২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারীদের কাজে ফেরাতে ব্র্যাকের কর্মসূচি

নির্বাচিত প্রার্থীদের বিভিন্ন এনজিও, বেসরকারি প্রতিষ্ঠান ও শীর্ষ করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ স্থাপনে সহায়তা করা হবে।

নারীদের কাজে ফেরাতে ব্র্যাকের কর্মসূচি
বৃহস্পতিবার মহাখালীর ব্র্যাক সেন্টারে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2025, 12:10 AM

Updated : 26 Aug 2026, 12:01 PM

কর্মক্ষেত্র থেকে বিরতি নেওয়া নারীদের কাজে ফেরাতে ‘ব্রিজ রিটার্নশিপ’ কর্মসূচি চালু করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

কর্মসূচির জন্য প্রায় ১ হাজার ১০০ আবেদনকারীর মধ্য থেকে ১৫ জনকে জন্য বেছে নেওয়া হয়েছে। ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিতে আগামী ছয় মাস তারা কাজ করবেন বলে বৃহস্পতিবার মহাখালীর ব্র্যাক সেন্টারে সংবাদ সম্মেলনে বলা হয়।

এ ছাড়া নির্বাচিত ১০০ প্রার্থীর জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও নেতৃত্ব উন্নয়ন কর্মশালাসহ পেশাগত উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করা হবে।

ব্রাক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলছে, নির্বাচিত প্রার্থীদের বিভিন্ন এনজিও, বেসরকারি প্রতিষ্ঠান ও শীর্ষ করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ স্থাপনে সহায়তা করা হবে, যাতে দক্ষ পেশাজীবী নারীরা যোগ্যতা অনুযায়ী কাঙ্ক্ষিত কাজ খুঁজে নিতে পারেন।

এ ছাড়া ‘ব্রিজ রিটার্নশিপে’ অংশগ্রহণকারীরা ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিতে প্রকল্পের তত্ত্বাবধান, গবেষণা ও অন্যান্য কাজে যুক্ত থাকবেন এবং সংশ্লিষ্ট বিভাগের কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদনে কাজ করবেন।

সংবাদ সম্মেলনে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, ব্রিজ রিটার্নশিপ প্রোগ্রাম অভিজ্ঞ মেধাবী পেশাজীবী নারীদের কর্মক্ষেত্রে পুনরায় প্রবেশ ও নেতৃত্বের অবস্থানে পৌঁছাতে সহায়তা করবে। 

ব্র্যাকের পিপল, কালচার অ্যান্ড কমিউনিকেশন্সের ঊর্ধ্বতন পরিচালক মৌটুসী কবীর সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।