Published : 17 Dec 2025, 01:53 PM
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি-বিইউবিটিতে বিজয় দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে বিইউবিটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিইউবিটি ট্রাস্টের সদস্য এ এফ এম সরওয়ার কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী।
আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট সাংবাদিক ফরিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিইউবিটির উপদেষ্টা প্রফেসর মো. আবু সালেহ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হারুন-অর-রশিদ।
বিইউবিটি বিজ্ঞপ্তিতে বলছে, মঙ্গলবার সকালে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের গভীরভাবে স্মরণ করা হয়।
মুখ্য আলোচক বীর মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট সাংবাদিক ফরিদ হোসেন তার বক্তব্যে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, রণাঙ্গনের স্মৃতিচারণ এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের অবদানের কথা তুলে ধরেন। তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
প্রধান অতিথি এ এফ এম সরওয়ার বলেন, "বিজয়ের এই দিনে আমাদের শপথ নিতে হবে একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার।"
তিনি শিক্ষার্থীদের নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার পরামর্শ দেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানান।
আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নৃত্যের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।