২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ তলা থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু, ঘরে চিরকুট

২২ বছর বয়সী কাজী ফিরোজ বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষেরর ছাত্র ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2024, 05:44 PM

Updated : 23 Jan 2024, 05:44 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের একটি ভবনের ষষ্ঠ তলা থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

তার কক্ষে একটি চিরকুট পাওয়ায় এ ঘটনাকে ‘আত্মহত্যা’ বলে মনে করছে কর্তৃপক্ষ।

২২ বছর বয়সী কাজী ফিরোজ বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষেরর ছাত্র ছিলেন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের এই আবাসিক শিক্ষার্থীর গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলায়।

মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে ফিরোজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।

ফিরোজকে যারা হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, তাদের একজন বিজয় একাত্তর হলের শিক্ষার্থী মুহিব। তিনি জানান, তারা হঠাৎ একটি শব্দ পান। পরে বাইরে গিয়ে ফিরোজকে নিচে পড়ে থাকতে দেখে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

পকেটের আইডি কার্ড দেখে ফিরোজের পরিচয় জানতে পারেন মুহিবরা। তবে ফিরোজ কেন বিজয় একাত্তর হলে এসেছিলেন, তা জানতে পারেননি।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ বিল্লাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখন পর্যন্ত যতটুকু এভিডেন্স আমাদের কাছে আছে, এটা একটা সুইসাইড কেইস। তার সুইসাইড নোটও পাওয়া গেছে। সে যখন রুম থেকে বের হয়েছে, তার মোবাইল, মানিব্যাগ, সুইসাইড নোট রুমে রেখে গেছে।"

ময়নাতদন্ত শেষে ফিরোজের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন অধ্যাপক বিল্লাল। 

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)