Published : 15 Sep 2026, 04:28 PM
তরুণদের গবেষণা ও মেধাভিত্তিক উদ্ভাবনকে বাজারের সঙ্গে যুক্ত করার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’।
‘ইনোভেশন টু মার্কেট’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে আয়োজিত এই মেলায় নজর কাড়ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) ‘বিইউবিটি ইনোভেশন হাব’।
ভবিষ্যতের বাংলাদেশের জন্য প্রযুক্তি, উদ্ভাবন ও গবেষণাকে কীভাবে বাস্তব জীবনের চাহিদা এবং বাজারের সঙ্গে যুক্ত করা যায় সেটিই এই মেলার মূল লক্ষ্য। দেশের তরুণ উদ্ভাবক, গবেষক, উদ্যোক্তা, শিক্ষাবিদ ও শিল্প খাতের প্রতিনিধিদের এই মিলনমেলায় বিইউবিটি ইনোভেশন হাব তাদের তৈরি ৯টি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করছে।
তাদের প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে যোগাযোগ, কৃষি, বায়োমেডিকেল, শিক্ষা ও প্রযুক্তি খাতের বিভিন্ন সমসাময়িক সমাধান। শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও গবেষণা কীভাবে বাস্তব জীবনের সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে, তা এই প্রকল্পগুলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।
আয়োজকরা বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবারের মেলায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের ১৫০টিরও বেশি উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শিত হচ্ছে। রয়েছে ১৫টিরও বেশি আলোচনা সেশন ও সংলাপ, যেখানে ৫০টিরও বেশি বিশ্ববিদ্যালয় এবং ৫০ জনের বেশি শিল্প বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন।
বিইউবিটি কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়টির উদ্ভাবনী সক্ষমতা, গবেষণা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগকে জাতীয় উদ্ভাবন ইকোসিস্টেমে তুলে ধরতেই মেলায় তাদের এই অংশগ্রহণ।
মেলা প্রাঙ্গণে বিইউবিটি ইনোভেশন হাবের স্টলে তরুণ উদ্ভাবক ও প্রকৌশলীদের দর্শনার্থী এবং শিল্প খাতের প্রতিনিধিদের কাছে তাদের উদ্ভাবিত পণ্যের কার্যকারিতা ও ভবিষ্যৎ সম্ভাবনা বিস্তারিত তুলে ধরতে দেখা যায়।
বিইউবিটির উপাচার্য এ. বি. এম. শওকত আলী এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড এআই অনুষদের ডিন মুহাম্মদ আমিনুর রহমান প্রদর্শনী ঘুরে দেখেন। তারা উদ্ভাবক ও দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রযুক্তিনির্ভর সমাজ গঠনে বিইউবিটি ইনোভেশন হাবের ভূমিকার কথা তুলে ধরেন।