২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে’ বিবিএ চালু সিআইইউতে

আগামী জানুয়ারিতে শুরু হওয়া ‘স্প্রিং সেশনে’ এ কোর্সে ভর্তি হওয়া যাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2025, 12:24 AM

Updated : 26 Aug 2026, 05:13 PM

‘সাপ্লাই চেইন’ খাতে মানবসম্পদ গড়ে তুলতে বিবিএ ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কোর্স চালু করেছে বেসরকারি চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)।

রোববার বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চার বছরের কোর্সটি সিআইইউর জামাল খান ক্যাম্পাসে পরিচালিত হবে। এতে শিক্ষার্থীকে মোট ১৪০ ক্রেডিট অর্জন করতে হবে। প্রতি কোর্সে সর্বোচ্চ ৩০ জন ভর্তি হতে পারবে।

সিআইইউর ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ মনজুর কাদের বলেন, ‘‘ইতিপূর্বে মার্কিন দাতব্য প্রতিষ্ঠান ইউএসএইড এবং বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার অ্যাসোসিয়েশনের সাথে যৌথভাবে সাপ্লাই চেইন ম্যানেজম্যান্টে একটি ডিপ্লোমা কোর্স চালু করেছিল সিআইইউ। কাজ করতে গিয়ে আমরা দেখেছি, দেশের সাপ্লাই চেইন খাতে একাডেমিক জ্ঞানসম্পন্ন মানবসম্পদের প্রচুর ঘাটতি রয়েছে।’’

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামে বন্দর, গভীর সমুদ্র বন্দর, পরিকল্পনায় থাকা নতুন টার্মিনাল নির্মাণ ও শিল্পাঞ্চলে সাপ্লাই চেইন খাতে নিকট ভবিষ্যতে প্রচুর দক্ষ জনবলের প্রয়োজন হবে। এসব বিষয় বিবেচনায় রেখে স্নাতক পর্যায়ে সাপ্লাই চেইন ম্যানেজম্যান্ট কোর্সটি চালু করা হয়েছে।

আগামী জানুয়ারিতে শুরু হওয়া ‘স্প্রিং-২০২৬’ সেশন হতে কোর্সে ভর্তি হওয়া যাবে। বিস্তারিত জানতে সিআইইউর তথ্য অফিসে (মোবাইল নম্বর: ০১৯৪-৬৯৭৩৭৭৮) যোগাযোগের পরামর্শ দিয়েছে সিআইইউ।