Published : 30 Jun 2025, 01:41 PM
সিটি ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশের অনুমোদন করা হয়েছে; যার অর্ধেক নগদ লভ্যাংশ, বাকিটা স্টক ডিভিডেন্ড আকারে দেওয়া হবে।
রোববার ব্যাংকের ৪২তম বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, ভার্চুয়াল অনুষ্ঠিত এ সভায় অংশ নেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ, পরিচালক রুবেল আজিজ, হোসেন মেহমুদ, সৈয়দা শায়রীন আজিজ, সাভেরা এইচ মাহমুদ, রেবেকা ব্রোসন্যান, স্বতন্ত্র পরিচালক মতিউল ইসলাম নওশাদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, কোম্পানি সেক্রেটারি মো. কাফি খানসহ কর্মকর্তা ও শেয়ারহোল্ডাররা।
কর পরবর্তী ১ হাজার ১৪ কোটি টাকার মুনাফার জন্য সভায় প্রশংসা করেন ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার।
তিনি বলেন, “আগের বছরের ৬৩৮ কোটি টাকা থেকে মুনাফার এই ৫৮.৯ শতাংশ প্রবৃদ্ধি সিটি ব্যাংকের শক্ত অর্থনৈতিক ভিত্তি ও সুশাসনের স্মারক। ব্যাংকের মোট চলতি ও সঞ্চয়ী আমানত বেড়ে ২০২৪-এর ডিসেম্বরে এসে দাঁড়িয়েছে মোট আমানতের ৪৫ শতাংশে, যা ৪ বছর আগেও ছিল মাত্র ৪২ শতাংশ।”
তিনি বলেন, “চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিবেশেও সিটি ব্যাংক দৃঢ়তা ও গতিশীলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। আমি আমাদের সম্মানিত শেয়ারহোল্ডার, গ্রাহক, নিয়ন্ত্রক সংস্থা ও কর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মাসরুর আরেফিন বলেন, “২০২৪ সালে আমরা টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে গুরুত্ব দিয়েছি। একাধিক ডিজিটাল ফার্স্ট উদ্যোগ চালু করেছি, রিটেইল ও এসএমই খাতের বৈচিত্র্য বাড়িয়েছি এবং সম্পদের গুণগতমান বজায় রেখেছি।
“২০২৫ সালে আমরা সম্প্রসারণ, উদ্ভাবন এবং গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধির স্পষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি।”