‘লার্নাথন ৩.০’: চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন বিইউবিটি
প্রতিযোগিতার আগে ১৬ সপ্তাহ প্রশিক্ষণ হয়, যেখানে ৫০৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। চূড়ান্ত পর্বে ছিল ৬৭টি দল।
ঢাকার মহাখালীতে ‘ব্রেইন স্টেশন ২৩’ এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হল প্রযুক্তি প্রতিযোগিতা ‘লার্নাথন ৩.০’ এর চূড়ান্ত পর্ব।
এ আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত প্রতিযোগীরা তাদের উদ্ভাবনী প্রকল্প তুলে ধরে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
চূড়ান্ত পর্বে ৭টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা হয় এবং বিশেষজ্ঞ বিচারক প্যানেল প্রতিটি প্রকল্প মূল্যায়ন করেন।
প্রতিযোগিতার অন্যতম ক্যাটাগরি ‘এএসপি.নেট’ এ বিজয়ী হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) দল ‘বাইনারি ব্রেইন্স’।
দলটি তাদের আধুনিক ই-কমার্স প্ল্যাটফর্ম ভিত্তিক প্রকল্প ‘আমার টেক’ উপস্থাপন করে সেরার পুরস্কার জিতে নেয়।
বিজয়ী দলের নেতৃত্বে ছিলেন বিইউবিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. এমরান হোসেন। দলের অন্য সদস্যরা হলেন মো. ফাহমিদুল ইসলাম প্রান্ত ও মো. রিফাতুল ইসলাম।
এ প্রতিযোগিতার আগে ১৬ সপ্তাহ অনলাইনে প্রশিক্ষণ হয়, যেখানে দেশের ৫০৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। চূড়ান্ত পর্বে অংশ নেয় ৬৭টি দল।
বিইউবিটির এ অর্জন প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম শওকত আলী বলেন, “এই বিজয় আমাদের শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি।”
