২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: এক দিনে ৮৮ রোগী শনাক্ত, মৃত্যু নেই

দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ৪১ শতাংশে।

কোভিড: এক দিনে ৮৮ রোগী শনাক্ত, মৃত্যু নেই

করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিচ্ছেন এক নারী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2022, 04:56 PM

Updated : 31 Oct 2022, 06:53 PM

দেশে গত এক দিনে ৮৮ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, এই সময়ে নতুন কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৪৯ জনের নমুনা পরীক্ষা করে এই নতুন রোগীদের শনাক্ত করা হয়। তাতে শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ৪১ শতাংশ।

আগের দিন রোববার ১১৫ জন রোগী শনাক্ত হয়েছিলেন, মৃত্যু হয়েছিল চারজনের। শনাক্তের হার ২ দশমিক ৮৪ শতাংশ।

দশ সপ্তাহ পর গত শনিবার দৈনিক শনাক্ত কোভিড রোগীর সংখ্যা একশর নিচে নামে। সেদিন নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত রোগীর হারও নেমে আসে ২ শতাংশের নিচে।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৫ হাজার ২৪০ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের দিনের মতই ২৯ হাজার ৪২৩ জন।

গত ২৪ ঘণ্টায় ৩১৫ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮০ হাজার ৮২৪ জন।

নতুন শনাক্ত রোগীদের মধ্যে ৫৫ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। দেশের ৫৩টি জেলায় কোনো রোগী শনাক্ত হয়নি গত এক দিনে। খুলনা এবং সিলেট বিভাগে কোনো নতুন রোগী শনাক্ত হয়নি।

গত সপ্তাহে দেশে করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা এবং মৃত্যু দুটোই কমেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত সপ্তাহে সারাদেশে ১ হাজার ১১ জন রোগী শনাক্ত হয়েছে। এর আগের সপ্তাহে সারাদেশে আক্রান্ত হয়েছিল ১ হাজার ৬৯৮ জন। এক সপ্তাহে শনাক্ত রোগী কমেছে ৪০ দশমিক ৫ শতাংশ।

গত সপ্তাহে সারাদেশে কোভিড আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়, আগের সপ্তাহে মারা গিয়েছিল ১২ জন। এক সপ্তাহে মৃত্যু কমেছে ১৬ দশমিক ৭ শতাংশ।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৫ লাখ ৮৯ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬৩ কোটি ২ লাখ।