১৯ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩

নিরাপদ ও সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার বাড়াতে মিতসুবিশি মেরিন ইঞ্জিন সেমিনার

নৌ খাতের প্রধান অংশীজনদের মধ্যে কৌশলগত অংশীদারত্ব জোরদার করাই ছিল এ সেমিনারের উদ্দেশ্য, বলেছে এসিআই মেরিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Oct 2026, 12:54 AM

Updated : 19 Oct 2026, 12:54 AM

দেশের নৌ খাতে আধুনিক, নিরাপদ ও সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার বাড়াতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘মিতসুবিশি মেরিন ইঞ্জিন সেমিনার ২০২৬’।

এসিআই লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান এসিআই মেরিন অ্যান্ড রিভারাইন টেকনোলজিস লিমিটেড এবং মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ ইঞ্জিন সিস্টেম এশিয়া (এমএইচআইইএসএ) যৌথভাবে এ সেমিনার করে।

শুক্রবার গুলশানের রেনেসাঁ হোটেলে এ সেমিনার হয় জানিয়ে এসিআই মেরিনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেমিনারে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির মতো নিয়ন্ত্রক ও পরিবহন সংস্থা, বন্দর কর্তৃপক্ষ, জাহাজ নির্মাতা, ড্রেজার ও মাছ ধরার জাহাজের মালিক, নকশা ও প্রকৌশল পরামর্শক প্রতিষ্ঠান, ক্লাসিফিকেশন সোসাইটি এবং শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জনেরও বেশি জ্যেষ্ঠ প্রতিনিধি অংশ নেন।

স্বাগত বক্তব্যের পর এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস বাংলাদেশের নৌ খাতের অগ্রগতিতে এসিআইয়ের দীর্ঘমেয়াদি অঙ্গীকার ও ভবিষ্যৎ ভাবনা তুলে ধরেন।

এসিআই মেরিনের উপদেষ্টা কমডোর রাজীব ত্রিপুরা বলেন, “দেশের সরকারি ও বেসরকারি উভয় খাতেই মিতসুবিশি মেরিন ইঞ্জিনের চাহিদা ও সম্ভাবনা বাড়ছে।”

সম্মানিত অতিথিদের পক্ষ থেকে মেরিন হাউস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শামসুল আলম এসিআই মেরিনের অর্জনের প্রশংসা করেন। দেশের বাজারে মিতসুবিশি ইঞ্জিনের মান ও সুনামের কথা তুলে ধরে তিনি ভবিষ্যতে একসঙ্গে কাজ করার আগ্রহ জানান।

সেমিনারের মূল পর্বে এমএইচআইইএসএর প্রতিনিধি প্রতিষ্ঠানটির সামগ্রিক সক্ষমতা, মিতসুবিশি মেরিন ইঞ্জিনের বিস্তৃত প্রোডাক্ট লাইনআপ, আধুনিক প্রযুক্তি, বিভিন্ন মডেলের বৈশিষ্ট্য ও কার্যক্ষমতা, দীর্ঘমেয়াদে ব্যয় সাশ্রয়ের সুবিধা (টোটাল কস্ট অব ওনারশিপ বা টিসিও) এবং প্রতিষ্ঠানটির বিস্তৃত আন্তর্জাতিক নেটওয়ার্ক তুলে ধরা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে ছিল নৈশভোজ ও নেটওয়ার্কিং সেশন। এতে অতিথিরা এসিআই মেরিন ও এমএইচআইইএসএ টিমের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

এসিআই মেরিন জানায়, নৌ খাতের প্রধান অংশীজনদের মধ্যে কৌশলগত অংশীদারত্ব জোরদার করাই ছিল এ সেমিনারের উদ্দেশ্য। প্রতিষ্ঠানটি আশা প্রকাশ করেছে, এ ধরনের সহযোগিতা পারস্পরিক প্রবৃদ্ধির পাশাপাশি দেশজুড়ে নিরাপদ, দক্ষ ও সাশ্রয়ী নৌ পরিচালনায় ভূমিকা রাখবে।