পাহাড়ে বর্ষবরণ উৎসবে ঢাবির পরীক্ষা বন্ধের দাবি
উপাচার্য আখতারুজ্জামান বলেন, “স্মারকলিপি পাওয়ার পর পরীক্ষা নিয়ন্ত্রক সাহেবকে অনুরোধ করেছি, যতটুকু অ্যাকোমোডেট করা যায়…।”
পার্বত্য চট্টগ্রামে বর্ষবরণে বিভিন্ন জাতিগোষ্ঠীর উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বন্ধ এবং ক্লাস শিথিল রাখার দাবিতে স্মাকরলিপি দেওয়ার পর উপাচার্য আখতারুজ্জামান এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন।
উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরীকে ডেকে এনে এ বিষয়ে ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন।
আখতারুজ্জামান বলেছেন, একটি অন্তর্ভুক্তিমূলক বহুমাত্রিক সমাজ গঠনে যতটা সম্ভব করার পক্ষে তিনি। বাহালুল হক চৌধুরী বলেছেন, দাবিগুলো বিবেচনা করা হবে।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ‘জুম্ম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ’ এর সভাপতি ঐতিহ্য চাকমার নেতৃত্বে শিক্ষার্থীরা উপাচার্য কার্যালয়ে গিয়ে এ দাবি তুলে ধরেন।
স্মারকলিপিতে যা আছে
উপাচার্যকে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশে ৫০টির বেশি জনগোষ্ঠী বসবাস করে থাকে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এই সংখ্যাটি ১৪। এদের সবার নিজস্ব ভাষা, সংস্কৃতি ও স্বতন্ত্র জীবনব্যবস্থা রয়েছে।
বছরকে বিদায় জানানোর চৈত্র সংক্রান্তি এবং নতুন বছরকে স্বাগত জানানোর উৎসব একেক জনগোষ্ঠীর কাছে একেক নামে পরিচিত, উদযাপনের ধরণও আলাদা।
চাকমারা বিজু, মারমারা সাংগ্রাই, ত্রিপুরারা বৈসু, তঞ্চঙ্গ্যারা বিষু, অহমিয়ারা বিহু এবং ম্রোরা চাংক্রান নামে উৎসবের আয়োজন করে।
স্মারকলিপিতে বলা হয়, এই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস চালু থাকে। স্বাস্থ্য অর্থনীতি ইন্সটিটিউট, সমাজবিজ্ঞান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, গ্রাফিক ডিজাইন, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, ইংরেজি ও ফলিত গণিতে পরীক্ষাও থাকে। ফলে পার্বত্য চট্টগ্রাম থেকে আসা শিক্ষার্থীরা তাদের নিজস্ব সাংস্কৃতিক উদযাপন থেকে বঞ্চিত হচ্ছেন।
এতে বলা হয়, “নির্বিঘ্নে উৎসব পালনের তাগিদে ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ তার প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট আদিবাসীদের প্রধান উৎসবের দিনগুলিতে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির দাবি জানিয়ে আসছে। কিন্তু উৎসবের সময়ে বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা শিথিল রাখার আশ্বাস দিলেও সেটির বাস্তব প্রতিফলন আমরা দেখতে পাইনি, বরং হতাশ হয়েছি।”
ক্ষুদ্র নৃগোষ্ঠীর এতিহ্যকে ‘সম্মান’ করতে চান উপাচার্য
পাহাড়ি নৃ গোষ্ঠীর শিক্ষার্থীদের এই দাবির বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অন্তর্ভুক্তিমূলক সমাজের জন্য বিভিন্ন জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সামাজিক সাংস্কৃতিক এতিহ্যকে সম্মান করতে হয়। সেজন্য আমি স্মারকলিপি পাওয়ার পর পরীক্ষা নিয়ন্ত্রক সাহেবকে অনুরোধ করেছি, যতটুকু অ্যাকোমোডেট করা যায়…।
“এ রকম গুরুত্বপূর্ণ দিনগুলোতে অন্তত কেন্দ্রীয় পরীক্ষাগুলো যাতে না রাখা হয়। যাতে একটি অন্তর্ভুক্তিমূলক বহুমাত্রিক সমাজ হিসেবে আমাদের ঐতিহ্য ধরে রাখতে পারি।”
পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী কী ভাবছেন, জানতে চাইলে তিনি কেবল বলেন, “আমরা বিবেচনা করে দেখব।”
