১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ইসলামের দৃষ্টিতে শিক্ষকের দায়িত্ববোধ’ নিয়ে বিইউবিটিতে সেমিনার

“একজন শিক্ষক শুধু জ্ঞান দেন না, তিনি শিক্ষার্থীদের সঠিক পথ দেখান এবং তাদের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন,” বলেন সেমিনারের আলোচক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Sep 2026, 08:09 PM

Updated : 17 Sep 2026, 02:56 AM

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) ইসলামের দৃষ্টিতে শিক্ষকের দায়িত্ববোধ ও শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বের বিষয়ে সেমিনার হয়েছে।

সোমবার বিকালে বিইউবিটির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেমিনার হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

অনুষ্ঠানে বিইউবিটির উপাচার্য অধ্যাপক এ বি এম শওকত আলী বলেন, “শিক্ষার মূল উদ্দেশ্য শুধু জ্ঞান অর্জন নয়; জ্ঞানকে মানবিকতা, নৈতিকতা ও দায়িত্ববোধের সঙ্গে যুক্ত করাই প্রকৃত শিক্ষার লক্ষ্য। একজন শিক্ষক তার আচরণ ও মূল্যবোধের মাধ্যমে শিক্ষার্থীদের জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারেন।

“একটি নৈতিক ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে শিক্ষক, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

সেমিনারের আলোচক মিরপুর ডিওএইচএস জামে মসজিদের ইমাম ও খতিব মো. মোশারফ হোসাইন বলেন, “ইসলামে শিক্ষকতা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি দায়িত্ব। একজন শিক্ষক শুধু জ্ঞান দেন না, তিনি শিক্ষার্থীদের সঠিক পথ দেখান এবং তাদের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।”

শিক্ষকদের নিষ্ঠা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা ও শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সেমিনারে বিইউবিটির বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।