পুরস্কার পেল ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ৩ সিনেমা
বিশ্বের সাত বিশ্ববিদ্যালয়ের অংশ নেওয়া এ আয়োজনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ই সর্বোচ্চ পুরস্কার পেয়েছে।
ওপেন সোসাইটি ইউনিভার্সিটি নেটওয়ার্কের অনলাইন চলচ্চিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে তিনটি পুরস্কার পেয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি।
বিশ্বের সাত বিশ্ববিদ্যালয়ের অংশ নেওয়া এ আয়োজনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ই সর্বোচ্চ পুরস্কার পেয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ‘রোড সেফটি মুভমেন্ট ২০১৮: আর উই সেফ ইয়েট’র জন্য সেরা স্ক্রিপ্টের স্বীকৃতি পেয়েছেন প্রদিপ্ত হাসিন, অনিন্দিতা হোসেন রাইন, ইমরানুল আহসান মুনিম ও ইমতিয়াজ সরকার শিহাব।
‘ফুড ওয়েস্ট ইন বাংলাদেশ’ চলচ্চিত্রে পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য পুরস্কার জিতেছেন সাকিব সাদি, সাকলায়েন নিজাম ঠাকুর, মুহতাসিম বিল্লাহ নাহিন ও তানজিলা পারভীন। ফেডিং টাইডস, রেইজিং হোপ: দ্য ফাইট টু সেভ ঢাকাস ডাইং ওয়াটারবডিস নির্মাণ করে সিভিক এনগেজমেন্টের ক্ষেত্রে অবদান রাখায় তাহজিদ আহসান,নাজমুল হাসান, ফাতিন নুর ইশরাক ও ওমর ইবতেশাম নিবিরকে পুরস্কৃত করা হয়।
প্রদর্শনীতে মোট ২৫টি চলচ্চিত্র প্রদর্শিত হয়, যেসব চলচ্চিত্র ফল ২০২৩ সেমিস্টারের ‘ভিজুয়াল স্টোরি টেলিং ফর স্টুডেন্ট এনগেজমেন্ট’ শীর্ষক কোর্সের অংশ।
ওপেন সোসাইটি ইউনিভার্সিটি নেটওর্য়াক এর সদস্যভুক্ত সাতটি বিশ্ববিদ্যালয়ে কোলাবোরেটিভ এ কোর্সটি অফার করা হয়ে থাকে। এ সাতটি বিশ্ববিদ্যালয় হল- যুক্তরাষ্ট্রের বার্ড কলেজ, লিথুনিয়ার ইউরোপিয়ান হিউম্যানিটিজ ইউনিভার্সিটি, কেনিয়ার কাকুমা রিফিউজি ক্যাম্পের এইচইউবিএস, কিরগিজস্তানের দ্য আমেরিকান ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল এশিয়া, নিউইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটির দ্য স্কুল অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স এবং কলম্বিয়ার দ্য ইউনিভার্সিটি অফ দ্য আন্দেজ।
