২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: শনাক্ত ৪৬, মৃত্যু একজনের

দৈনিক শনাক্তের হার কিছুটা কমে ১ শতাংশ হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2022, 05:11 PM

Updated : 06 Nov 2022, 05:10 PM

দেশে গত একদিনে আরও ৪৬ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে; মৃত্যু হয়েছে একজনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬২১ জনের নমুনা পরীক্ষা করে এই নতুন রোগীদের শনাক্ত করা হয়।

তাতে শনাক্তের হার কিছুটা কমে ১ শতাংশ হয়েছে। আগেরদিন শনাক্তের হার ছিল ১ দশমিক ৯৬ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৫ হাজার ৮২৮ জন হয়েছে। গত একদিনে আরও একজেনর মৃত্যু হওয়ায় মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪২৬ জন।

গত ২৪ ঘণ্টায় ২৩০ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮২ হাজার ৫৪২ জন।

নতুন শনাক্ত রোগীদের মধ্যে ৩৯ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। দেশের ৫৭টি জেলায় কোনো রোগী শনাক্ত হয়নি গত এক দিনে।

রংপুর, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগে গত একদিনে কেউ করোনাভাইরাস আক্রান্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত একদিনে ২৯ জেলায় কোনো নমুনাই পরীক্ষা হয়নি।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৬ লাখের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬৩ কোটি ২৫ লাখ।