হল প্রাধ্যক্ষের বিরুদ্ধে ঢাবি শিক্ষার্থীকে ‘হয়রানির’ অভিযোগ
পুলিশ জানায়, ঢাবি শিক্ষার্থী মারুফকে থানায় দিয়ে অভিযোগ করা হয়, “তিনি একটি মেসেঞ্জার গ্রুপে রাষ্ট্রবিরোধী চ্যাট করেছেন।”
মেসেঞ্জার গ্রুপের একটি মন্তব্যকে ‘রাষ্ট্রবিরোধী’ আখ্যায়িত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পুলিশে দেওয়ার ঘটনায় জিয়াউর রহমান হল প্রাধ্যক্ষের বিরুদ্ধে হয়রানির অভিযোগ উঠেছে।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেফতাহুল মারুফকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে প্রক্টরিয়াল টিমের মাধ্যমে শাহবাগ থানায় হস্তান্তর করেন প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ বিল্লাল হোসেন।
তবে অভিযোগের প্রমাণ না পাওয়ায় শুক্রবার বেলা ১২টার দিকে ওই শিক্ষার্থীর মুচলেকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ।
মারুফ তাদের ব্যাচের ‘চৌদ্দশিখা’ মেসেঞ্জার গ্রুপে লেখেন- “সিরিজ বোমা হামলা চালাইছে জামায়াতুল মুজাহিদিন নামে একটা জঙ্গি সংগঠন বাংলা ভাইয়ের নেতৃত্বে। সেই সময় ক্ষমতায় ছিল বিএনপি জামায়াত। এই ক্ষমতায় থাকার জন্য যদি দায়ী তারা হয়, তাহলে ২০০৮-বর্তমানে গুলশানসহ সকল জঙ্গি হামলার জন্য দায়ী আওয়ামী লীগ।”
এবিষয়ে শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন মারুফকে থানায় সোপার্দ করে মৌখিকভাবে তাদের কাছে এ বিষয়ে অভিযোগ করে।
“অভিযোগে বলা হয়, ১৭ অগাস্ট সে তাদের ডিপার্টমেন্টের একটি মেসেঞ্জার গ্রুপে রাষ্ট্রবিরোধী চ্যাট করেছেন এবং তার ফেইসবুকে জামায়াত-শিবিরের দুটি পেইজে লাইক পাওয়া গেছে।”
সে কোনো অশুভ কর্মকাণ্ডে জড়িত আছে কি না, বিষয়টি যাচাই করতে বলা হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে।
ওসি বলেন, “আমরা যাচাই-বাছাই করে দেখেছি, এটা একটা ক্লোজড গ্রুপে তার ব্যক্তিগত মতামত ছিল। যে দুটি গ্রুপে লাইক দেওয়ার কথা বলা হয়েছে, সেখানে আমরা তার কোনো কমেন্টস-রিঅ্যাকশন বা কর্মকাণ্ড পাইনি।
“তবে শিক্ষার্থী দাবি করেছে, সে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হওয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ড দেখার জন্য লাইক দিয়েছে। আমরা তার পারিবারিক বিষয়ও যাচাই করেছি।
“সব মিলিয়ে এমন কোনো কিছু পাওয়া যায়নি, যা দ্বারা তার বিরুদ্ধে ফৌজদারি মামলা বা তাকে আদালতে চালান করা যায়। তাই তার মুচলেকা নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”
থানা থেকে ছাড়া পেয়ে সাংবাদিকদের কাছে মারুফ অভিযোগ করেন, ব্যক্তিগত প্রতিহিংসার কারণে এক সহপাঠী তাদের ব্যাচের মেসেঞ্জার গ্রুপের স্ক্রিনশট নিয়ে হল ছাত্রলীগ সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন শান্তকে দেখায়।
পরে শান্ত তার মোবাইল কেড়ে নেয় এবং ছাত্রলীগের কর্মীদের দিয়ে তাকে হল প্রাধ্যক্ষের কার্যালয়ে নিয়ে আসে। ছাত্রলীগের চাপে হল প্রাধ্যক্ষ তাকে থানায় দিয়েছে।
মারুফ বলেন, “হলের প্রাধ্যক্ষ আমাদের অভিভাবক। তিনি চাইলে বিষয়টি খতিয়ে দেখে সমাধান করতে পারতেন। কিন্তু ছাত্রলীগের কথায় তিনি সামান্য একটা বিষয় নিয়ে আমাকে পুলিশে দিয়ে হয়রানি করেছেন।
“আমার ক্যারিয়ারে একটা কালিমা লেপন করার চেষ্টা করেছেন। হল প্রাধ্যক্ষকের কাছে আমি এটা কখনো আশা করিনি।”
এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ বিল্লাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেসেঞ্জার গ্রুপে সে যা লিখেছে, আমাদের কাছে তা রাষ্ট্রবিরোধী মনে হয়েছে। তাছাড়া জঙ্গি সংগঠনের দুটি পেইজে সে লাইক দিয়েছে।
“আমাদের পক্ষ যতটুকু সম্ভব আমরা যাচাই করেছি। বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় তাকে পুলিশে দেওয়া হয়েছে, যাতে অধিকতর তদন্ত করে সত্যটা উদঘাটন করা যায়।”
প্রতিবাদ কর্মসূচিতে ছাত্রলীগের ‘হামলা’
মারুফকে ছাড়িয়ে আনতে শুক্রবার সকাল থেকেই শাহবাগ থানার সামনে অবস্থা নেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক ও বর্তমান একদল শিক্ষার্থীসহ ছাত্র অধিকার পরিষদের ‘স্টুডেন্ট এগেইনস্ট টর্চার (স্যাট)’ প্ল্যাটফর্মের নেতা-কর্মীরা।
পরে থানা থেকে মারুফকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলামের জিম্মায় দেওয়া হলে তাকে নিয়ে ‘শিক্ষার্থী হয়রানি’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল করতে চান ‘স্যাট’ এর নেতা-কর্মীরা।
এসময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কয়েকজন শিক্ষার্থীসহ শিক্ষক আইনুল ইসলাম তাদের বিক্ষোভ মিছিল করতে নিষেধ করলে এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়।
পরে ‘স্যাট’ এর নেতা-কর্মীরা ‘জোর করে’ মিছিল নিয়ে বের হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের বিপরীত পাশে কবি জসীমউদদীন হল শাখা ছাত্রলীগের সভাপতি ওয়ালিউল সুমনের একদল সমর্থক তাদের ওপর হামলা চালায়।
হামলায় এক পর্যায়ে ‘স্যাট’ প্রতিষ্ঠাতা সালেহ উদ্দিন সিফাত ও সহ-প্রতিষ্ঠাতা আহনাফ সাইদ খান গুরুতর আহত হন। পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়৷
হামলার বিষয়ে ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আখতার হোসেন বলেন, “ছাত্রলীগের কথায় নিরপরাধ শিক্ষার্থীকে থানায় দিয়েছে হল প্রশাসন। আমরা এটার প্রতিবাদ করায় ছাত্রলীগ আমাদের ওপর হামলা করেছে।
“মূলত ছাত্রলীগ নিরপরাধ শিক্ষার্থীকে ব্লেইম দিয়ে ফাঁসাতে গিয়ে হেরে যাওয়ায় আমাদের উপর হামলা করেছে। হামলা করে অন্যায়কে ঢেকে রাখা যাবে না।”
শিক্ষার্থীকে ‘পুলিশে দিয়ে হয়রানি’ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে শুক্রবার বিকালে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে জানান আখতার হোসেন।
হামলার অভিযোগের বিষয়ে কবি জসীমউদদীন হল ছাত্রলীগের সভাপতি ওয়ালিউল সুমনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
