খুবই কার্যকর উদ্যোগ।”